রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে নিরাপত্তায় সরঞ্জাম কেনা হচ্ছে

news-image

তাওহীদুল ইসলাম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো কমপ্লেক্সের মেশিন নষ্ট ২১ দিন ধরে। কবে ঠিক হবে তার ঠিক নেই। এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে ইউরোপের বাজার হারানোর ঝুঁকি। বারবার মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরই মধ্যে একটির মেরামতের খরচ নতুন কেনার কাছাকাছি। তাই জরুরি ভিত্তিতে তিনটি স্ক্যানার মেশিন পরিকল্পনা নিয়েছে সরকার।

একান্ত জরুরি হওয়ায় দরপত্রের ঝামেলা এড়াতে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি মেশিন থাকবে হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, আরেকটি ব্যবহৃত হবে চালু হতে যাওয়া নিউইয়র্কগামী ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যান করার কাজে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তাসামগ্রীর প্রতিষ্ঠান ‘লিডস এসডিএ-ইউএসএ’-এর তৈরি ‘এমভি থ্রিডি’ মডেলের সর্বশেষ প্রযুক্তির তিন সেট স্ক্যানার কিনবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৪১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকায় স্ক্যানারগুলো কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ দেশের প্রধান প্রবেশদ্বার। এ বিমানবন্দর থেকে নিয়মিতভাবে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নে সরাসরি কার্গো ও প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে। তা ছাড়া অতি শিগগিরই ঢাকা থেকে সরাসরি নিউইয়র্ক ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ফ্লাইটের যাত্রীবাহী ব্যাগেজ তল্লাশির জন্য অত্যাধুনিক ইডিএস (এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম) স্থাপন করতে হবে।

এদিকে বাংলাদেশ থেকে ইউরোপে আকাশপথে কৃষিপণ্য রপ্তানি বন্ধ রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো কমপ্লেক্সের স্ক্যানার মেশিন বিকল হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। এর আগেও কয়েকবার স্ক্যানার নষ্ট হওয়ায় রপ্তানি বাধাগ্রস্ত হয়। গত এক বছরে বেশ কয়েকবার বিকল হয়েছে। প্রতিবার অকেজো হলে সচল করতে ১৫-২০ দিনেরও বেশি সময় লেগে যায়। কখনো কখনো এক মাসও পার হয়। এতে লোকসান গোনেন ব্যবসায়ীরা। বারবার স্ক্যানার নষ্ট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ তারা। এ অবস্থায় ইউরোপের বাজার হারানোর ঝুঁকি আছে বলে মনে করছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, হযরত শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে ২০১৭ সালে স্থাপিত হয়েছে ইডিএস তথা স্ক্যানার মেশিন। এটি পুরাতন প্রযুক্তির হওয়ায় রক্ষণাবেক্ষণ খরচ বেশি। আবার মেরামত করলেও তা বেশিদিন টেকে না। তাই পুরোনো ‘মরফো ৯৮০০ডিএসআই’ মডেলের এ স্ক্যানার দুটি মেরামতের পরিবর্তে প্রতিস্থাপন করতে চায় বেবিচক।

২০১৭ সালের ১০ ডিসেম্বর রপ্তানি কার্গোর বিস্ফোরকদ্রব্য চিহ্নিত করতে দুটি ইডিএস দিয়ে অপারেশন কার্যক্রম শুরু হয়। এগুলোর ৩ বছরের ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয় ২০২০ সালের ডিসেম্বরে। দুটি ইডিএসের একটি ২০২১ সালের মে মাসে অকার্যকর হয়। আরেকটিও বারবার বিকল হতে থাকে। ঠিকাদারের মাধ্যমে এর একটি সচল করা হয়। কিন্তু বারবার কারিগরি জটিলতা দেখা দেয়। অপরটি সচল করতে যে পরিমাণ খরচ দরকার তার পরিবর্তে নতুন কেনা সমীচীন হবে বলে মনে করছে বেবিচক। দেশের সব বিমানবন্দরের নিরাপত্তাসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা ও সরবরাহ করে বেবিচকের সেন্ট্রাল প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টোর ইউনিট (সেমসু)। সেমসুর মাধ্যমেই এখন ইডিএস কিনছে বেবিচক। এ বিষয়ে বক্তব্য জানতে সেমসুর নির্বাহী পরিচালক মো. মহসীনের সঙ্গে যোগাযোগ করলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এর পর এ নিয়ে কথা বলতে চেষ্টা করা হয় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সঙ্গে। তাকেও পাওয়া যায়নি।

এদিকে প্রায় ৬ মাসের বেশি সময় হলো জাইকার অর্থায়নে শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গোর এলাকায় ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমসহ (বিএইচএস) র‌্যাপিসকান কোম্পানির আরটিটি ১১০ মডেলের সংস্থাপিত দুটি ইডিএস গত বছরের (২০২১ সাল) ২১ অক্টোবর থেকে ইইউ স্বতন্ত্র ভেলিডেশন সম্পন্ন হয়েছে। তবে যুক্তরাজ্যের ভেলিডেশন শেষ হয়নি এখনো। স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বিদ্যমান কার্গো ভিলেজের আরএথ্রি এলাকার সঙ্গে সম্প্রসারিত এলাকা অন্তর্ভুক্ত করে দুটি ইডিএসসহ অন্যান্য পদ্ধতি ব্যবহার করে শুধু ইউরোপগামী কার্গো মালামালের নিরাপত্তা স্ক্রিনিং কার্যক্রম চালুর জন্য গত ২৪ নভেম্বর অফিস আদেশ জারি করে বেবিচক।

সূত্র জানায়, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বাংলাদেশে অন্যান্য ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব রয়েছে। তদুপরি বিশেষ উদ্যোগে গার্মেন্ট চালু রাখে সরকার। করোনার ভয়াবহতা কমে এলে ইউরোপ ও আমেরিকাতে সমুদ্রপথের বিকল্প হিসেবে আকাশপথে চাপ পড়ে। ফলে বেবিচকের পক্ষে বিপুল পরিমাণ স্ক্রিনিং বিদ্যমান ইডিএস দিয়ে সম্পন্ন করা যাচ্ছিল না। তাই জট সৃষ্টি হয় কার্গোভিলেজে। রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় বিষয়টির সুরাহার জন্য একাধিকবার বৈঠক হয় মন্ত্রণালয়, বেবিচক ও ব্যবসায়ীদের মধ্যে। ইডিএসের কার্যকারিতা কার্গো রপ্তানির তুলনায় অপ্রতুল হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে গত সেপ্টেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনিও সরেজমিনে সেখানকার অব্যবস্থাপনা দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে জরুরিভাবে যন্ত্র কেনার জন্য বেবিচককে অনুরোধ করেন তখন। এ সময় ব্যবসায়ীরা বলছেন, স্ক্যানিংয়ের জন্য বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যে চার্জ নেয় তাতে অনায়াসে নতুন করে স্ক্যানার মেশিন কেনা সম্ভব।

ব্যবসায়ীরা বলছেন, ইউরোপের দেশগুলোয় সরাসরি আকাশপথে কার্গো পণ্য রপ্তানি করতে মানতে হবে ইউকে এভিয়েশন রেগুলেশন। তাদের অন্যতম শর্ত বিমানবন্দর থেকে শতভাগ পণ্য স্ক্যানিং করে পাঠানো। বিমানবন্দর, স্ক্যানিং মেশিন, স্ক্যানিং মেশিন পরিচালনাকারী, ব্যবহার পদ্ধতি-সামগ্রিক বিষয় হতে হবে ইউকে এভিয়েশন রেগুলেশনের মানদণ্ডে। এ জন্য ইউরোপ ছাড়া অন্য দেশের বিমানবন্দর ও এয়ারলাইনকে নিরাপত্তা বিষয়ে অডিট শেষে সনদ দেয় ইউকে। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি)-এর নিরাপত্তা ছাড়পত্র পেলেই কার্গোতে পণ্য পরিবহনের সুযোগ মেলে। তাই দ্রুত স্ক্যানার মেশিন সচল করা জরুরি।

দেশে কৃষিপণ্য রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফভিএপিইএ) সাধারণ সম্পাদক মনসুর আহমেদ আমাদের সময়কে বলেন, গত ৯ মার্চ থেকে স্ক্যানিং মেশিন নষ্ট। এখনো চালু হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আরও ১৫ দিন লাগবে। ইউরোপের বাজার হারাল বাংলাদেশ। ইতোমধ্যে বাজার অন্যরা দখল করে ফেলেছে। কারণ নিত্যপণ্য কেনা তো আর কেউ বন্ধ রাখবে না।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে এখন বিনা দরপত্রে ইডিএস মেশিন কেনা হচ্ছে। স্বাভাবিক প্রক্রিয়ায় দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ, মালামাল আমদানি এবং তা স্থাপনসহ অপারেশনে যাওয়া দীর্ঘ সময়সাপেক্ষ ব্যাপার। তা ছাড়া সর্বশেষ আহ্বান করা দরপত্রটি পিপিআর ২০০৮-এর সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী হয়েছে। বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশ নিয়েছে। ফলে সর্বশেষ চুক্তিবদ্ধ ঠিকাদার আপডেট এভিয়েশন লিমিটেড, ঢাকার মাধ্যমে প্রতিটি ১৩ কোটি ৫৫ লাখ টাকার দরে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ সেট ইডিএস কেনার উদ্যোগ নিয়েছে বেবিচক।

এর আগে গত জুনে সিলেটর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ কোটি ৫৫ লাখ টাকায় একটি ইডিএস (কার্গো স্ক্যানিং মেশিন) বসানো হয়। ওই দরপত্রে নাভানা ইন্টারলিংক, আপডেট এভিয়েশন ও একে এন্টারপ্রাইজ নামের ৩টি প্রতিষ্ঠান রেসপনসিভ বিবেচিত হয়। সর্বনিম্ন দরটি দ্বিতীয় সর্বনিম্ন দরদাতার চেয়ে ২ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩০১ টাকা বা ২৫.৬৭% কম। সেখানে উন্মুক্ত প্রতিযোগিতা হয়েছে। আগের মেশিনের তুলনায় তফাৎ রয়েছে। এ ছাড়া ডলারের মূল্য পরিবর্তন, আয়করের হার বৃদ্ধিসহ নানা কারণ আছে। এ ছাড়া ফ্রেইটসহ অন্যান্য খরচ বেড়েছে। সে ক্ষেত্রে তিন সেট ইডিএস-এর দাম ৪০ কোটি ৬৫ লাখ টাকা পড়ে। এরই মধ্যে অগ্রিম আয়কর বেড়ে গেছে। নানা দিক বিবেচনায় মেশিন তিনটি কেনা হচ্ছে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে।

যুক্তি হিসেবে বেবিচক আরও বলছে, পিপিএ ২০০৬-এর আইনের ধারা ৬৮(১) এ বলা আছে, সরকার, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বা বিপর্যয়কর কোনো ঘটনা মোকাবিলার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কিনতে পারবে। তা ছাড়া তিন সেট ইডিএস সরাসরি কেনায় সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন রয়েছে। তা ছাড়া এসব স্ক্যানারের ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড রাখা এবং ত্রুটি দেখা দিলে তা নিজেরাই মেরামত ও পরিচালনার প্রশিক্ষণ সুযোগ রাখার সুপারিশ আছে। পুুুুুুরো বিষয় বিবেচনায় রেখে মেশিনগুলো কিনতে চায় বেবিচক।

প্রসঙ্গত, নিরাপত্তার অজুহাতে ২০১৬ সালের ৮ মার্চ বাংলাদেশের সঙ্গে আকাশপথে সরাসরি কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্য। পরে দেশটির পরামর্শে নিরাপত্তা পরামর্শক নিয়োগ করে বিমানবন্দরের কর্মীদের প্রশিক্ষণ এবং নিরাপত্তা যন্ত্রপাতি স্থাপন করা হয়। প্রায় দুবছর পর ২০১৮ সালে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে সরাসরি আকাশপথে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাজ্য। সে সময় যুক্তরাজ্যের দেখাদেখি ইউরোপের অন্যান্য দেশও বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেয়। ইউরোপের আকাশপথে সরাসরি পণ্য পাঠাতে গেলে নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর ও এয়ারলাইনকে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) ‘এয়ার কার্গো’ অথবা ‘মেইল ক্যারিয়ার অপারেটিং ইনটু দ্য ইউনিয়ন ফ্রম অ্যা থ্রার্ড কান্ট্রি এয়ারপোর্ট (এসিসি-৩)’ এবং ‘রেগুলেশন এজেন্ট (আরএ-৩)’ সনদ নিতে হয়। আবার নির্ধারিত সময় পরপর অডিট করে ডিএফটি। বারবার রপ্তানি কার্গো কমপ্লেক্সের স্ক্যানার মেশিন দিনের পর দিন বিকল থাকলে বিমানবন্দরের প্রতি নেতিবাচক প্রভাব পড়বে। নিরাপত্তার বিষয়ে অসন্তুষ্ট হয়ে পুনরায় কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে।