আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে উদ্বেগ যুক্তরাষ্ট্রের
কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নিপীড়ন ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও ব্যাপকভাবে দায়মুক্তি ভোগ করে আসছে বলে খবর রয়েছে। তবে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর দুর্নীতি, নির্যাতন ও হত্যার মতো ঘটনায় তদন্ত এবং অপরাধীদের বিচারের সম্মুখীন করেছে সরকার। ১৯০ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র
দপ্তর এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ২০২১ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির মূল্যায়নে তৈরি হয়েছে ‘২০২১ : কান্ট্রি রিপোর্টর্স অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’। ওই প্রতিবেদনের বাংলাদেশ চ্যাপ্টারটি ৭৪ পৃষ্ঠার।
প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব ছাড়াও সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দায়িত্ব পালন করে। আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এসব বাহিনীর ওপরে বেসামরিক কর্তৃপক্ষ ব্যাপকভাবে নিয়ন্ত্রণ বজায় রাখে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা ধরনের নিপীড়ন চালিয়ে থাকেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব বিষয়ের গ্রহণযোগ্য খবর রয়েছে, সেগুলো হলো- বিচারবহির্ভূত হত্যাসহ বেআইনি হত্যাকা-, গুম, সরকারের পক্ষে নাগরিকদের নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক আচরণ, কারাগারে জীবনের জন্য হুমকি সৃষ্টিকারী পরিবেশ, নিবর্তনমূলক গ্রেপ্তার বা আটক, রাজনৈতিক কারণে গ্রেপ্তার, বিদেশে অবস্থানরত ব্যক্তির ওপর রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার জন্য বাধা, ব্যক্তিগত গোপনীয়তার ওপর বেআইনি হস্তক্ষেপ, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে তার পরিবারের সদস্যদের শাস্তি দেওয়া, বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের ওপর গুরুতর বিধিনিষেধ, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হুমকি, অন্যায়ভাবে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা, ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধ, শান্তিপূর্ণ সমাবেশ ও সমিতির স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, যার মধ্যে রয়েছে সংগঠন, তহবিল বা বেসরকারি সংস্থা ও সুশীল সমাজ সংগঠনের ওপর বিধিনিষেধমূলক আইন।
এ ছাড়া শরণার্থীদের চলাচলের স্বাধীনতার ওপর বিধিনিষেধ, শরণার্থীদের নিপীড়ন, ব্যক্তির রাজনৈতিক সম্পৃক্ততার ওপর গুরুতর ও অযৌক্তিক বিধিনিষেধ, সরকারি পর্যায়ে ব্যাপকভাবে দুর্নীতি, দেশীয় মানবাধিকার সংগঠনগুলোকে হয়রানি বা সেগুলোর ওপর বিধিনিষেধ, লিঙ্গভিত্তিক সহিংসতার তদন্ত ও জবাবদিহির ক্ষেত্রে ঘাটতি, যার মধ্যে গৃহনির্যাতন, যৌন নির্যাতন, শিশু নিপীড়ন ও জোরপূর্বক বাল্যবিয়েসহ অন্যান্য ক্ষতিকর চর্চা রয়েছে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের ওপর সহিংসতা ও হুমকি, হিজড়াসহ ভিন্ন লৈঙ্গিক আচরণের মানুষের ওপর সহিংসতা, ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের সমিতি করার স্বাধীনতার ওপর বিধিনিষেধ এবং ব্যাপক মাত্রায় শিশু শ্রম।
এদিকে দেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে তথ্য বিভ্রাট হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুর্নীতিতে সরকারের দায়মুক্তি দেওয়াসহ যে অভিযোগ করা হয়েছে তার নাকচ করেছেন।
গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ অভিযোগটা বোধহয় ২০২১-এর, ২০২২-এর নয়। ২০২১-এ যে পরিমাণ গুম-খুনের কথা এখানে বলা হচ্ছে, আমাদের রেকর্ডে কিন্তু সে পরিমাণ নেই। আমরা সব সময়ই আমাদের নিরাপত্তা বাহিনীর দ্বারা যদি কেউ বন্দুকযুদ্ধে নিহত হয়, নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার ভয়ে যদি গুলিও করেন তা হলে প্রত্যেক ঘটনায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করেন। এতে যদি ঘটনার সত্যতা প্রমাণ হয় তা হলেই সেই বিষয়টি আমরা ক্লোজ করে দিই। আর যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করেন, এখানে ঘটনাটি অন্যায় বা অসতর্কতায় হয়েছে, এটি আমরা বিচার বিভাগে পাঠাই। দেশে কেউ-ই বিচারের ঊর্ধ্বে নয় বলেও উল্লেখ করেন তিনি।
একই দিন নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত যা দেখেছি, তাতে মনে হয়েছে, রোহিঙ্গা ইস্যুটিও ভুলভাবে মার্কিন রিপোর্টে তুলে ধরা হয়েছে। সমকামীদের জন্য বাংলাদেশে আইন নেই এবং বাংলাদেশ তাদের প্রয়োজন মেটাতে পারছে না- প্রতিবেদনের এই অংশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি আমাদের ইসলাম ধর্মের পরিপন্থী। পৃথিবীতে এমন একটি মুসলিম দেশ দেখান, যারা এলজিবিটিকে অনুমোদন দেয়। যত দেশ বা সংস্থা থেকে চাপ আসুক না কেন এলজিবিটি প্রশ্নে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। এটি বাংলাদেশের মানুষের সঙ্গে ও ধর্মের সঙ্গে বিরোধিতা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলার ইতিহাসও এখানে নিয়ে আসা হয়েছে। তাকে রাজনৈতিক বন্দি বলা হয়েছে। তিনি তো রাজনৈতিক বন্দি নন। আমরা আন্তর্জাতিক অঙ্গনে যতবার এ নিয়ে কথা বলেছি, সেখানে আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি। তাকে মানবিক কারণে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় থাকতে দেওয়া হয়েছে। তার বিদেশে যাওয়ার প্রশ্নটাও অমূলক ছিল। রোহিঙ্গাদের বিষয়েও ভুল তথ্য দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ১০-১২ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর সময় নৌকাডুবি হয়ে তাদের মৃত্যু হয়েছে। এটিও কি আমাদের দোষ? আমাদের ঘাড়ে এ দোষ চাপানো হয়েছে।











