‘বিদেশি শক্তি’ আমাকে সরাতে চায়: ইমরান খান
অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আগামীকাল রোববার সংসদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। তার আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন, এই অনাস্থা প্রস্তাব একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। মূলত একটি ‘বিদেশি শক্তি’ তাকে সরানোর পরিকল্পনা করছে।
গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেন ইমরান খান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র- ওহ, না যুক্তরাষ্ট্র নয়, কিন্তু একটি বিদেশি রাষ্ট্র, যার নাম আমি বলতে পারব না। আমি বলতে চাচ্ছি, এক বিদেশি রাষ্ট্রের কাছ থেকে আমরা একটি বার্তা পেয়েছি। বিরোধীরা পশ্চিমের সঙ্গে মিলে তাকে সরাতে চাইছে।’ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের অভিযুক্ত করে ইমরান খান জনগণকে বিরোধীদের বিরুদ্ধে নিয়ে যেতে চাইছেন। অনাস্থা ভোটের ফল যাই হোক না কেন, পাকিস্তান আগাম নির্বাচনের দিকে এগোচ্ছে। ইমরান খান মনে করছেন মার্কিনবিরোধী বক্তব্য দিলে তিনি আবার ক্ষমতায় ফিরতে পারবেন।
রাশিয়া যেদিন ইউক্রেনে হামলা চালায়, সেদিন মস্কো সফর করেন ইমরান খান। এরপর থেকে তিনি তার সমর্থকদের সামনে নিজেকে ‘পশ্চিমবিরোধী’ নেতা হিসেবে উপস্থাপন করছেন।
ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান ডয়চে ভেলেকে বলেন, ‘খান সম্ভবত সাম্প্রতিক সময়ে পশ্চিমবিরোধী কঠোর সমালোচনা করে বেশ কিছু দেশকে অসন্তুষ্ট করেছেন। আমার মনে হয় এমন বার্তা পাকিস্তানের সামরিক বাহিনীকেও অসন্তুষ্ট করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বেসামরিক নেতৃত্বের চেয়ে জেনারেলদের বেশি ইতিবাচক মনে হয়েছে।
প্রায় সাড়ে তিন বছর ধরে ক্ষমতায় আছেন ইমরান খান। বিরোধীরা তার বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক ও সুশীল সমাজের অ্যাক্টিভিস্টদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ এনেছে। এছাড়া তার সময়ে মূল্যস্ফীতি ও বেকারত্ব অনেক বেড়েছে।











