রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ডাক্তারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মানসিক নির্যাতন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচীপূর্ণ বার্তা প্রদানের অভিযোগ উঠেছে শিক্ষক ও হোষ্টেল সুপারভাইজার ডাক্তার কাজী রফিকুল আলমের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই শিক্ষার্থী সিরাজগঞ্জ সদর এমপি, স্বাস্থ্য অধিদপ্তর (ঢাকা) পরিচালক প্রশাসনসহ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের মেডিক্যাল অফিসার ডা. কাজী রফিকুল আলম দীর্ঘদিন যাবৎ হোষ্টেল শিক্ষার্থীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ভয় দেখিয়ে ক্লাসে আপত্তিকর ভাবে শরীরে স্পর্শ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লিল বার্তা প্রদান করেন। এসব প্রস্তাবে রাজি না হলে রাষ্ট্রীয় চিকিৎসা ও মৌখিক পরীক্ষায় ফেল করানোর হুমকি প্রদান করেন। তার আচরনে শিক্ষার্থীরা আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এসব বিষয়ে একাধিকবার প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। ডাক্তার রফিকুল ইসলামের এসব কুকর্মের কারনে অনেক শিক্ষার্থী পড়াশুনা বাদ দিয়ে হোষ্টেল ছেড়ে চলে গেছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে শিক্ষার্থীর পিতা ইমরান হোসেন জানান, লিখিত অভিযোগ দাখিলের পরে আমাদের মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলে ডাকা হয়েছিল। কিন্তু আমাদের কোন কথা শোনেন নাই। বরং অভিযোগ তুলে নিতে শিক্ষার্থীদের চাপ দেন।

সুপারভাইজার ডাক্তার রফিকুল আলম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মান সম্মান নষ্ট করার জন্য তারা বিভিন্ন দপ্তরে মিথ্যা লিখিত অভিযোগ দিয়েছেন।
সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডাক্তার আকিকুন নাহার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।