ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
নিজস্ব প্রতিবেদক : আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। এ অনুষ্ঠানে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এই দিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। আর উল্লেখ করা যায়, এই দিনটি উপলক্ষে মুজিবনগর এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মুজিবনগর দিবসে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। ভোর ৬টায় জাতীয় ও দলীয়
পতাকা উত্তোলন। সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল সোয়া ১০টায় গার্ড অব অনার। সকাল সাড়ে ১০টায় মুজিবনগরের শেখ হাসিনামঞ্চে মুজিবনগর দিবসের জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সবস্তরের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ সবস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ‘মুজিবনগর’ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন যৌথভাবে রমজান মাসে সংক্ষিপ্ত অনুষ্ঠানমালার আয়োজন করেছে। জেলার মুজিবনগর উপজেলায় মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হবে। মুজিবনগর আম্রকাননে বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, আনসার ও ভিডিবি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গার্ড অব অনার’ প্রদান এবং কুচকাওয়াজ প্রদর্শিত হবে। দিবসের কর্মসূচির মধ্যে আছে সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘জল মাটি ও মানুষ’ শিরোনামে গীতিনাট্য উপস্থাপনা, সকাল ১০টা ৪০ মিনিটে মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে আলোচনাসভা। বিকাল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনার ও ইফতার মাহফিল। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
নবজাত রাষ্ট্রের এই শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের জনগণকে তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা লাভের লক্ষ্যে অদম্য স্পৃহায় মরণপণ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানানো হয়। সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত সৃষ্টি ও মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় নবগঠিত এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সরকারের যোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়। এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেন। অবশেষে ৩০ লাখ শহীদের রক্ত এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত দিনটিকে বরাবরের ন্যায় স্বাধীনতার চেতনায় বিশ^াসী সবার সঙ্গে একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযথ মর্যাদার সঙ্গে স্মরণ ও পালন করবে।
আজ ব্যাংক বন্ধ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় আজ রবিবার সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে ওই উপজেলার সব ব্যাংকের শাখা আজ বন্ধ থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সিদ্ধান্তে কথা জানানো হয়।
সার্কুলারে বলা হয়, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপশাখা রবিবার বন্ধ থাকবে। তবে দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে। পবিত্র রমজান উপলক্ষে এখন ব্যাংকে লেনদেন হচ্ছে সকাল সাড়ে ৯টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকছে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।











