সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশ পরিচয়ে ছাগল চুরি করতে গিয়ে ধরা

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

এ সময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া একটি ছাগল, পুলিশের এক জোড়া হ্যান্ডকাপ ও সাংবাদিকতার একটি আইডি কার্ড, একটি মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বনতলার (আবাসিক সপুরা) রানা আহম্মেদ (৩৬) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার চক জামদৈই গ্রামের শফিকুল ইসলাম ওরফে শরিফুল (২৭)।

আজ সোমবার বিকেলে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই জীবন চন্দ্র বর্মন ও তার দল রোববার দিবাগত রাত সোয়া ১০টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ে একটি চেকপোস্ট বসায়। এ সময় দুজন মোটরসাইকেল আরোহী একটি ছাগল নিয়ে চেকপোস্টের দিকে আসতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে মোটরসাইকেল আরোহীকে থামার জন্য সংকেত দেওয়া হয়। সংকেত পেয়েই চালক মোটরসাইকেল থামায়। তখন তাদের পরিচয় জানতে চাইলে একজন ডিবি পুলিশের এসআই এবং অপরজন নিজেকে কনস্টেবল বলে দাবি করে।

ওসি আরও বলেন, তাদের কর্মস্থল ও ব্যাচ সম্পর্কে জানতে চাইলে তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরবর্তীতে মোটরসাইকেলচালক তার পকেট থেকে আইডি কার্ড বের করে নিজেকে এবার সাংবাদিক পরিচয় দেন। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। তারপর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই দল তাদের দেহ তল্লালি করে চালক রানা আহম্মেদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করে। এ সময় তাদের কাছে থাকা চোরাই ছাগল এবং ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তাদের কাশিয়াডাঙ্গা থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা নওগাঁ কোর্ট এলাকা থেকে এই হ্যান্ডকাপ দুটি সংগ্রহ করে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, প্রতারণা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বড়শিপাড়া থেকে ছাগলটি চুরি করে এনেছে। পরে তাদের নামে চুরি ও প্রতারণার মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর