আসল লড়াইয়ের আগে আফগান চ্যালেঞ্জ
ক্রীড়া প্রতিবেদক : ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের চারটি ম্যাচেই হেরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে পা রেখেছে বাংলাদেশ। যদিও অধিনায়কদের সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন ‘প্রস্তুতি ভালো হয়েছে।’ ওদিকে প্রথম ম্যাচেই নামিবিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে উলটে দিয়েছে বাংলাদেশের গ্রুপের হিসাব। সুপার টুয়েলভে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে গ্রুপ এ’র রানারআপ নামিবিয়াকে ধরে নিয়েছিলেন অনেকেই, এখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গেই প্রথম ম্যাচে দেখা হয়ে যেতে পারে হোবার্টে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব হয়ে যেতে পারে আরেকটি ‘এশিয়া কাপ’ কারণ ভারত, পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী হয়ে যেতে পারে শ্রীলঙ্কাও। বাকি আছে কেবল আফগানিস্তান, মূল পর্বে মাঠে নামার আগে সেই আফগানদের সঙ্গেই আজ প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ, কারণ পরের প্রস্তুতি ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
মাসদেড়েক আগেই এশিয়া কাপে আফগানদের সঙ্গে সবশেষ দেখার স্মৃতিটা অবশ্য সুখকর নয় বাংলাদেশের। আগে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১২৭ করার পর আফগানরা ম্যাচটা জিতে নেয় ৭ উইকেট আর ৯ বল হাতে রেখেই। তাদের বিপক্ষে ফের মাঠে নামাটা কাজে দেবে যদি মূল পর্বে প্রথমেই খেলতে হয় শ্রীলঙ্কার বিপক্ষে, কারণ দুই দলেরই প্রধান শক্তি স্পিন।
ত্রিদেশীয় সিরিজ শেষে দলে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ, সাব্বির রহমান আর সাইফউদ্দিনের বদলে শরিফুল ইসলাম আর সৌম্য সরকার স্কোয়াডে। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা খেলার পর খেলেছেন মাত্র দুটো ম্যাচ, ত্রিদেশীয় সিরিজে। তাতে যথাক্রমে ২৩ আর ৪ রান করে ইমপ্যাক্ট এবং ইন্টেন্টের গোঁজামিলে তিনি ঢুকে গেছেন। কাল দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম নেটে বেশ অনেকক্ষণ পরখ করেছেন সৌম্য’র ব্যাটিং। বিভিন্ন পরিস্থিতির চাহিদা তুলে ধরে সেই অনুযায়ী ব্যাট করতে বলেছেন এই বামহাতিকে। ঐচ্ছিক অনুশীলন থাকায় আসেননি সাকিব আল হাসান ও লিটন দাস। কাল বোলারদের লম্বা সময় ব্যাটিং অনুশীলন করিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, যদি শেষবেলায় কিছু রান বাড়ে হয়তো সেই আসায়। তবে টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের কাছ থেকে রান আশা করা আর কাঁঠালগাছে আম আশা করা অনেকটা একই। কারণ বেশিরভাগ দলের পরিকল্পনা থাকে ১২০ বলের খেলায় দলের সেরা ব্যাটসম্যানকে কতটা বেশি বল খেলতে দেওয়া যায় সেখানে বোলারদের কাছ থেকে রান পাওয়ার ভাবনাটাই হাস্যকর।
জোড়াতালির উদ্বোধনী জুটির স্বপ্ন ভেঙেছে সাব্বির রহমানের বিদায়ে। সৌম্য’র গায়ে তবু ওপেনার তকমাটা আছে। যদিও ওয়ানডেতে একবার তাকে ফিনিশার রোলে সাতে খেলানোর দিবাস্বপ্ন দেখেছিলেন অধিনায়ক ও কোচ, তারপর সেই পরীক্ষা নিরীক্ষা ব্যর্থ হয়েছে। কাল শ্রীরাম যেভাবে সৌম্য’র কাছ থেকে ৩ বলে ৮ রানের সমীকরণ মেলাতে চাইলেন, তাতে ভয়টা থেকেই যাচ্ছে। বাংলাদেশের কোনো ওপেনার ১৯তম ওভারের ৩ নম্বর বল পর্যন্ত টিকে গেছেন, এমন দৃশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত দেখা যায়নি। সাব্বির নেই মানে ওপেনিং থেকে মেহেদি হাসান মিরাজকেও নামিয়ে দেওয়া হচ্ছে, অন্তত ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে সেই ছবিই দেখা গেছে। তাহলে লিটন-সৌম্য জুটিই খুব সম্ভবত দেখা যাবে বিশ্বকাপে, নাজমুল হাসান শান্ত থাকবেন ব্যাক-আপ। সিডন্সের কথায় তেমনটাই আভাস, ‘আমাদের চূড়ান্ত ব্যাটিং অর্ডারের কাছাকাছি কিছু দেখা যাবে এই দুইটা ম্যাচে (অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ)। আমরা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ জিতিনি, চেষ্টা চলছে সেরা সমন্বয় ও সেরা ব্যাটিং অর্ডার বাছাই করার, আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি।’ এই অস্ট্রেলিয়ান যোগ করেন, ‘আমরা ঠিক পথেই এগোচ্ছি, এখন প্রয়োজন কোনো একজনের নিজেকে মেলে ধরার আর বড় স্কোর করে দলের রানটা বাড়ানোর।’
আফগানদের বিপক্ষে বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। প্রথাগত মোহাম্মদ নবী-রশিদ খান-মুজিব উর রহমানদের বিপক্ষে রান করার সংগ্রাম তো সাদা চোখেই দেখা যায়, ফজল হক ফারুকি আর নাভিন উল হকের পেস আক্রমণের ধারটাও কম নয়। তাদের বিপক্ষে প্রস্তুতি পর্বে নাজেহাল হলে আত্মবিশ্বাস নড়ে যাওয়ার আশঙ্কাও থাকছে ব্রিসবেনে।










