রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিছুটি পাতার চায়ের যত উপকারিতা

news-image

অনলাইন ডেস্ক : বিছুটি পাতার নাম শুনলেই সারা গায়ে যেন চুলকানি শুরু হয়ে যায়। ছেলেবেলায় কাউকে জব্দ করতে হলে অনেকেই এই পাতার ব্যবহার করেছেন রসিকতার ছলে! তবে এই পাতার স্বাস্থ্যগুণ জানলে অনেকটা অবাক হবেন। এই পাতা শুকনো করে ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। বিছুটি পাতায় রয়েছে ফ্যাট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিনসহ একাধিক খনিজ উপাদান।

চলুন জেনে নেওয়া যাক কোন কোন রোগ আটকাতে পারে এই পাতা-

১) বিছুটি পাতার অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ শরীরের যেকোনোরকম সংক্রমণ ঠেকিয়ে রাখতে দারুণ উপকারী। অনেক নারীই মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের (ইউটিআই) সমস্যায় ভোগেন। এই পাতা শরীর থেকে ক্ষতিকারক ব্যাক্টেরিয়াগুলিকে বের করে দিতে সাহায্য করে।

২) বিছুটি পাতার নির্যাস দিয়ে অনেক রকম ব্যথানাশক ওষুধ তৈরি হয়। বাতের ব্যথা উপশমে এই পাতা বেশ উপকারী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিছুটি পাতার চা নিয়মিত খেলে বাতের ব্যথা আরাম পাওয়া যায়।

৩) ডায়াবেটিক রোগীদের জন্যও এই পাতার জুড়ি মেলা ভার। এই পাতার রস খেলে শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ে। এই হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৪) কিডনিতে পাথর জমলে এই পাতার চা খেলে উপকার পেতে পারেন। হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও এই পাতার ওপর ভরসা রাখতে পারেন।

৫) গরমে অনেকের ত্বকেই ঘামাচির সমস্যা হয়। এ ক্ষেত্রেও বিছুটি পাতার রস খেলে উপকার পেতে পারেন। অ্যালার্জির সমস্যাতেও এই পাতা দারুণ কাজ দেয়।

বিছুটি পাতার চা কীভাবে বানাবেন?

বিছুটি পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার একটি পাত্রে পানি গরম করে এক চামচ এই গুঁড়ো মিশিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন। তার পর ছেঁকে নিয়েই পান করুন এই ওষুধি চা। সূত্র : আনন্দবাজার।