রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে শুটিং ইউনিট

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পরেছেন ‘নয়া মানুষ’ সিনেমার নির্মাতা ও শিল্পীরা। গতকাল সোমবার চলমান প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে বন্ধ হয়ে যায় এর দৃশ্যধারণের কাজ।

সিত্রাংয়ের কারণে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে হয়েছে ‘নয়া মানুষ’ সিনেমার নির্মাতা সোহেল রানা বয়াতি, অভিনয় শিল্পী মেহেরান সানজানা, শিখা কর্মকার, নজরুল শেখ, শাকিলসহ অনেকেই।

নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ভেঙে গেছে শুটিং সেট। আর গতকাল সোমবার টিমের প্রায় ৩৫ জন স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছে, বাকি কলাকুশলীরা চাঁদপুর শহর ও ঢাকায় ফিরে গেছে।

নির্মাতা ভাষ্য, ‘আমরা চাঁদপুর মেঘনার বাঁকে দুর্গম এক চরে শুটিং করছি। গত ২৩ তারিখ পর্যন্ত সব কিছু স্বাভাবিকই ছিল। আর সিত্রাং সম্পর্কে আমরা অবগত ছিলাম, তাই সিনেমার জন্য নির্মিত সেট আমরা নিরাপদ স্থানে সড়িয়ে নিয়েছি আগেই। কিন্তু তারপরও ঘূর্ণিঝড় আমাদের শুটিংয়ের ঘরটা ভেঙে ফেলেছে। আর সেখানে আমরা শুটিং করছি সেখানে প্রায় ১০ ফুট পানি উঠে যায়। সিত্রাংয়ের তাণ্ডবের কারণে আমরা সবাই নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছি।’

তিনি জানান, আজ থেকে শুটিং সেট নির্মাণের কাজ চলছে। শিল্পীসহ পুরো টিম কাজ করছে। সেট নির্মাণ শেষ হলেই তারা শুটিং শুরু করবেন। ‘নয়া মানুষ’র চিত্রগ্রহণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ডিওপি কমল চন্দ্র দাস। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান ও মৌসুমি হামিদ।

 

গল্পের বিষয়ে সোহেল রানা বয়াতি বলেন, ‘নদীর এক কূল ভেঙে অন্য কূল গড়ে, তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কেমন সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই গল্প। এটার মধ্যে প্রেম, প্রকৃতি, ভালোবাসার ও জীবনদর্শনের গল্পও দেখবেন দর্শক।’

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আশিষ খন্দকার, বদরুদ্দোজা, স্মরণ সাহা,আ.মা.ম হাসানুজ্জামান, ইমতিয়াজ পাভেল নীল, নিলুফার ওয়াহিদ পাপড়ি, মেহেরান সানজানা,পারভিন পারু,মাহিন রহমান, মোঃ নজরুল ইসলাম, শাহনাজ আঁখি, মারিয়াম মেঘনা, শিখা কর্মকার, শাকিল আহমেদ, শাহাদাত সাব্বির, নাজমুল, এ্যাঞ্জেলা, শিশু শিল্পী ঊষশীসহ চরের ২০০ গ্রামবাসী। টানা শুটিং শেষ করে এ মাসের শেষে ঢাকায় ফিরবেন পুরো ইউনিট।