নানামুখী উদ্যোগেও সুফল মিলছে না
আবু আলী
ভ্রাম্যমাণ আদালতের অভিযান, টিসিবির পরিসর বাড়ানো কিংবা দাম বেঁধে দেওয়ার মতো উদ্যোগেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, বাজারসংশ্লিষ্ট পর্যবেক্ষক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে এই অরাজকতা তৈরি হয়েছে। তারা বলছেন, দেশে খাদ্যপণ্যের বাজার নিয়ে স্পষ্ট কোনো সরকারি পরিসংখ্যান পাওয়া যায় না। বেসরকারি যেসব তথ্য পাওয়া যায়, সেগুলোও পর্যাপ্ত নয়। তথ্যের অভাব বাজারের মূল্য নিয়ন্ত্রণ ও তদারকির পথে বড় ধরনের বাধা তৈরি করছে।
বিষয়টি স্বীকার করে নীতিনির্ধারকরাও বলছেন, তদারকিতে নিয়োজিত সংস্থাগুলোর সমন্বয় করা গেলে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হতো।
এদিকে রমজানকে কেন্দ্র করে বেগুন, শসাসহ বেশ কয়েকটি সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এসব সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, প্রতি বছর নিয়ম করেই বাড়ানো হয় দাম, তবে এবার অন্য শাকসবজির দাম কয়েক মাস ধরে বেশি ছিল। এবার রমজান সামনে রেখে আরেক দফায় বাড়ানো হলো দাম। তবে বিক্রেতাদের কেউ কেউ বলছেন, তাদের সরবরাহকারীরা দাম বাড়িয়েছেন। ফলে তাদেরও বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। যদিও সরবরাহে কোনো ঘাটতি নেই বলে দাবি করে আসছেন ব্যবসায়ীরা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, দেশি মসুরের ডালের কেজি ১২৫-১৩০ টাকা। এ ছাড়া মাঝারি দানার মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা, যা কিছুদিন আগেও ছিল ৮০ থেকে ৯০ টাকা। বেড়েছে খেজুরের দামও। মানভেদে প্রতি কেজি খেজুরে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। বুটের ডালের বেসন বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি, যা কিছুদিন আগে ছিল ৮০-৯০ টাকার মধ্যে। আর খেসারির ডালের বেসন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি, যা কিছুদিন আগে ছিল ৮০ থেকে ৯০ টাকার মধ্যে। এদিকে আরেক দফা বেড়েছে মুরগি ও গরু মাংসের দাম। সোনালিকা মুরগি প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহ ছিল ২৮০ টাকা কেজি। গরুর মাংসের দাম উঠেছে ৬৫০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে রুই মাছের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে, ছোট আকারের রুই ২৬০ থেকে ৩০০ টাকা এবং বড় রুই বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি। কৈ মাছ ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে ওঠানামা করলেও এ সপ্তাহে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়। এ ছাড়া পাঙ্গাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়। তেলাপিয়া মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যা ১০ থেকে ১২ দিন আগে বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাজারে প্রতিটি পণ্যের মজুদ চাহিদার চেয়ে বেশি। ভোজ্যতেল, ডাল, চিনি, সোলা, মসলাসহ সব পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, ঘাটতির কোনো আশঙ্কা নেই। স্থিতিশীল রয়েছে দামও। সয়াবিন তেল নতুন করে কমিয়ে নির্ধারিত মূল্যেই বিক্রয় হচ্ছে। সরকার যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স এবং ভ্যাট কমিয়েছে, তার সুফল ভোক্তারা পাচ্ছেন। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স গুরুত্বের সঙ্গে কাজ করছে। বাজার অভিযান জোরদার করা হয়েছে, অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের গৃহীত পদক্ষের সুফল ভোক্তা পাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীরাও এখন অনেকটা সতর্ক হয়েছেন, পণ্যের মূল্যতালিকা দোকানে দেখা যাচ্ছে। ভোক্তার সচেতনাও বেড়েছে। পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ব্যবসায়ীদেরও আন্তরিক হতে হবে, সততার সঙ্গে ব্যবসা করতে হবে। দেশের প্রচার মাধ্যমগুলোও এ বিষয়ে দায়িত্বশীল ভ‚মিকা আশা করছি। আমরা সম্মিলিতভাবে সততার সঙ্গে চেষ্টা করলে চলমান অস্থির বিশ্ব পরিস্থিতিতেও আমাদের বাজার স্বাভাবিক থাকবে।
যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর বাজার মনিটরিং করা কথা বলা হচ্ছে। চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সর্বশক্তি নিয়ে মাঠে প্রশাসন। দাম বাড়াতে তৎপর অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে রমজান মাসজুড়ে বাজার তদারকি করবে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮টি মনিটরিং টিম বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করবে। কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদের বিরুদ্ধে তিনটি গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঢাকা সিটি করপোরেশন, র্যাব, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং জেলা প্রশাসনের একাধিক টিম বাজার মনিটরিংয়ে কাজ করবে। এ ছাড়া মাঠ পর্যায়ে তদারকি জোরদার করতে সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। আর রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং দ্রব্যমূল্য কমাতে পুরো বিষয়টির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গতকাল রাজধানীর কারওয়ানবাজারের কিচেন মার্কেটে আকস্মিক সফরে যান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের নিম্নআয়ের এক কোটি পরিবারকে বিশেষ কার্ড দিয়ে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র ভারত রমজান মাস সামনে রেখে চিনি বিক্রির আগ্রহ দেখিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে। ভোজ্যতেলের দাম কমাতে তিন স্তরে ৩০ শতাংশ ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মসুর ডালের আমদানি ও মজুদ সন্তোষজনক। এ অবস্থায় ভোগ্যপণ্যের দাম বাড়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে সরকার। রোজা সামনে রেখে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি ভোক্তাদের স্বার্থে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি অনুরোধ সংবলিত চিঠি দেওয়া হয়। তবে অসাধু ব্যবসায়ীরা এখনো দ্রব্যমূল্য বাড়াতে তৎপর রয়েছে। অতিরিক্ত মুনাফা করতে তাদের কারসাজি বন্ধ হয়নি। আর এ কারণেই কঠোর বাজার মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জানা গেছে, দেশে প্রতি বছর দেড় কোটি টনের বেশি খাদ্যপণ্য আমদানি হয়। বিশ্বের অন্যতম প্রধান খাদ্যপণ্য আমদানিকারক দেশ হলেও বাংলাদেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও মজুদের জন্য পর্যাপ্ত ও আধুনিক ব্যবস্থাপনা নেই। স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষিজ পণ্যের বড় একটি অংশ ভোক্তা পর্যায়ে পৌঁছার আগেই নষ্ট হয়ে যায়। এর ফলে সৃষ্ট ঘাটতি আমদানিনির্ভরতা আরও বেড়ে যায় বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, এক সময় ফলসহ কৃষিজ অনেক পণ্যের জন্য স্থানীয় উৎপাদনের ওপরই নির্ভরশীল ছিল বাংলাদেশ। এখন ফল আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবার আমদানিকৃত খাদ্যপণ্য সংরক্ষণেও যথাযথ ব্যবস্থাপনা দেখা যায় না। বিশেষ করে বর্ষা মৌসুমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা গুদামে অনেক খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।
প্রতি বছর বিভিন্ন উৎসবের সময়ে দেশের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। একই চিত্র দেখা যায় আমদানি পণ্যের উৎস দেশগুলোর বাজার পরিস্থিতির সামান্য পরিবর্তনের ক্ষেত্রেও। এসব ক্ষেত্রে বিশেষ করে গম, তেল ও পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বাড়ে লাগামহীনভাবে। পরিস্থিতি সামাল দিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকেও (টিসিবি) তৎপরতা বাড়াতে হয়। প্রতি বছর শুধু বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েই সংস্থাটির ব্যয় হচ্ছে ২ হাজার ৩৭৯ কোটি টাকার মতো। আবার ওএমএসে চাল বিতরণসহ নানামুখী উদ্যোগ নেওয়া হলেও বাজারে এসব কর্মযজ্ঞের শক্ত প্রভাব দেখা যায় খুব কম।











