শ্রীলংকার অর্থনৈতিক বিপর্যয় থেকে বাংলাদেশ কী শিক্ষা নেবে
মাহফুজুর রহমান
শ্রীলংকা বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। এই বন্ধুত্ব আজকের নতুন নয়। সুদূর অতীতকাল থেকেই বাংলাদেশের মানুষের সঙ্গে শ্রীলংকার মানুষের বন্ধুত্ব রয়েছে। ওপরের কথাগুলো শ্রীলংকার একটি পল্লীসংগীত। সেদেশের গ্রামে যুবকরা কোনো মেয়েকে প্রেম নিবেদন করার সময় এই কথাগুলো বলে। এখানে ছেলেটি তার প্রেমিকার কাছে প্রতিজ্ঞা করছে যে, সে যদি তার প্রেম-প্রস্তাবে রাজি হয় এবং তাদের বিয়ে হয় তা হলে সে বাংলাদেশ থেকে লাল টুকটুকে শাড়ি এনে দেবে। সে আরও ওয়াদা করছে যে, সে তাকে দানাদার মুক্তোর মালা এনে দেবে।
শ্রীলংকার এই গানটি থেকেই আমরা বুঝতে পারি যে, দীর্ঘকাল আগে থেকেই দেশটি বৈদেশিক বাণিজ্যে অভ্যস্ত। বাংলাদেশ থেকে আগেকার দিনে লাল টুকটুকে শাড়ি শ্রীলংকায় যেত। এগুলো ছিল মূল্যবান এবং মেয়েদের কাছে আকর্ষণীয়।
আমাদের বন্ধু দেশ শ্রীলংকার অর্থনীতি নানা কারণে ধসে যেতে বসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে এসে গেছে। জ্বালানি সংকট চরমে পৌঁছেছে। পেট্রল পাম্পে সম্ভাব্য গোলযোগ সামলানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিদেশ থেকে কাগজ আমদানি করতে পারছে না বিধায় পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা কাগজের অভাবে পরীক্ষা দিতে পারছে না। জ্বালানি তেল আর খাদ্য কেনার জন্য মানুষ যেন ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কেন হলো একটি অর্থনৈতিক সম্ভাবনাময় রাষ্ট্রের এই দুরবস্থা? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ছয়টি কারণে শ্রীলংকার অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। এই কারণগুলো আলোচনার আগে আমরা একটু পেছনের দিকে তাকাই।
এশিয়ার এই দ্বীপরাষ্ট্র শ্রীলংকা ভারতের দক্ষিণ উপক‚ল থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৪৮ সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৭২ সালের আগে দেশটির নাম ছিল সিলন। শ্রীলংকার রাজধানী কলম্বো; তবে সম্প্রতি এর প্রশাসনিক রাজধানী করা হয়েছে শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে। দেশের জনসংখ্যা ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে ২ কোটি ১৯ লাখ ২০ হাজার; মোট দেশীয় উৎপাদন ৮০.৭১ বিলিয়ন মার্কিন ডলার। সিংহলি ও তামিল- এ দুটো ভাষাই এ দেশের সরকারি ভাষা।
স্বাধীনতা লাভের পর থেকে ধীরে ধীরে শ্রীলংকার উত্তরাঞ্চলে পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। আর এই আন্দোলন ১৯৮৩ সালের ২৩ জুলাই তারিখে পরিণত হয় সশস্ত্র গৃহযুদ্ধে। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম কর্তৃক দ্বীপের উত্তর ও পূর্বাংশ নিয়ে তামিল ইল্ম নামে তামিল জাতিগোষ্ঠীর জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের লড়াই ছিল এটি। ১৮ মে, ২০০৯ তৎকালীন সরকার কঠোরহস্তে এই বিদ্রোহ দমন করেন। কিন্তু এর ভেতর দেশটির অর্থনীতি অনেকটাই নাজুক হয়ে পড়ে। এর আগে ২০০৪ সালে ভারত মহাসাগরে ভ‚মিকম্পের ফলে শ্রীলংকা এক বিধ্বংসী সুনামিতে আঘাতপ্রাপ্ত হয়। এতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সুনামিতে কমপক্ষে ৩৫ হাজার মানুষের মৃত্যু হয় এবং ১০ লাখ মানুষ ক্ষতির সম্মুখীন হন।
কঠোর মনোভাব নিয়ে গৃহযুদ্ধ দমনের পর দেশের সবাই একযোগে কাজ শুরু করে। এতে দেশের অর্থনীতি এগিয়ে যেতে শুরু করে এবং আন্তর্জাতিক পর্যায়ের অনেকেই দেশটিকে আগামী দিনে এশিয়ার টাইগার হতে পারে বলে মন্তব্যও করেন। বাংলাদেশসহ অনেক দেশ তাদের তৈরি পোশাক ব্যবসার কিছুটা হলেও হারাতে পারেন বলে কেউ কেউ মতামত প্রদান করেন।
সম্ভাবনাময় অর্থনীতির এই ধসের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই ৬টি কারণ তুলে এনেছেন। এগুলোর ভেতর উচ্চাভিলাষী এবং অপ্রয়োজনীয় প্রকল্পের প্রসঙ্গ এসেছে। গত ১৫ বছরে দেশটি বেশ কিছু বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে- যা বাস্তবে তাদের সাধ্যের বাইরে। এর মধ্যে সমুদ্রবন্দর, বিমানবন্দর, রাস্তা ইত্যাদি রয়েছে। কলম্বোর কাছেই সাগরের বুকে বালি ফেলে কলম্বো পোর্ট সিটি নামে একটি অত্যাধুনিক শহর নির্মিত হচ্ছে। সাগর ভরাট করে ৬৬৫ একর বা ২.৬ বর্গকিলোমিটার জমি উদ্ধারের কাজ করছে চীনের একটি কোম্পানি। চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং নামের এই কোম্পানি এই খাতে বিনিয়োগ করছে ১৪০ কোটি ডলার। এর বিনিময়ে তারা ৯৯ বছর এই ভ‚মির শতকরা ৪৩ ভাগ ভোগ করবে। এটি শেষ হতে সময় লাগবে ২৫ বছর এবং এতে খরচ হবে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। চীনের সঙ্গে মিলে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বলা হচ্ছে যে, হংকং, দুবাই এবং সিঙ্গাপুরকে টেক্কা দেওয়ার জন্যই গড়ে তোলা হচ্ছে এই অত্যাধুনিক শহরটি। আশা করা হচ্ছে, এখানে প্রায় ৮০ হাজার মানুষ বাস করবে। এরা এখানে বিনিয়োগ করবে এবং শ্রীলংকা সরকারকে ট্যাক্স প্রদান করবে। এখানে সব রকম লেনদেন হবে ডলারে।
এ ছাড়া অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে দেশে। এগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়েছে শ্রীলংকা। কিন্তু প্রকল্পগুলো পরিণত হয়েছে শ্বেতহস্তীতে। এগুলো তেমন লাভজনক হবে বলেও মনে করছেন না অনেকেই। গত কয়েক বছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ ও ধারা কমেছে। গত এক দশকে চীনের কাছ থেকে শ্রীলংকা ঋণ নিয়েছে ৫ বিলিয়ন ডলার। এ ছাড়া বিপুল পরিমাণ (মোট ঋণের শতকরা ৪৭ শতাংশ) ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন বাণিজ্যিক বন্ড ইস্যু করে।
আহরিত এসব ঋণের বিপুল অংশই ব্যয় হয়েছে অপ্রয়োজনীয় ও অলাভজনক খাতে। ২০০৭ সাল থেকে শ্রীলংকা বিক্রি শুরু করেছে সার্বভৌম বন্ড। অর্থনীতিবিদদের মতে, একটি দেশের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এ ধরনের সার্বভৌম বন্ড বিক্রি করা হয়ে থাকে। ঋণের এই অর্থ কীভাবে পরিশোধ করা হবে তা সম্ভবত শ্রীলংকা সরকার ভাবেনি। আন্তর্জাতিক সার্বভৌম বন্ডে এই মুহূর্তে শ্রীলংকার ঋণ রয়েছে ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির তহবিল থেকে এখন ঋণ পরিশোধ করাই কষ্টকর হয়ে পড়েছে।
২০১৯ সালের নভেম্বরে বর্তমান সরকার ক্ষমতায় আসে। অর্থনীতিতে গতি সঞ্চার করার উদ্দেশ্য নিয়ে দেশের কর ও ভ্যাটের হার কমিয়ে দেয় নতুন সরকার। এর আগে মাপনান্তে ২০০৯ সালে এ ধরনের উদ্যোগ নেওয়ায় তখন সুফল পাওয়া গিয়েছিল। কিন্তু এখন আয়কর ও ভ্যাট কমানোর ফলে সরকারের আয় শতকরা ২৫ ভাগ কমে গেছে। এতে দেশের অর্থনীতি সবিশেষ চাপের মুখে পড়েছে।
শ্রীলংকার আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন ও অন্তর্মুখী রেমিট্যান্স। সাম্প্রতিক করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে শ্রীলংকার এই দুটো খাত বিপর্যয়ের মুখে পড়েছে। এ দেশে সবচেয়ে বেশি পর্যটক আসে চীন থেকে। কিন্তু বর্তমানে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় চীন থেকে কোনো পর্যটক শ্রীলংকায় আসছে না। অন্যদিকে প্রবাসী শ্রীলংকানরাও করোনার কারণে চাকরি ছেড়ে দেশে ফিরে এসেছেন। ফলে বৈদেশিক রেমিট্যান্সেও ভাটা পড়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে শ্রীলংকা এই দুটো খাত থেকে প্রতিবছর ১২ বিলিয়ন ডলার আয় করত।
নতুন সরকারের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ২০১৯ সালে ক্ষমতায় এসে কোনোরূপ গবেষণা ছাড়াই দেশে অর্গানিক কৃষি চালু করে দেন। কৃষি খাতে ব্যবহারের জন্য রাসায়নিক সার ও কীটনাশক আমদানি বন্ধ করে দেওয়া হয়। এতে নেতিবাচক প্রভাব পড়ে দেশটির কৃষি খাতে। চালের উৎপাদন শতকরা ২০ ভাগ কমে যায়। ফলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশটিকে ৪৫০ মিলিয়ন ডলারের চাল আমদানি করতে হয়। চা উৎপাদনেও ক্ষতিগ্রস্ত হয় শ্রীলংকা। চা সে দেশের একটি রপ্তানি পণ্য। কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে সরকারকে ২০০ মিলিয়ন ডলার দিতে হয়।
এতসব বিশাল স্বপ্ন মাথায় নিয়ে শ্রীলংকা এখন ছিন্ন ছাতা দিয়ে ঝড় সামলানোর চেষ্টায় ব্যস্ত। আন্তর্জাতিক সংস্থাসহ প্রতিবেশী দেশগুলোর কাছে ঋণের জন্য ধরনা দিচ্ছে দেশটি। বাংলাদেশের কাছেও ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ চেয়েছে। এর আগেও বাংলাদেশ ঋণ দিয়েছে দেশটিকে।
আন্তর্জাতিক সংস্থা বা প্রতিবেশীদের কাছে ঋণ না পেলে বিপদে পড়বে শ্রীলংকা। বিদেশি ঋণের সুদ এবং কিস্তি প্রদানে ব্যর্থ হবে তারা। এর ফল হবে ভয়াবহ। জ্বালানি তেলের অভাবে দেশের বিদ্যুৎ সরবরাহ প্রতিদিন ১০ ঘণ্টা বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। রপ্তানি বাণিজ্যেও বিরূপ প্রভাব দেখা দিতে পারে। শ্রীলংকার অর্থনৈতিক ভবিষ্যৎ কী হবে তা পুরোপুরি অনিশ্চিত। বন্ধুরাষ্ট্রগুলোর উচিত শ্রীলংকার পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নইলে সম্ভাবনাময় এই দেশটি অক‚ল সায়রে স্থায়ীভাবে পতিত হবে।
বাংলাদেশের অর্থনীতি বিপুল সম্ভাবনাময়। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস আমাদের এই অগ্রগতিকে কিছুটা বাধাগ্রস্ত করেছে বটে, কিন্তু সামনের দিনগুলোতে আমাদের এগিয়ে যাওয়া চলমান থাকবে- এটাই আমাদের বিশ্বাস। এ ক্ষেত্রে শ্রীলংকার কাছ থেকে আমাদের অনেকগুলো বিষয় শেখার আছে। আমরা যেন সাধ্যের বাইরে কোনো স্বপ্ন না দেখি, সাধ্যের বাইরে কোনো উন্নয়ন প্রকল্পে হাত না দিই। দেশ-বিদেশে আজ যারা আমাদের অর্থনীতির অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে আছে, তাদের সহায়তার ছাতা সরাতে বেশি সময় লাগবে না। তাই সরকারকে অতীতের মতোই ভেবেচিন্তে কেবল প্রকৃত উন্নয়ন খাতে, আয়বর্ধক সম্ভাবনাময় খাতে, দারিদ্য্র বিমোচন খাতে হাত দিতে হবে। কল্পনার স্বর্গ নির্মাণ করতে গিয়ে কখনই আমরা যেন বিপদে না পড়ি সেদিকে নীতিনির্ধারকদের লক্ষ্য রাখতে হবে। অনিশ্চিত ভবিষ্যতে করোনার মতো আরও বড় ধাক্কা এলেও যেন আমরা এবারের মতোই সামলে উঠতে পারি সেদিকে নজর রাখতে হবে। তা হলেই দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমরা উন্নত দেশের কাতারে গিয়ে দাঁড়াতে পারব। আমরা সেদিনের প্রত্যাশায় আছি।
মাহফুজুর রহমান : চেয়ারম্যান, এক্সপার্টস একাডেমি, ভাইস চেয়ারম্যান, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এবং সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক











