সীমান্তে সেনা মোতায়েন নিয়ে ভাবছে না সরকার
নিজস্ব প্রতিবেদক : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের কথা এখনই ভাবছে না সরকার। আপাতত সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডকে সজাগ থাকতে বলা হয়েছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব এবং দেশের এজেন্সিগুলোকে নিয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে প্রতিবাদলিপি দিয়েছি। বলেছি, মিয়ানমারের গোলা যেন আমাদের ভূখণ্ডে না আসে। আমরা ধৈর্যের সঙ্গে অনেক দিন ধরে এসব সহ্য করে যাচ্ছি। আমরা তাদের বলেছি, আপনারা আপনাদের সমস্যার সমাধান করুন। যাতে আমাদের এখানে কোনো রক্তারক্তি না হয়, কোনো প্রাণ না যায়।’
তিনি বলেন, ‘আমরা সবাইকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের মিটিং করেছি। বাংলাদেশের যত এজেন্সি আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। বিজিবি ও কোস্টগার্ডকে বলে দিয়েছি, বর্ডারে সজাগ থাকতে। রি-এনফোর্সমেন্ট যেখানে যতটুকু লাগে, করবে। সাগর বা অন্য জায়গা দিয়ে কোনো রোহিঙ্গা যাতে দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেছি। তবে আমাদের দেশের কিছু লোক আছে, তারা আগের বার জড়িত ছিল, সেটা যেন এবার না হয়। এবার আমাদের যত এজেন্সি আছে সবাইকে রিকোয়েস্ট করেছি।’
সাংবাদিকদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘আপনারা হয়তো বলবেন, আপনারা বারবার প্রতিবাদলিপি দেন, কিন্তু কিছু হয় না; এটাতে আমাদের করার কিছু নেই। কারণ আমরা দায়িত্বশীল শান্তিকামী একটি রাষ্ট্র। সে হিসেবে প্রতিবেশীকে যা করা যায়, নিয়ম মাফিক তা আমরা করছি। আমাদের কথাবার্তায় কোনো রকম দুর্বলতা নেই। অনেকে বলছেন ‘নতজানু’, সেরকম কিছু নেই। আমরা শক্ত অবস্থানে থেকেই তাদের বলেছি।’
এ সময় সীমান্তের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সেখানে সেনা মোতায়েনের কথা ভাবছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে সরকার ভাবছে না।’
মিয়ানমারের রাষ্ট্রদূতের জবাব কী ছিল- এমন প্রশ্নে তিনি বলেন, ‘রাষ্ট্রদূত বলেছেন, তথ্যগুলো তিনি নেপিদোতে তাদের কর্তৃপক্ষকে জানাবেন। তারা যেন এর ওপর কার্যকরী ব্যবস্থা নিতে পারে। তবে মর্টার শেল ও গোলাগুলি নিয়ে তার একটি বক্তব্য আছে। তার মতে, এগুলো হয়তো আরাকান আর্মির গোলাগুলিতে হতে পারে।’
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে, আপনাদের দেশের ভেতর থেকে যা কিছুই আসুক না কেন, সেটা আপনাদের দায়িত্ব। সেটা আপনারা দেখবেন। আমাদের এখানে যাতে কিছু না আসে, সেটা আপনারা নিশ্চিত করবেন।’
তিনি আরও বলেন, ‘চারবার তাদের কাছ থেকে উত্তর এসেছে। তারা গতানুগতিক উত্তর দিয়েছে। এটা আমাদের এখান থেকে হয়নি, আরাকান আর্মি করছে। আমরা পাঁচ বছর ধরে জাতিসংঘসহ এমন কোনো জায়গা নেই, এমন কোনো বড় কোনো দেশ নেই- যাদের কাছে ধরনা দিইনি। কাজেই দ্বিপাক্ষিক ইস্যু সমাধানে সময় লাগবে। আমরা যদি নিজেরা শক্ত থাকি, সমাধান আসবে।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গত শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে গোলাগুলি শুরু হয়। রাত ৮টার দিকে একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে। এতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগেও কয়েক দফায় মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলা এসে পড়ে বাংলাদেশের ভেতর। তখনও মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়। যদিও বিশেষজ্ঞরা সমালোচনা করে বলছেন, এমন মৌখিক প্রতিবাদ কার্যকর কিছু নয়।











