ভয়ে কথা বলছে না আত্মহত্যা করা ২ কৃষকের পরিবার

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করা দুই কৃষকের পরিবারের সদস্যরা এখনও আতঙ্কে আছেন। বাইরে থেকে কেউ খোঁজ-খবর নিতে গেলে ভয়ে তারা কথা বলতে পারেন না। বাইরের লোকজন দেখলে তারা বাড়ি ছেড়েই পালিয়ে যান। প্রভাবশালী মহলের চাপে থাকার কারণে গ্রহণ করতে পারেন না কোনো সামাজিক সহায়তাও।

গতকাল বৃহস্পতিবার গোদাগাড়ীর নিমঘুটু গ্রাম ঘুরে এসে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে একটি নাগরিক পর্যবেক্ষক দল। ১১ সদস্যের একটি দল আত্মহত্যা করা কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডির বাড়িতে যান। গতকাল বিকেলে এক মতবিনিময় সভায় তারা সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি জানান। অ্যাকশনএইড ও বেসরকারি সংস্থা পরিবর্তনের সহযোগিতায় খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) নগরীর একটি হোটেলে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়। এটি পরিচালনায় ছিলেন পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন।

সভায় রুলফাও-এর পরিচালক আফজাল হোসেন বলেন, ‘ঘটনার পাঁচ মাস পরেও পরিবার দুটি ভীত। কথা বলতে তাদের জড়তা রয়েছে। ভয়ে তারা কথা বলতে চায় না। ভয়-ভীতি দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখা হচ্ছে। তাদের অধিকার হরণ করা হচ্ছে। দ্রুত এ পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম- স্থানীয় ক্ষমতাচক্র এখনও পরিবার দুটিকে ভীতিকর পরিস্থিতির মধ্যে রেখেছে। সামাজিক সহায়তা পর্যন্ত গ্রহণ করতে তারা ভয় পাচ্ছে। একটি উন্নয়ন সংস্থা পর্যন্ত ক্ষমতার হিসেব-নিকেশের মধ্যে যুক্ত হয়ে পরিবার দুটিকে ভীতিকর পরিস্থিতির মধ্যে রেখেছে। পরিবার দুটিকে নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব তারা ব্যর্থ হয়েছে।’

খানির কোষাধ্যক্ষ মুশফিক আহমেদ বলেন, ‘দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু যে পরিস্থিতি তাতে পরিবার দুটি বিচার পাবে কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে। সরকারকে এই বিচার নিশ্চিত করতে হবে।’

খানির সদস্য গৌরাঙ্গ নন্দী বলেন, ‘গ্রামে যাওয়ার পর আমরা পরিবার দুটির অনেককেই পাইনি। ভয়ে তারা কথা বলতে পারে না। এই ভয় কারা সৃষ্টি করে রেখেছে তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে।’

খানির সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘কৃষকের সঙ্গে বসে সেচের নীতিমালা করা হয়নি বলে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার দায় এড়াতে পারে না বিএমডিএ। কারণ, তারা কৃষককে সেচের প্রতিশ্রুতি দিয়ে চাষাবাদে নামিয়ে পানি দিতে পারেনি। প্ররোচনার মামলায় বিএমডিএকেও অভিযুক্ত করা উচিত ছিল। এর সুযোগও ছিল। কিন্তু তা করা হয়নি।’

জাতীয় আদিবাসী পরিষদের জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় বলেন, ‘আজ আমরা নিমঘুটু যাওয়ার সঙ্গে সঙ্গে রবির মা বাড়িতে তালা দিয়ে অন্যত্র সরে গেলেন। অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রমও চলে যাচ্ছিলেন। আমরা তাকে থামিয়ে কথা বলেছি। তিনি ভয়ে থাকার কথা জানিয়েছেন। ভয় কারা দেখাচ্ছেন তাও ভয়ে বলতে চাননি তিনি।’

এই মতবিনিময় সভা থেকে পরিবার দুটির নিরাপত্তা নিশ্চিত, দুই কৃষকের আত্মহত্যার প্ররোচনার বিচার নিশ্চিত, পানি কমিশন গঠন এবং বরেন্দ্র অঞ্চলের কৃষকদের বিনামূল্যে সেচ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে যত্রতত্র ভূ-গর্ভস্থ পানি তোলা বন্ধ করে ভূ-উপরিস্থ উৎস থেকে পানি দিয়ে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, বিএমডিএর গভীর নলকূপে দিনের পর দিন ঘুরেও বোরো ধানের খেতে পানি না পেয়ে গত মার্চে সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়।

বিভিন্ন মহল থেকে প্রথমে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে পানির জন্যই বিষপান করেছিলেন দুই কৃষক। পুলিশ বিএমডিএর গভীর নলকূপ অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। সে মামলায় তিনি এখন কারাগারে আছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান