হত্যাকাণ্ডের মামলা থেকে বাঁচতে আবারও হত্যা
নিজস্ব প্রতিবেদক : চাঞ্চল্যকর ও আলোচিত ময়মনসিংহের ত্রিশালে পরপর তিন হত্যাকাণ্ডের ঘটনায় ‘জিলানী বাহিনী’র মূলহোতা আব্দুল কাদের জিলানী ও তার সহযোগীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
‘ময়মনসিংহের ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার এবং রফিকুল ইসলাম হত্যা মামলা থেকে বাঁচার জন্য তিনটি হত্যাকাণ্ড ঘটায় ভূমিদস্যু সিন্ডিকেটের মূল হোতা জিলানী বাহিনীর আব্দুল কাদের জিলানী। তারা বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে এলাকার কৃষকদের ভূমি দখল করে বিভিন্ন কোম্পানীর কাছে অতিরিক্ত মুনাফায় বিক্রি করতো। গ্রেপ্তারের এসব তথ্য জানিয়েছে র্যাব।
বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আব্দুল কাদের জিলানী (৪৭), তার ভাই লাল মিয়া (৫০) ও আব্দুল কাদের জিলানীর ছেলে মো. রাকিবুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করে র্যাব-১৪।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি লোহার রড, দুটি চাপাতি, একটি রামদা, একটি লোহার তৈরি বেসবল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
খন্দকার আল মঈন জানান, বীর মুক্তিযোদ্ধা মতিন মাষ্টার হত্যা মামলা এবং রফিকুল ইসলাম হত্যা মামলা থেকে বাঁচার জন্য তারা এই হত্যাকাণ্ডসহ মোট ৩টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে এলাকার কৃষকদের ভূমি দখল করে বিভিন্ন কোম্পানীর কাছে অতিরিক্ত মুনাফায় বিক্রয় করত। বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার ঐ এলাকার একজন গন্যমান্য ব্যক্তি ছিলেন।
র্যাব জানায়, মতিন মাস্টার ১৯ বছর ধরে একটি রাজনৈতিক দলের ওয়ার্ড সভাপতি ছিলেন। প্রায় ০৮ বছর ধরে তিনি স্থানীয় দাখিল মাদ্রাসার সভাপতি ছিলেন। এলাকার বিভিন্ন গরিব মানুষকে প্রায়ই বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেন। গ্রামের গরিব মানুষেরা বিভিন্ন সময়ে তার কাছে অভিযোগ নিয়ে আসত। তিনি তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন এবং অন্যায়ের প্রতিবাদ করতেন। তাদের এই কাজের প্রতিবাদ করায় ২০১৮ সালে জুলাই মাসের ৪ তারিখে রাত ১২ টার দিকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টারকে হত্যা করে তার গলা কাটা লাশ পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে রাখে আব্দুল কাদের জিলানী ও তার বাহিনী।
র্যাব কর্মকর্তা খন্দকার মঈন জানান, পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে তদন্তে আব্দুল কাদের জিলানীর ভাই তোফাজ্জল হোসেন, মোফাজ্জল হোসেন ও তার আরেক সহযোগী মোবারক হোসেনসহ ৮ জনের নামে আদালতে চার্জশীট দেয়া হয়। পরবর্তীতে এই মামলা থেকে নিজের ভাই ও সহযোগীদের বাঁচাতে এবং স্থানীয়ভাবে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে স্থানীয় কাউকে হত্যা করে মতিন মাস্টার হত্যা মামলার সাক্ষীদের হাজিরা থেকে অনুপস্থিত রাখার পরিকল্পনা করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৬ এপ্রিল রাতে হত্যা করা হয় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরি রফিকুল ইসলামকে, যিনি মতিন মাস্টার হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আসছিলেন। এ হত্যা মামলায় আব্দুল কাদের জিলানীসহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করা হয়।
পরবর্তীতে রফিকুল ইসলাম হত্যা মামলার সাক্ষী বর্ণিত মামলার বাদী সোহাগকেও হত্যার হুমকি প্রদান করে এবং এই দুই মামলার সাক্ষীদের হত্যা কিংবা হাত পা কেটে ফেলার পুরস্কারও ঘোষণা করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাক্ষী সোহাগকে ঘটনার দিন রাতে হত্যার উদ্দেশ্যে হামলা করা হলে তার চাচা নিহত আবুল কালাম তাকে বাঁচাতে এসে নির্মমভাবে খুন হন।
র্যাব মুখপাত্র বলেন, জানান, জিলানীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা ছাড়াও অস্ত্র, চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা এবং ১০টি সাধারণ ডায়েরি রয়েছে। এর আগে বিভিন্ন মামলায় একাধিকবার কারাভোগ করে আব্দুল কাদের জিলানী।
এছাড়াও এই ভূমিদস্যু চক্রের সদস্যরা ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলেও তথ্য পেয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন।











