রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ দিনেও উদ্ধার হয়নি টিপু হত্যায় ব্যবহৃত অস্ত্র

news-image

ফরহাদ উজজামান
রাজধানীর শাহজাহানপুরে আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যায় ব্যবহৃত অস্ত্র ২৫ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে টিপু হত্যায় মূল শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশসহ ৬ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজনকে পুলিশ এবং ৪ জনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তবে টিপু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকল উদ্ধার করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা।

তদন্ত সংশ্লিষ্টরা বলছে, টিপু হত্যায় গ্রেপ্তার হওয়া শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশকে দফায় দফায় জিজ্ঞসাবাদ করা হয়েছে। তার তথ্যের আলোকে এরই মধ্যে স্থানীয় একাধিক নেতা ও পলাতক শীর্ষ সন্ত্রাসীর একাধিক সন্দেহভাজন সহযোগীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। এর বাইরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিজস্ব তদন্তে এই হত্যাকাণ্ডে অনেকের জড়িত থাকার তথ্য বেরিয়ে এসেছে।

এর মধ্যে টিপু হত্যায় জড়িত সন্দেহ আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান ওরফে দামাল নামের একজনকে ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।

এবিষয়ে ডিবির একজন উপ-কমিশনার (ডিসি) বাংলাদেশ জার্নালকে বলেন, দামাল রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটি বৈঠক করেছিল। দামালকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে টিপু হত্যায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কিনা তা ফরেনসিক বিভাগে খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দারা বলছেন, কাট-আউট পদ্ধতিতে এ হত্যাকাণ্ড সংঘটিত হলেও মূলত দুবাই বসে কিলার মুসা এ হত্যাকাণ্ডের ছক কষে। তার পরিকল্পনা অনুযায়ী শামীমের সহায়তায় মাসুম মো. আকাশ হত্যাকাণ্ড ঘটায়।

ঘটনার ১২ দিন আগে ১২ মার্চ চট্টগ্রাম বিমানবন্দর হয়ে দেশ ছেড়ে দুবাই চলে যায় মুসা। এসময় হত্যাকাণ্ডের চুক্তি অনুযায়ী পাওয়া পাঁচ লাখ টাকা সঙ্গে নিয়ে যায়। আরও চার লাখ টাকা হুন্ডির মাধ্যমে পাঠানো হয় মুসাকে। হত্যাকাণ্ড ঘটানোর পর মোবাইল ফোনে জানানো হয় ডান।

মাসুমের ঘনিষ্ট লোক হওয়ায় তার দুর্বলতাগুলো জানা ছিল মোল্লা শামীমের। চলমান মামলার কারণে মাসুম তার এলাকা সবুজবাগে যেতে পারতো না। এমনকি বাড়িতেও যেতে পারতো না পরিবারের কাছে। তার এ বিষয়টিকে টোপ হিসেবে ব্যবহার করে শামীম। মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসুমকে বলা হয় একজনকে হত্যা করতে হবে।

র‌্যাব সূত্র জানায়, ওমর ফারুক ওরফে কানা ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ ও মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশকে র‌্যাব গ্রেপ্তার করে। ঢাকা মহানগর দক্ষিণ ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওমর ফারুকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ।

অন্যদিকে ডিবি পুলিশ বলছে, টিপুকে সরাসরি শুট করা মাসুম ওরফে আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শুটার মাসুম অর্থের বিনিময়ে এমন নৃসংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এর নেপথ্যে কারা জড়িত তা জানা যায়নি।

তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাসিনো কাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের প্রভাবশালী বেশকয়েকজন নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। প্রতি মাসে এখান থেকে প্রায় ১০ কোটি টাকার বেশি চাঁদা তোলা হতো। আর এই চাঁদার ভাগ-ভাটোয়ারা হতো ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কয়েকজনে নেতার মধ্যে। ওই চাঁদার কিছু অংশ যেত আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান, বিকাশ, ফ্রিডম মানিকসহ শীর্ষ সন্ত্রাসীদের কাছে। সম্রাট ও খালেদ গ্রেপ্তার হওয়ার পর পুরো মতিঝিলকেন্দ্রিক যে চাঁদা তোলা হতো তা সম্পূর্ণ তুলতেন টিপু ও তার লোকজন। এরপর থেকে টিপু একক আধিপত্য বিস্তারের চেষ্টা করেন মতিঝিল এলাকায়। নিয়ন্ত্রণ করেন ঠিকাদারি।

সূত্র জানায়, যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন গুরুত্বের বাইরে থাকলেও হঠাৎ দলে গুরুত্ব বাড়তে থাকে টিপুর। প্রভাব হারাতে থাকেন আগের ক্ষমতাসীনরা। মতিঝিল, আরামবাগ, এজিবি কলোনি, শাহজাহানপুর, কমলাপুর টিপুর একক নিয়ন্ত্রণে আসতে থাকে ক্রমান্বয়ে। টিপু ও তার স্ত্রী কাউন্সিলর ডলির ঘনিষ্ঠজনরাই এলাকা দাপিয়ে বেড়াচ্ছিলেন। বছর দুয়েক ধরে বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের কাছে চাঁদার টাকা না পৌঁছায় টিপুকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করা হয় বলে ধারণা করছে তদন্তকারীরা। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করে মুছা। এ ছাড়া রমজান ও ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট ও ফুটপাত থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হলেও সেই টাকার ভাগ টিপু কাউকেই দিতেন না বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানতে পেরেছে। ওই টাকার ভাগ না পেয়ে রমজানের আগেই টিপুকে হত্যা করা হয় বলেও ধারণা করা হচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলাদেশ জার্নালকে বলেন, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। হত্যায় যার পরিকল্পনায় ছিলেন তাদের বেশ কয়েকজনকে এর মধ্যে আমরা গ্রেপ্তার করেছি। তবে স্পটে যারা হত্যার ঘটনা ঘটিয়েছে তাদের ডিবি পলিশ গ্রেপ্তার করেছে।

অস্ত্র বা মোটরসাইকেল উদ্বারের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অস্ত্র বা মোটরসাইকেল উদ্বারের বিষয়টি তারা হয়তো তদন্ত করছেন। তবে মোটরসাইকেল বা অস্ত্র কার কাছ থেকে নেয়া হয়েছে, নাকি ভাড়া করা হয়েছে সে বিষয়ে আমরাও তদন্ত করছি। টিপু হত্যাকাণ্ডের সুটার আমরা পায়নি। হত্যায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন আমাদের নজরদারিতে রয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আন্ডারওয়ার্ল্ডের পাশাপাশি আন্ডারগ্রাউন্ডে যারা জড়িত তাদেরও শনাক্ত করা হচ্ছে। দেশে তাদের অনুসারীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে জাহিদুল মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি। তিনিও গুলিবিদ্ধ হন। তাদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। আর গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায়।

এ ঘটনায় গত ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করে।