রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেতার জন্যই খেলতে নামবো : মুমিনুল

news-image

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট ক্রিকেটে একটা সময় ছিল বাংলাদেশের, যখন মাঠে নামার সময় চিন্তা থাকতো ভালো খেলা, টেস্ট ম্যাচটাকে যতদুর পারা যায় টেনে নিয়ে যাওয়া, ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে ভালো কিছু করে দেখানো। আর মুখে উচ্চারিত না হলেও মনে মনে থাকতো, পরাজয়টা যেন বড় না হয়। ব্যবধানটা যেন ছোট থাকে।

দিন বদলে গেছে। বাংলাদেশ টেস্ট জিততে জানে আরও আগে থেকে। কিন্তু সে সবই ঘরের মাঠে। বিদেশের মাটিতে যে টেস্ট জিতেনি, তা নয়। তবে, বিদেশের মাটিতে বড় শক্তির বিপক্ষে টেস্ট জয়টি এসেছে এ বছরই শুরুতে, নিউজিল্যান্ডের মাটিতে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট ক্রিকেটাররাও আত্মবিশ্বাসে টইটম্বুর। এখন আগে থেকেই বেশ জোর গলায় বলতে পারে, আমরা জেতার জন্যই মাঠে নামবো। অধিনায়ক মুমিনুল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্যের কথা জানতে চাইলে অধিনায়ক মুমিনুল বলেন, ‘আমি তো সবসময় বলি যে, জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব।’

কিন্তু জেতার জন্য খেলবো বললেই তো হবে না। কিছু শর্ত তো তার আগে পূরণ করতে হবে! সেগুলো কী? বাংলাদেশ দলের অধিনায়ক বলে দিয়েছেন, ‘তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া মতো আগানো। ৫ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

বাংলাদেশ দল অভিজ্ঞতায় দক্ষিণ আফ্রিকার তুলনায় এগিয়ে। এটা বাংলাদেশের জন্য কতটা এডভান্টেজ। বাংলাদেশ অভিজ্ঞতায় এগিয়ে থাকার কারণে কী সুবিধাজনক অবস্থানে আছে? জানতে চাইলে অধিনায়ক মুমিনুল বলেন, ‘অভিজ্ঞতায় একটু হয়ত এগিয়ে থাকব। কিন্তু সুবিধা ওরাও পাবে। যেমন ওরা ঘরের মাঠে খেলছে। তো দুই দলেরই কিছু কিছু সুবিধা থাকবে। কিন্তু বড় জিনিস হলো ৫ দিন ১৫ টা সেশন ভালা খেলা। ভালো জায়গায় বল করা, ভালো ব্যাটিং করা। চাপের জিনিসগুলো ভালোভাবে মানিয়ে নেয়া, জেতা গুরুত্বপূর্ণ।’

ওয়ানডে সিরিজ জয়ের কারণে বাংলাদেশ মানসিকতার দিক থেকে কী এগিয়ে থাকবে। ওয়ানডে সিরিজে জয় টেস্ট জয়ে কেমন ভূমিকা রাখবে? মুমিনুল বলেন, ‘আপনি যখন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন। এরমধ্যে যখন আগের সিরিজ যেমন ওয়ানডে সিরিজ জিতে যাবেন, তখন আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন।’

তবে ফরম্যাট যেহেতু ভিন্ন, সে কারণে সতর্ক মুমিনুল। তিনি বলেন, ‘যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা নিউজিল্যান্ডে কিভাবে খেলেছিলাম, ওই সময় প্রক্রিয়াগুলো ছিল সেগুলো আবার সামনে আনতে হবে। ওখানে যেই ভুল বা পিছিয়ে ছিলাম সেই জায়গাটায় কাজ করতে হবে। তো সবমিলিয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই আছে কিন্তু ওভারঅল নতুন করে শুরু করতে হবে।’

দল কেমন হবে সে ধারণাটা দিতে পারেননি মুমিনুল। প্রশ্ন করা হলে শুধু এটুকু বললেন, ‘কম্বিনেশন! সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। কাল উইকেট দেখে সিদ্ধান্ত নেব। কারণ কন্ডিশনের বিষয়টা অনেক ভিন্নতা থাকে।’

বাংলাদেশ দলের বোলিং শক্তি এখন বেশ ভালো। এটা দলকে কতটুকু এগিয়ে রাখবে? মুমিনুল বলেন, ‘(আমাদের) মূল শক্তি হচ্ছে বোলিং। এর আগেও বলেছিলাম হোম কন্ডিশনে যেখানেই খেলেন, স্বাগতিক দলটা অবশ্যই সুবিধা পাবে। বিপরীতে আমরাও এই সিরিজে অভিজ্ঞতার দিক থেকে একটু সুবিধা পাব। দিন শেষে যারা নিজেদের প্রক্রিয়া ধরে রাখতে পারবে, চাপ কাটিয়ে উঠবে তারা সফল হবে।’

ডারবানে তো পেসাররা সুবিধা পেতে পারেন বেশি। যদিও মুমিনুল জানাচ্ছেন, ডারবান কেন, সব উইকেটই পেস বান্ধব। সঠিক প্রক্রিয়াটা ধরে রাখতে পারলে ভালো ফল আসবে। তিনি বলেন, ‘ডারবানে না দক্ষিণ আফ্রিকার উইকেট সবসময়ই পেসবান্ধব। পেসাররাই বেশি সুবিধা পাবে। তবে যেমন উইকেটই বলি, একটা প্রসেসে বল করা, সঠিক জায়গায় বল করে ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করা সেটা বেশি গুরুত্বপূর্ণ।’

তবে পেস বান্ধব উইকেট হলেও ব্যাটারদের সতর্ক করতে ভুললেন না টেস্ট অধিনায়ক। মুমিনুল বলেন, ‘পেস বান্ধব উইকেট মানে এই না যে রান হবে না। পেস উইকেট মানে এই না যে গেলাম আর আউট হয়ে গেলাম। নিউজিল্যান্ড সিরিজে যদি দেখেন, ওখানেও রান হয়েছে। কিন্তু পেস বোলাররা সুবিধা বেশি পায় বা উইকেট বেশি পাবে। তো আমার ধারনা যে পেস বোলাররা উইকেট বেশি পাবে।’

পেসারদের ওপরই মূল ভরসা মুমিনুলের। তিনি বলেন, ‘বিদেশে টেস্ট ম্যাচ জিততে হলে পেস বোলারদের পারফরম করা গুরুত্বপূর্ণ। ওর যদি ভালো জায়গায় বল করতে পারে, দ্রুত ব্রেক থ্রু এনে দিতে পারে সেটা খুবই কাজে দেয়। আর আমার পেসারদের কয়েকজন তো ওয়ানডে সিরিজে খেলেছে, শেষ কিছুদিন ওরা ভালো বিশ্রাম নিয়েছে। তো আমার কাছে মনে হয় ওরা বেশ ফুরফুরে মেজাজে আছে।’

নিজের ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে মুমিনুল বলেন, ‘আমার ব্যাক্তিগত কোন লক্ষ্য নাই। দলের অবস্থা বুঝে খেলার চেষ্টা করি। সেশন বাই সেশন কিভাবে ব্যাট করতে পারি সেটা চেষ্টা করি। নিজের লক্ষ্য নাই, দলের লক্ষ্যটাই পূরণ করতে চেষ্টা করি। আর শর্ট বলের যে কথাটা বললেন সেটা নিয়েও আমরা কাজ করছি। একটা সময় আসে যখন পেসাররা কিছু করতে পারে না তখন শর্ট বল দিয়ে চেষ্টা করে ওই সময় হয়ত বেশি লম্বা সময় থাকে না। মেক্সিমাম ১০ ওভার হয়। তো ওই সময় চাপটা কিভাবে সামলে উঠতে পারেন সেটা ম্যাটার করে। তো আমাদের দলে যারা আছে তারা সবাই টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার। তো তারা জানে এই চাপটা কিভাবে কাটানো যায় বা প্রেসারটা ধরে রাখা যায়।’