নিজের দলের ৯৯.৯ শতাংশ নেতাকর্মীকে সৎ বললেন মমতা
অনলাইন ডেস্ক : নিজের দলের ৯৯.৯ শতাংশ নেতাকর্মীকে সৎ বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন মমতা। সম্মেলনে মমতার সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘তৃণমূলের ৯৯.৯ শতাংশ মানুষ সৎ। তারা সমাজসেবা করতে চান। কারও কারও জন্য গোটা দলকে চোর বলে আক্রমণ করা হচ্ছে, এটা ঠিক নয়। দুই-একজনের জন্য সবাইকে “চোর” বলা ঠিক নয়।’
পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে তৃণমূলকে ‘চোরের দল’ হিসেবে আখ্যা দেয় বিরোধী দলের নেতাকর্মীরা। তাদের জবাবেই মমতা আজ এমন মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমার ৫০ লাখ অনুরোধ পড়ে রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে। কিন্তু ওরা (কেন্দ্র) এর টাকা বন্ধ করে দিয়েছে। বিধায়ক ও সংসদ সদস্যদের অনুরোধ, প্লিজ আপনারা এমপি এবং এমএলএ ল্যাডের টাকাটা বাংলার বাড়ি প্রকল্পে খরচ করুন! সেক্ষেত্রে যে ৫০ লাখ আবেদন পড়ে রয়েছে, সেগুলো করা সম্ভব হবে। এতে নিজের এলাকায় অনেক মানুষকে ঘর করে দিতে পারবেন। এটা গাইডলাইনে যোগ করে দেব।’
মমতা বলেন, ‘আপনাদের যে ১৫ শতাংশ বরাদ্দ রয়েছে, তা রাস্তা তৈরি এবং বাংলার বাড়ির কাজে ব্যবহার করুন। মানুষকে ভালবাসলে তারাও ভালবাসবে।’











