পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে শরীফ শেখ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর কাইনমারিতে নিজের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শরীফ শেখ একই এলাকার মৃত আ. মালেক শেখের ছেলে এবং সাত ভাইবোনের মধ্যে সবার ছোট। তার ৮/৯ মাস বয়সী একটা ছেলে সন্তান রয়েছে।
পরিবারের দাবি, কলহের জেরে শরীফ আত্মহত্যা করেছে। এর আগে তাদের মধ্যে পারিবারিক কলহ হলে তার সমাধান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহত শরীফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।











