বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণের দিন
বিভুরঞ্জন সরকার
বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সঙ্গে কয়েকটি মাসের কয়েকটি তারিখ ইতিহাস হয়ে আছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি ইতিহাসখ্যাত হয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে রক্তরঞ্জিত শহীদ দিবস হিসেবে স্মৃতিময় হয়ে আছে। মার্চ মাসের কয়েকটি দিন আমাদের জাতীয় উদ্দীপনার স্মারক হয়ে আছে। এর মধ্যে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের জন্য পরিচিত। ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তানের বর্বর সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে বাঙালি নিধনযজ্ঞে নেমেছিল। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠন এবং ১৭ এপ্রিল প্রথম সরকারের আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই বছর ৩ নভেম্বর জেলের ভেতর খুন করা হয়েছিল জাতীয় চার নেতাকে। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। একাত্তরের ওইদিন পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল।
এটা আমাদের জানা যে, ১৯৭১ সালের ২৫ মার্চে রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর সামরিক শক্তি প্রয়োগ করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠনের ন্যায্য অধিকার পেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও তার উপদেষ্টা শাসক গোষ্ঠী বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করলে এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর নাও হতে পারে। তবে জনমতের চাপ ও দলের মধ্যে তরুণদের প্রবল আগ্রহ সত্ত্বেও বঙ্গবন্ধু আগবাড়িয়ে স্বাধীনতার ডাক দেননি। ৭ মার্চের ভাষণে তিনি ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলে দেশের মানুষকে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বস্তুত শাসক গোষ্ঠীর চোখে ধুলো দিয়েছিলেন। কিন্তু ২৫ মার্চ কামান-বন্দুকের বুলেট-গুলি দিয়ে গণরায় খারিজ করে দেওয়ার পর জনতার নেতা জনতার দেওয়া ম্যান্ডেটবলেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
বঙ্গবন্ধু মার্চের শুরুতেই বুঝতে পেরেছিলেন কী হতে যাচ্ছে পরবর্তী সময়ে। আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করে লিখেছেনÑ “ক্ষমতা হস্তান্তর প্রশ্নে ইয়াহিয়া-ভুট্টো যখন টাল-বাহানা শুরু করে, তখন ’৭১-এর ১৮ ফেব্রুয়ারি ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা জাতীয় চার নেতার সামনে আমাদের ‘সানি ভিলা, ২১ নম্বর রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, ভবানীপুর, কলকাতা’ এই ঠিকানা মুখস্থ করিয়ে বলেছিলেন, ‘এখানে তোমরা থাকবে। তোমাদের জন্য সব ব্যবস্থা আমি করে রেখেছি।’ ২৯ মার্চ কেরানীগঞ্জ থেকে দোহার-নবাবগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া হয়ে ৪ এপ্রিল আমরা ভারতের মাটি স্পর্শ করি এবং সানি ভিলায় আশ্রয় নিই। এখানে আমাদের সাথে দেখা করতে আসেনÑ পরে বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী-জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম।”
অন্যদিকে ব্যারিস্টার আমীর-উল ইসলাম লিখেছেনÑ ‘৩০ মার্চ সন্ধ্যায় তাজউদ্দীন আহমদ ফরিদপুর-কুষ্টিয়া পথে পশ্চিম বাংলার সীমান্তে পৌঁছান। সঙ্গে ছিলাম আমি। ৩১ মার্চ মেহেরপুর সীমান্ত অতিক্রম করে ভারতে যাই আমরা। সীমান্ত অতিক্রম করার আগে তৎকালীন মেহেরপুরের মহকুমা শাসক তৌফিক-ই-এলাহীকে দিয়ে ভারতীয় বাহিনীতে খবর পাঠানো হয়, স্বাধীন বাংলাদেশের দুইজন নেতা ভারতে প্রবেশের অনুমতি চাইছেন। ভারতীয় কর্তৃপক্ষ এর অনুমতি দেয় এবং সার্বিক সহায়তা দেয়।’
‘সীমান্ত অতিক্রম করার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সম্পূর্ণ সামরিক কায়দায় অভ্যর্থনা জানায় আমাদের। তখনকার বিএসএফের মহাপরিদর্শক গোলক মজুমদার আমাদের সম্মান জানিয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। গোলক মজুমদারের কাছে খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক কেএফ রুস্তমজি আমাদের সঙ্গে দেখা করতে আসেন ও তাজউদ্দীন আহমদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। তাজউদ্দীন আহমদ তাকে বাংলার সার্বিক পরিস্থিতি এবং বাঙালির স্বাধীনতা লাভের অদম্য স্পৃহা সম্পর্কে জানান।’
আমীর-উল ইসলামের লেখা থেকেই জানা গেছে, এর পর রুস্তমজি দিল্লিতে সরাসরি যোগাযোগ করলে প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর দপ্তর থেকে তাজউদ্দীন আহমদ ও আমীর-উল ইসলামকে দিল্লি যাওয়ার কথা জানানো হয়। ২ এপ্রিল দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকের আগে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাজউদ্দীন আহমদের কয়েক দফা বৈঠক হয় এবং তিনি তাদের বাঙালির মুক্তি-সংগ্রাম পরিচালনার জন্য যেসব সাহায্য ও সহযোগিতার প্রয়োজন, তা বুঝিয়ে বলেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগের দিন এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাজউদ্দীনের কাছে জানতে চান, স্বাধীন বাংলাদেশের পক্ষে কোনো সরকার গঠিত হয়েছে কিনা। তাজউদ্দীন আহমেদ তখন সিদ্ধান্ত নেন, বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতিনিধি রূপে নিজেকে তুলে ধরবেন। আমীর-উল ইসলাম লিখেছেন, “দিল্লির ওই সভায় তাজউদ্দীন নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেন। ওই বৈঠকে তাজউদ্দীন আহমদ ইন্দিরা গান্ধীর কাছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে অনুরোধ করেন। ইন্দিরা গান্ধী তাকে এই বলে আশ্বস্ত করেন, উপযুক্ত সময়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। এভাবেই অস্থায়ী বাংলাদেশ সরকারের ধারণার সূচনা। বৈঠকে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিলে তাজউদ্দীন আহমদ ’৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়া জেলার সীমান্তে অধিবেশন আহ্বান করেন। ১০ এপ্রিলের ওই অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ গঠিত হয়।” কিন্তু তখনো মন্ত্রিপরিষদ আনুষ্ঠানিক শপথগ্রহণ করেনি। তাই ১৪ এপ্রিল মন্ত্রিসভার আনুষ্ঠানিক শপথগ্রহণের জন্য নির্ধারণ করা হয়। শপথের জন্য প্রথমে চুয়াডাঙ্গার কথা চিন্তা করা হয়েছিল। কিন্তু ১৩ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী চুয়াডাঙ্গা দখল করে নেয় এবং ব্যাপক বিমান হামলা চালায়। তখন চুয়াডাঙ্গার কথা বাদ দিয়ে নতুন জায়গার কথা ভাবা হয়। শেষ পর্যন্ত মানচিত্র দেখে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলাকে মন্ত্রিসভার শপথগ্রহণের উপযুক্ত স্থান হিসেবে নির্ধারণ করা হয়। এর পর আসে স্বাধীনতার ঘোষণাপত্র লেখার বিষয়টি।
আমীর-উল ইসলাম লিখেছেন, ‘এখন সবচেয়ে কঠিন কাজ স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করা। আমি আর তাজউদ্দীন ভাই যে ঘরে থাকি, সেই ঘরের একটি ছোট্ট স্থানে টেবিলল্যাম্পের আলোয় লেখার কাজ করি। স্বাধীনতার ঘোষণাপত্র লিখতে হবে। হাতের কাছে নেই কোনো বই বা অন্য দেশের স্বাধীনতা ঘোষণার কোনো কপি। আমেরিকার ইনডিপেনডেন্স বিল অনেক আগে পড়েছিলাম। চোখের সামনে ভাসছিল সেই অরিজিনাল কপি আর বড় বড় হাতের স্বাক্ষরগুলো। কিন্তু ভাষা বা ফর্ম কিছু মনে নেই। অবশ্য বেশিকিছু মনে করার চেষ্টাও করলাম না। শুধু মাথায় রাখার চেষ্টা করলাম কী কী পরিপ্রেক্ষিতে আমাদের স্বাধীনতা ঘোষণা করার অধিকার রয়েছে এবং ঘোষণাপত্রের একটা খসড়া চূড়ান্ত করে ফেললাম। বাষ্ট্রপতি যেহেতু অনুপস্থিত, সেহেতু স্বাধীনতার ঘোষণায় ভারপ্রাপ্ত বাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে দেওয়া হলো। চূড়ান্ত খসড়াটি তাজউদ্দীন ভাইকে দেখালে তিনি পছন্দ করেন। আমরা সিদ্ধান্ত নিলাম, কোনো বড় আইনজীবীকে দেখিয়ে নিতে হবে। কারণ আমরা যুদ্ধে নেমেছি, ঘোষণাপত্রে কোনো রকমের আইনি ফাঁক থাকা চলবে না। কলকাতা হাইকোর্টের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী সুব্রত রায় চৌধুরী ঘোষণাপত্রের খসড়াটি দেখলেন। দেখে তিনি লাফিয়ে উঠলেন এবং বললেনÑ কোনো কোলন, সেমিকোলনও পরিবর্তন করার প্রয়োজন নেই।’
১৭ এপ্রিল সম্পর্কে তোফায়েল আহমেদ লিখেছেন, “সূর্যোদয়ের সাথে সাথে প্রবেশ করি প্রিয় মাতৃভূমির মুক্তাঞ্চল মেহেরপুরের আম্রকাননে। আমাদের সঙ্গে দেশি-বিদেশি অনেক সাংবাদিক ছিলেন। কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। আশঙ্কা ছিল পাকিস্তান বাহিনী সেখানে বোমা হামলা চালাতে পারে। মেহেরপুরসহ আশপাশের এলাকা থেকে প্রচুর লোকসমাগম হয়েছিল। মুহুর্মুহু ‘জয় বাংলা’ রণধ্বনিতে আকাশ-বাতাস তখন মুখরিত। আন্তর্জাতিক বিশ্ব বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করছিল নবীন এক গণতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব। দিনটি ছিল শনিবার। সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিম দিক থেকে শীর্ষ নেতৃবৃন্দ দৃপ্ত পদক্ষেপে মঞ্চের দিকে এলেন। দেশ স্বাধীন করতে দৃঢ়প্রতিজ্ঞ সমবেত সংগ্রামী জনতা গগনবিদারী স্বরে ‘জয় বাংলা’ জয়ধ্বনি দিল। মুজিবনগরে শপথ অনুষ্ঠানস্থলে একটি ছোট্ট মঞ্চ স্থাপন করা হয়েছিল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম প্রথমে মঞ্চে আরোহণ করেন। ঝিনাইদহের এসডিপিও মাহবুব উদ্দীন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি সশস্ত্র দল রাষ্ট্রপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এর পর মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ এবং প্রধান সেনাপতি কর্নেল ওসমানী। উপস্থিত স্বেচ্ছাসেবকগণ পুষ্পবৃষ্টি নিক্ষেপ করে নেতৃবৃন্দকে প্রাণঢালা অভ্যর্থনা জ্ঞাপন করেন।”
“সরকারের মুখপত্র ‘জয়বাংলা’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আবদুল মান্নানের উপস্থাপনায় শপথ অনুষ্ঠান আরম্ভ হয়। প্রথমেই নতুন রাষ্ট্রের ঐতিহাসিক দলিল ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ পাঠ করেন চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। আকাশে তখন থোকা থোকা মেঘ। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের সাথে সাথে বাংলা মায়ের চারজন বীর সন্তান প্রাণ ঢেলে গাইলেন জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ উপস্থিত সকলেই তাদের সাথে কণ্ঠ মিলালাম। অপূর্ব এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়েছিল তখন।”
পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হলেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর সংগঠন ও সমন্বয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় এবং সর্বোপরি এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী দেশ ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধতা যুদ্ধের রূপ নেয় এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা বাস্তব রূপ নেয়। নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধিদের ইচ্ছার শতভাগ প্রতিফলন ঘটিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে রাজনৈতিক বৈধতা অর্জন করে সেদিন রাষ্ট্র ও সরকার গঠিত হয়েছিল।
বিভুরঞ্জন সরকার : জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক











