,

ইউক্রেন ফেরত মেডিকেল শিক্ষার্থীদের ভর্তি নেবে না ভারত

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন ফেরত মেডিকেল শিক্ষার্থীদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পাঠ শেষ করার সুযোগ আপাতত মিলছে না। দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আইন অনুযায়ী এমন কোনও সংস্থান তাদের হাতে নেই। সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এই আগ্রাসনের কবলে পড়ে ইউক্রেন থেকে ফিরে আসতে হয় হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীকে, যাদের মধ্যে বেশিরভাগই মেডিকেল পড়ুয়া। মাঝপথে শিক্ষা বন্ধ হয়ে যাওয়ায় তারা ভবিষ্যৎ নিয়ে ব্যাপক দোলাচলে পড়েন। পরে তাদের রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি নেওয়ার আশ্বাস দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সে জন্য প্রয়োজন ছিল কেন্দ্রের ছাড়পত্র। যদিও শেষ খবর অনুযায়ী, তাদের ফিরিয়ে দিয়েছে কেন্দ্র।

সম্প্রতি রাজ্যসভার সংসদ সদস্য বিনয় বিশ্বমের করা একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার জানান, যুদ্ধের কারণে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছেন। কিন্তু ভারতীয় মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ এবং জাতীয় মেডিকেল কমিশন অ্যাক্ট, ২০১৯-এ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভারতের মেডিকেল কলেজে ভর্তি নেওয়ার কোনও সুযোগ নেই। ফলে জাতীয় মেডিকেল কাউন্সিল (এনএমসি) এ বিষয়ে অনুমতি দেয়নি।

গত মাসে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ চাইতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে ৫ দিনের বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও লিখেছিল। তারা বিষণ্নতা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক সমস্যার কথা উল্লেখ করে, প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছিল। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মন্তব্যে বোঝা গেল রুশ আগ্রাসনের কবলে দেশে ফিরে আসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা এখনই কাটছে না।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির