মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকিতে শতকোটি টাকার সেতু

news-image

৬ কোটি টাকার স্টেডিয়াম নির্মাণের জন্য বালু উত্তোলন
জামালপুরের ইসলামপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি মিনি স্টেডিয়াম। এটি নির্মাণের জন্য ব্রহ্মপুত্র নদ থেকে একাধিক অবৈধ ড্রেজার দিয়ে এক মাস ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে একশ ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু।

জানা যায়, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়াতে ইসলামপুরের দক্ষিণ শুভাকুড়া গ্রামে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে তিন একর জমির ওপর এ স্টেডিয়াম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। মিনি স্টেডিয়ামটি নির্মাণের জন্য ব্রহ্মপুত্র নদে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে এক মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। শুভাকুড়া গ্রামের বাসিন্দা

আজাহার আলী বলেন, ‘এক মাস ধরে নদী থাইকে ড্রেজারে কাইটে স্টেডিয়াম মাঠের মাটি কাটা হয়তাছে। তবে মাটি কাটা শেষ হইলে আমাদের এলাকা উন্নত হইব, পুলাপান খেলাধুলা করতে পারব।’

এদিকে মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে রয়েছে ৫৬০ মিটার দৈর্ঘ্যরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতু। ২০১৮ সালে ইসলামপুরের সঙ্গে বকশিগঞ্জ উপজেলা ও শেরপুর জেলাকে সরাসরি সংযুক্ত করতে ১৩৩ কোটি টাকা ব্যয়ে সেতটিু নির্মাণকাজ সম্পন্ন করে এলজিইডি। এ সেতুর ৩০ মিটারের মধ্যে একাধিক অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে এক মাস ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ধসে পড়েছে সেতুর পূর্ব পাশের অ্যাপার্টমেন্টের সিসি ব্লক। বালু উত্তোলন দ্রুত বন্ধ না হলে ঝুঁকির মধ্যে পড়বে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। অন্যদিকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপের কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল।

ব্রিজ এলাকার বাসিন্দা মো. শাকিল বলেন, ‘নদীর অবস্থা খুব খারাপ। শুধু ড্রেজারের কারণে ভয়াবহ ভাঙন শুরু হইছে। কোন সময় জানি এই শতকোটি টাকার ব্রিজ ভাইঙ্গে পইরে যাবো গা। এইগুলা তো ঠিক না। সরকারের পরিকল্পনা নেওয়া উচিত।’

ব্রিজ দিয়ে নিয়মিত চলাচলকারী হৃদয় নামে এক ইজিবাইকচালক বলেন, ‘এই ব্রিজ দিয়ে শেরপুর-বকশিগঞ্জের লোকও আসা-যাওয়া করে। নিয়মিত লাখ লাখ মানুষ যাতায়াত করে। এই ব্রিজটার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক কষ্ট হবে। এর জন্য আমাদের বালু তোলা বন্ধ করা দরকার।’

ব্রিজ এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘আমার বাড়িঘরের অবস্থা খুব খারাপ। কাছারের উপরে এখন ভাঙতাছে। বালু তোলা বন্ধের জন্য আমরা সুপারিশি করছি। তারা সুপারিশ মানে না। ড্রেজার দিয়ে বালু কাটতাছে। তারা বলে স্টেডিয়াম করব।’

সেখানকার আরেক বাসিন্দা মহর আলী বলেন, ‘একটা সেতুর ৩০০ মিটারের মধ্যে বালু উত্তোলন করা নিষেধ থাকলেও মাটি কাটতাছে একদম ব্রিজের ৩০ মিটারের মধ্যে। একদিকে ব্রিজের ক্ষতি হইতাছে। আরেকদিকে এ জায়গা যতো গভীর হইতাছে আমাদের জায়গা-সম্পত্তির ততো ক্ষতি হইতাছে। বাড়িঘর নিয়েও হুমকির মধ্যে আছি আমরা। আমি এর জন্য ড্রেজারে মাটি কাটবার দিমু না বইলে নিষেধ করছিলাম। মাটি কাটবার নিষেধ করার পর তখন আঙ্গরে হুমকি দিছে। বলে যে, পুলিশ আসবো। আইসে তগরে বাইরেবো, বাইরেয়ে ধইরে নিয়ে যাবো গা। হুমকির কারণে তার পর আর কোনো প্রতিবাদ করি নাই।’

তবে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বা এর প্রতিনিধির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সেতুটি টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, নদীটি ভাঙতে ভাঙতে আমাদের অ্যাপার্টমেন্টের কাছে আসে। আমাদের অ্যাপার্টমেন্টসহ প্রটেকশন ব্লক ক্ষতিগ্রস্ত হয়। আমরা আমাদের এলজিইডির পক্ষ থেকে এ ব্রিজটি টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এদিকে এলজিইডি চাইলে পানির নিচের ক্ষতির পরিমাপ করে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত পাউবো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, এখানে পানির নিচে কতটুকু ক্ষতি হলো, কতটুকু ভাঙন আছে? রিভার বেডে কতটুক স্কাউরিং আটে? এটা পেথিমেটিক সার্ভে করলে বোঝা যাবে এবং সেই অনুযায়ী এখানে মেরামতের ডিজাইন করতে হবে।

মোহাম্মদ আবু সাঈদ আরও বলেন, ‘এলজিইডি অনেক বড় একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তার পরও যদি তারা চায়, যদি প্রয়োজন মনে করে এক্ষেত্রে পাউবো কারিগরি সহযোগিতা করতে রাজি।’

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, জেলার যে কোনো জায়গায় যারা বালু উত্তোলন করবে তাদের তালিকা তৈরি করে আমরা নিয়মিত মামলা করার জন্য তহসিলদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত আছে। ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু