১৮ বছরে আমাদের সময় : সম্মাননা পাচ্ছেন আঠারো তরুণ-তরুণী ও প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের ১৮ বছরে পদার্পণ করছে পাঠক সমাদৃত জনপ্রিয় দৈনিক আমাদের সময়। ‘পথ চলতে আঠারো যায় না থেমে’- এ স্লোগানকে সামনে রেখে আগামীকাল ২৮ মার্চ উদযাপিত হবে দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উদীয়মান ১৮ তরুণ-তরুণী ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। যারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখছে এবং গৌরব বয়ে আনছে তাদের মধ্য থেকেই বাছাই করে দেওয়া হচ্ছে এ সম্মাননা। এদের মধ্যে রয়েছেন- মোর্নাক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান; বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর নাহিয়ান; দুই হাত ও ডান পাবিহীন চতুর্থবার জিপিএ-৫ পাওয়া তামান্না আক্তার নুরা; ফারজানা ড্রয়িং একাডেমির স্বত্বাধিকারী ফারজানা; অভিনেতা সিয়াম আহমেদ; ‘ফুটস্টেপস’র প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী; ওয়ান্ডার ইউমেনের প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন সাবা, অগ্রগামী স্থানীয় ভ্রমণকারী মুমিনুল হক ফাহিম; আইসিডিডিআর,বি-এর মা ও শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী বিজ্ঞানী আনিস উদ্দিন আহমেদ; লেখক মাহবুব ময়ূখ রিশাদ; ইন্সপায়ারিং উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মেম্বার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশি সৈয়দ সাদিয়া হোসেন; সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিচার্স, বাংলাদেশের (সিপিআরবি) প্রকল্প ব্যবস্থাপক এবং সহযোগী বিজ্ঞানী মো. আল-আমিন ভূঁইয়া; বিষয়বস্তু নির্মাতা, মডেল ও সামাজিককর্মী সোবিয়া আমীন এবং ‘গোল্ডেন বয় অব মুয়ে থাই’ মাসজেদুল রেজা ওমিও। সংগঠন হিসেবে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন; বিদ্যানন্দ ফাউন্ডেশন; স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনা এবং পাঠাগার জলসিঁড়ি।
মোর্নাক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান ২০১৪ সালে মাত্র ১৮ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে প্রায় ২৫০ লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর নাহিয়ান একাধারে একজন কবি, ইঞ্জিনিয়ার, হুইলচেয়ার ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের ক্ষমতায়নের জন্য কাজ করায় ২০২০ সালে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাইন্ডেশনের পক্ষ থেকে সিআরআইর উইংস ইয়াং বাংলা প্রবর্তিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০’ গ্রহণ করেন।
দুই হাত ও ডান পাবিহীন চতুর্থবার জিপিএ-৫ পাওয়া তামান্না আক্তার নুরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীনের মেয়ে। শুধু বাম পা দিয়ে লিখেই নুরা পিইসি, জেএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। ফারজানা ড্রয়িং একাডেমির স্বত্বাধিকারী ফারজানা ২০১৭ সালের ২১ জানুয়ারি প্রথম একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে দেন। সেটি ছিল একটি ফলের স্কেচ করার ভিডিও। প্রথম বছরেই ইউটিউবের স্বীকৃতি স্বরূপ পান ‘সিলভার প্লে বাটন’ এবং গত বছর ১০ লাখ গ্রহক হওয়ায় পান ‘গোল্ড বাটন’। অভিনেতা সিয়াম আহমেদ ‘ভালোবাসা ১০১’ নাটকে আফনানের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র পোড়ামন-২। বিশ্বসুন্দরী সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন।
দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যাবশ্যক উন্নয়ন হাতিয়ার তৈরির জন্য নিরাপদ এবং বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রতিক্রিয়ার মতো বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে ‘ফুটস্টেপস’। এর প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী মাত্র ১৭ বছর বয়সে এটি প্রতিষ্ঠা করেন। ‘ওয়ান্ডার ইউমেন’ এমন একটি প্লাটফরম, যা ভ্রমণ সহায়তার পাশাপাশি নারী ভ্রমণকারীদের সংযোগ এবং বাংলাদেশের নারীদের ভ্রমণ অভিজ্ঞতার আয়োজন করে। এর প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন সাবা।
অগ্রগামী স্থানীয় ভ্রমণকারী মুমিনুল হক ফাহিম তার আবেগকে পরিবেশ সংরক্ষণের প্রতি ভালোবাসার সঙ্গে একত্রিত করেছেন। ফাহিম ইতোমধ্যে সারাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন এবং সব জেলায় করেছেন বৃক্ষ রোপণ। ২৩ বছর বয়সী এ যুবক ইতোমধ্যে সারাদেশে প্রায় এক হাজারের বেশি গাছ রোপণ করেছেন। আইসিডিডিআর,বি-এর মা ও শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী বিজ্ঞানী আনিস উদ্দিন আহমেদ বাংলাদেশের উপকূলীয় এলাকায় স্তন ক্যানসারের প্রথমিক শনাক্তকরণের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সিপিএপিসিটি বাড়ানোর কাজ করছেন। পেশায় চিকিৎসক মাহবুব ময়ূখ রিশাদ নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে ময়ূখ গল্পকার হিসেবে জনপ্রিয়। ‘আরিমাতানো’, ‘তর্কশয্যায় মৃত্যু’, ‘ক্রুশপথে নিখোঁজ গল্প’, ‘সান্ধ্যকালীন ট্রেনে গোপন যাতায়াত’, ‘নির্জনতার জ্যামিতিক বিষণ্নতায়’ তার উল্লেখযোগ্য বই। ইন্সপায়ারিং উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মেম্বার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশি সৈয়দ সাদিয়া হোসেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপের চেয়ারপারসন থাকাকালীন সাদিয়া নারীর ক্ষমতায়নের প্রচার এবং মানবিক সমস্যা সমাধানের জন্য ১৫টিরও বেশি বিভিন্ন ইভেন্ট, কর্মশালা ও আউটরিচ প্রোগ্রামের ব্যবস্থা করেছেন।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিচার্স, বাংলাদেশের (সিপিআরবি) প্রকল্প ব্যবস্থাপক এবং সহযোগী বিজ্ঞানী মো. আল-আমিন ভূঁইয়া গ্রামীণ অঞ্চলে ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠার গবেষণায় নেতৃত্ব দিয়েছেন, যাতে ৯ থেকে ৪৭ মাস বয়সী শিশুদের মধ্যে ডুবে মৃত্যুর সংখ্যা কার্যকরভাবে হ্রাস করা যায়। বিষয়বস্তু নির্মাতা, মডেল ও সামাজিককর্মী সোবিয়া আমীনকে সম্প্রতি জনপ্রিয় ভারতীয় ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার নতুন কো-অর্ড সেটের মডেল হিসেবে দেখানো হয়েছে। ‘গোল্ডেন বয় অব মুয়ে থাই’ মাসজেদুল রেজা ওমিও বাংলাদেশের প্রথম মুয়াই থাই টুর্নামেন্টে সোনা জিতেছেন, যা তার জন্য আইএফএমএ এশিয়ান মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পথ প্রশস্ত করেছে।
ডা. নিরুপম দাসের হাত ধরে ২০১৯ সালের ২০ জুন প্রতিষ্ঠিত হয় অনলাইন প্লাটফরম বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। বিডিএফ চিকিৎসকদের নিরাপত্তা ও জনকল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির কোভিডকালীন ভূমিকা সবচেয়ে বেশি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা প্রদান করাই মূল উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির। অন্যতম প্রধান কাজ হলো পথশিশু ও অক্ষম বৃদ্ধদের প্রতিদিন এক টাকার বিনিময়ে খাবার প্রদান করা। বঞ্চিত শিশু ও আগামীর সম্ভাবনা এ স্লোগানকে সামনে রেখে ২০১১ সালে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’। নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও শিশুদের নিশ্চিত ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি। নেত্রেকোনার দীপক সরকারের ‘পাঠাগার জলসিঁড়ি’, যা বর্তমানে জেলার সীমানা পেরিয়ে পুরো দেশে অনুপ্রেরণার সৃষ্টি করেছে।











