রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত আমার সঙ্গে আছে : তামান্না

news-image

আব্দুল্লাহ আল মামুন
‘সবার এতো অনুপ্রেরণা পেয়েছি যে মনে হয়নি আমার দুটি হাত নেই। ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত আমার সঙ্গে আছে এরকম বোধ করেছি।’ আমাদেরসময়ের সম্মাননা গ্রহণ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেন তামান্না আক্তার নূরা।

আজ সোমবার দৈনিক আমাদেরসময়ের ১৮ বছর পদার্পণ উপলক্ষে রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধান কার্যালয়ের আম্রকাননে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১৮ তরুণ ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় সম্মাননা। তামান্না আক্তার নূরা পা দিয়ে লিখে শিক্ষা জীবনে চারবার জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। আমাদেরসময়ের পক্ষ থেকে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তামান্নার বাবা পুরস্কার গ্রহণ করেন।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভিনের মেয়ে।

সম্মাননা অনুষ্ঠানে তামান্না উপস্থিত সবার সঙ্গে নিজের সংগ্রামী জীবনের গল্প তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদেরসময়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সম্মাননা দেওয়ায় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মাননা পুরষ্কার পেয়ে অনেক আনন্দিত হয়েছি।’

অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আপ্লুত তামান্না বলেন, ‘আমার অভিব্যক্তি ভাষায় প্রকাশ করার মতো না। আমি মনে করি অনুপ্রেরণা পেলে আমাদের সমাজে যারা প্রতিবন্ধী আছে তারা সবাই এগিয়ে যেতে সক্ষম হবে। অনেক আক্ষেপ নিয়ে নূরা বলেন, ‘জন্মের সময় থেকে সবকিছু এরকম ছিল না, এখন যেমন দেখা যাচ্ছে। আমার এগিয়ে যাওয়ার পেছনে আমার ও পরিবারের অনেক প্রতিবন্ধকতা ছিল। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। যখন অনেক ছোট ছিলাম অর্থাৎ জন্মের সময় আমার বাবা-মাকে অনেক কথা শুনতে হয়েছে, তারা নাকি পাপ করেছেন! সে সময়ের কথাগুলো এখন আমাকে অনেক ব্যথিত করে। আরও ব্যথিত হই যখন আমাকে স্কুলে ভর্তি করার উদ্যোগ নেয় তখন; অনেক প্রতিষ্ঠান ভর্তি নিতে চায়নি। ওই সময় এতোটা মর্মাহত হয়েছিলাম, আমার পরিবারকে কাদঁতে হয়েছিল।পরবর্তীতে অনেক চেষ্টার পরে স্কুলে ভর্তি হতে সক্ষম হই।’

তামান্নার শৈশবের স্মৃতি শুনে উপস্থিত অতিথিদের অনেকের চোখের কোণে জল জমে। স্মৃতিচারণে তামান্না বলেন, ‘ছোটবেলায় মাটিতে বসে পায়ে কাঠি নিয়ে খেলছিলাম। আম্মু বিষয়টি লক্ষ্য করে বলেন, মা তোমাকে লিখতে হবে। আমি হতবাক হয়ে বললাম কীভাবে লিখব। কীভাবে পারব আমি। আম্মু তখন বলেন, আমাকে হয় মুখ দিয়ে নয় তো পা দিয়ে লিখতে হবে! তখন থেকে মুখ দিয়ে লেখার চেষ্টাটা শুরু হয়। প্রথম যেদিন লেখা শুরু করি তখন আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়, এরপর পা দিয়ে লেখার অবিরাম চেষ্টা চলতে থাকে। পরবর্তীতে মহান আল্লাহর ইচ্ছায় পা দিয়ে লিখতে সক্ষম হই। আমার পরিবারের চোখের জল কখনো নিজের হাতে মুছে দিতে পারিনি, তবে চেষ্টা করেছি তাদের মুখে সামান্য হাঁসি ফোটানোর। সেই চেষ্টার সফলতাই আজকের সম্মাননা। এরপর আরও এক চমক ছিল ১৩ ফেব্রুয়ারি যখন রেজাল্ট দেবে। আমি কি আবারও আমার বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারব। আমার শিক্ষাপ্রতিষ্ঠান প্রতি মুহূর্ত আমাকে অনুপ্রেরণা দিয়েছে, তাদের সম্মান রক্ষা করতে পারব তো। এরপর যখন ফল প্রকাশ হয়, আমি জিপিএ-৫ পাই, সফল হই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ ফেব্রুয়ারি সারসরি ফোনে কথা বলে অনুপ্রেরণা দেন এবং আমার ফলাফলে আনন্দিত হয়ে অভিনন্দন জানান। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানা আপা এবং শিক্ষামন্ত্রী দীপু মনি আপাও আমার সঙ্গে কথা বলেন। সবার এতো অনুপ্রেরণা পেয়েছি যে মনেই হয়নি আমার দুটি হাত নেই!

সবাইকে উদ্দেশ করে তামান্না বলেন, ‘আমি যে সমাজ থেকে উঠে এসেছি এবং আমার জীবনে যত প্রতিবন্ধকতা ছিল, তা পরিবার ও আমি জানি। আমার মতো হাজারো তামান্না আছে সমাজে, পথে-ঘাটে আনাচে-কানাচে। অনেক সময় পরিবারও এমন হয়ে থাকে, আমাদের মতো শিশুকে পরিচয় দিতে দ্বিধা বোধ করে। কিন্তু আমার পরিবার একদম ভিন্ন; তারা আমার কাছে সুপারস্টার।’

নিজের লক্ষ্যের কথাও শোনান তামান্না। বলেন, তার খুব ইচ্ছা ছিল ডাক্তার হবেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব নয়। সে কারণে মাইক্রোবায়োলজিতে পড়ালেখা শেষে গবেষণায় মন দিতে চান। পাশাপাশি বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্নও দেখেন আমাদেরসময়ের সম্মাননায় অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়ে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন অদম্য তামান্না।

ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী বলেন, তামান্না আমাদের নতুন পথ দেখিয়েছেন। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উদাহরণ। তামান্না আমাদের দেশ-জাতির সামনে উদাহরণ এবং আদর্শ। শুধু দেশ নয়, সারাবিশ্ব যেন তামান্নাকে অনুসরণ করে সেই আশা ব্যক্ত করেন তিনি।

তামান্নার উদ্দেশে তিনি বলেন, ‘তুমি এগিয়ে যাও। আমাদেরসময় তোমার সঙ্গে আছে।’ তামান্না যতদূর লেখাপড়া করতে চায় সব ব্যয়ভার বহন করার আশ্বাস দেন তিনি।