প্রথম স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি, দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার
শৈলকুপা ( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল গ্রাম থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দিদাউর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, শৈলকুপার রাজনগর গ্রামের দিদাউর রহমানের সঙ্গে একই উপজেলার দিগনগর গ্রামের তালেব বিশ্বাসের মেয়ে শীলা খাতুনের (২৬) বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর ২০১২ সালে পারিবারিক কলহের জেরে দিদাউর তার স্ত্রী শীলাকে গলা টিপে হত্যা করেন এবং প্রচার করেন শীলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় শীলার বাবা তালেব বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে দিদাউর পলাতক ছিলেন। আসামি পলাতক থাকায় দীর্ঘদিন মামলা চলার পর দিদাউরের অনুপস্থিতিতে ঝিনাইদহের আদালত স্ত্রী হত্যার দায়ে দিদাউরকে দোষী সাব্যস্ত করেন এবং ফাঁসির আদেশ দেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরিয়ার বিল গ্রামে দিদাউরের দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।











