আমি জানি, রাফির সঙ্গে আমার সম্পর্কটা কি?
বিনোদন প্রতিবেদক : সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। একের পর এক নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে গতকাল বুধবার ছিল এই নায়িকার জন্মদিন। এদিন পরিবার, বন্ধু-বান্ধবদের নিয়ে জন্মদিনের কেক কাটেন তমা। এর মধ্যে শোবিজে তাকে নিয়ে চলা (তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফির প্রেম) গুঞ্জনের পালে যেন নতুন করে হাওয়া লেগেছে।
বিষয়টি নিয়ে তমা বলেন, ‘গতকাল জন্মদিনে আমার বন্ধু রায়হান রাফির সঙ্গে কেক কেটেছি। পরিচালক হিসেবে নয়, বন্ধু হিসেবে কেট কেটেছি। আমি অন্য বন্ধুদের নিয়েও তো কেক কেটেছি। কই সেগুলো নিয়ে তো আলোচনা হয়নি। এখন দুজনই মিডিয়ার সঙ্গে জড়িত আছি বলে বিষয়টি নিয়ে এত কথা হচ্ছে। এখন এটা নিয়ে অন্যরা কি ভাবছে তা আমার জানার দরকার নেই। কারণ আমি জানি, রাফির সঙ্গে আমার সম্পর্কটা কি? কিছু মানুষের কাজই থাকে অন্যের হয়ে নানা কথা রটানো। এসব কথা না দেওয়াই ভালো।’
বিশেষ দিনটি কিভাবে কাটিয়েছেন? উত্তরে তমা বলেন, ‘বেশ আনন্দ ফূর্তি করেই কাটিয়েছি। অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। শুরুটা হয়েছে বোনের অফিসে জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে। সেখানেই রায়হার রাফি আলাদা করে আমার জন্য কেক কেটেছে। এরপর গানবাংলা পরিবারে গিয়ে কেক কেটেছি। আবার বন্ধুদের সঙ্গেও দিনটি উদযাপন করেছি।’
এখন বড় পর্দার থেকে বেশি আপনাকে ওটিটিতে পাওয়া যায়। এর বিশেষ কোনো কারণ আছে কী? তমার ভাষ্য, ‘না, এর বিশেষ কোনে কারণ নেই। অভিনয়ের ক্ষেত্রে আমি গল্প ও চরিত্রটাই বেশি দেখি। এখন সেটা সিনেমা, নাটক বা ওয়েব সিরিজ হউক। আমি যে ধরনের কাজ করতে বেশি পছন্দ করি, তা এখন ওটিটিতেই বেশি পাওয়া যায়। তাই ওটিটির কাজই এখন বেশি করা হচ্ছে।’
এখন কি নিয়ে ব্যস্ত আছেন জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘নতুন একটি ওয়েব ফিল্মের শুটিং করেছি। এতে আমার সহশিল্পী সোহেল মণ্ডল। তা ছাড়া নতুন আরও কয়েকটি ওয়েব ফিল্মের কাজ নিয়ে কথা চলছে সঙ্গে সিনেমার কাজও আছ। চূড়ান্ত হলে জানাবো।’
সবশেষ জানতে চাই বিয়ে করছেন কবে? উত্তরে ‘নদীজন’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘এই বেশ ভালো আছি। বিয়ে করে অনেক দুঃখ-কষ্টে ছিলাম। তাই এখন আর বিয়ে নিয়ে ভাবছি না।’
উল্লেখ্য, গতকাল বুধবার নায়িকার জন্মদিনের প্রথম প্রহরে রাফি কেক কেটে শুভেচ্ছা জানান তমাকে। আর সেই ভিডিও তিনি শেয়ার করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সমস্ত হৃদয় দিয়ে আমি চাই তোমার সুখে ভরা একটি দিন এবং সামনে একটি আনন্দময় বছর। শুভ জন্মদিন তমা মির্জা।’ ভিডিওতে দেখা যায়, কেক কাটা শেষে তমা ও রাফি পরস্পরকে জড়িয়ে ধরেন।
নায়িকাও সেই ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। লিখেছেন, ‘ধন্যবাদ রায়হান রাফি। তোমাকে দিয়ে জন্মদিন সেলিব্রেশন শুরু আর এখন চলছে চলবে ।’ গতকাল ভিডিও প্রকাশের পর শোবিজে এ নিয়ে চলছে নানা আলোচনা।











