‘এবারের ঈদ বাবার সঙ্গে করতে চাই’
নিজস্ব প্রতিবেদক : গুমের শিকার কাওসার হোসেনের মেয়ে উম্মে হাবিবা আক্তার মীম অশ্রুসিক্ত চোখ নিয়ে বলছিল, ‘আমি আমার বাবাকে ফেরত চাই। সামনে ঈদ আসছে। আমি আমার বাবা হাত ধরে ঈদের কেনাকাটা করতে চাই। এই অধিকারটুকু কি আমাদের দেবে না?’
কাওসারের মেয়ের মতো কারও মা, কারও বাবা অথবা ভাই গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে আবেগঘন আকুতি জানিয়ে বক্তব্য দেন। সবাই তাদের স্বজনদের ফিরে পাওয়ার আকুতির কথা প্রকাশ করেন।
আজ রোববার রাজধানীর সাতারকুলের মাদানী অ্যাভিনিউতে গ্রীনভিল আউটডোরসে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সহাস্রাধিক নেতাকর্মী অংশ নেন। ইফতারের পর গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক সংগ্রামে এখন পর্যন্ত আমাদের ৬০০-এর অধিক নেতাকর্মী গুম হয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহে বন্দি করে রাখা হয়েছে অসুস্থ অবস্থায়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্যাতন ও সাজা দিয়ে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে। আমাদের সবার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ এই রকম একটা অবস্থা। মানুষ এখন অস্থির হয়ে গেছে। এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায় এখানে সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মহানগর উত্তর বিএনপির আহ্বান আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে দলের মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মীর নাসির, আবদুস সালাম, তাহসিনা রুশদীর লুনা, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তাবিথ আউয়াল, ২০ দলীয় জোটের ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, আজহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম, সাইফুদ্দিন মনি, সৈয়দ মাহবুব হোসেনসহ মহানগর উত্তরের নেতারা উপস্থিত ছিলেন।











