শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে ডুবে গেছে খুলনা মহানগরী

news-image

নিজস্ব প্রতিবেদক, খুলনা : প্রবল বৃষ্টির পানিতে ডুবে গেছে খুলনা মহানগরীর রাস্তাঘাটসহ অধিকাংশ বাড়ির নিচতলা। ঘরের ভেতরে প্রবেশ করেছে নোংরা পানি। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

নগরবাসীর অভিযোগ, বৃষ্টির পানি নদীতে নামার খালগুলো দখল করে ভরাট করাসহ ধীর গতিতে ড্রেন নির্মাণ এ জলাবদ্ধতার অন্যতম কারণ।

অবিলম্বে এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা) খুলনায় রেকর্ড ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার।

নগরবাসীর সাথে কথা বলে জানা গেছে, খুলনা মহানগরীর নিরালা, মুজগুন্নী, বয়রা ও প্রান্তিকাসহ অধিকাংশ আবাসিকের বাসা-বাড়িতে বৃষ্টির পানি প্রবেশ করেছে। নিচতলা নিমজ্জিত। সব রাস্তায় পানি জমে আছে। পানি ঢুকেছে ব্যবসা-প্রতিষ্ঠানেও।

দীর্ঘদিন ধরে ড্রেন নির্মাণের কাজ চলছে অনেক স্থানে। কাজ করার জন্য মাটি ও বালুর বস্তা দিয়ে বেশির ভাগ ড্রেন আটকিয়ে দেওয়ার কারণে অবস্থা আরও বিপজ্জনক হয়েছে।

এ ছাড়া নগরীর পানি নদীতে নেমে যাওয়ার অধিকাংশ খাল দখল করে বালি ভরাট করাও নগরী তলিয়ে যাওয়ার অন্যতম কারণ বলে জানা গেছে। অজ্ঞাত কারণে এসব চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তাদের দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফলে লাখ লাখ নগরবাসী আজ দুর্ভোগের মুখে।

কোনটি রাস্তা আর কোনটি জলাশয় চেনার উপায় নেই। অধিকাংশ রাস্তা পানির নিচে। ফলে চলতে পারছে না রিকশা -ইজিবাইকও। চরম ভোগান্তিতে পড়েছে এসএসসি ও সমমানের পরিক্ষার্থীরা। যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে।

নগরীর বাস্তুহারার বাসিন্দা রিকশাচালক মো. শাহাবুদ্দীন বলেন, ‘বৃষ্টির পানিতে তাদের বাসা তলিয়ে গেছে। এতে তাদের বাসার জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে গেছে।’

নহরীর মুজগুন্নী এলাকার বাসিন্দা সাইদা ইসলাম বলেন, ‘আমাদের এলাকার অধিকাংশ সড়কে মাঝাপানি। সকাল থেকে বাইরে বের হওয়া যাচ্ছে না। বছরের পর বছর ধরে ড্রেনের কাজ করার নামে তামাশা করছে। কেসিসি কতৃপক্ষের উদাসীনতার কারণে এই ভোগান্তি।’

খুলনা সিটি করপোরেশনের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুল আজিজ বলেন, বৃষ্টির পানিতে খুলনা মহানগরীর অধিকাংশ রাস্তা পানিতে নিমজ্জিত হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের সর্বাত্মক চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন