সৈয়দ এন্টারপ্রাইজ ৭০ টন সার ভেজাল করেছে
ইউসুফ আরেফিন
চট্টগ্রামের ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) কমপ্লেক্স লিমিটেডের কারখানা থেকে যশোরে পাঠানো ৭০ টন টিএসপি সার ভেজালের প্রমাণ পেয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। চট্টগ্রামের মাঝিরঘাটের পরিবহন ঠিকাদার ‘মেসার্স সৈয়দ এন্টারপ্রাইজ’ এমন জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। গত ১৭ মার্চ সরকারি ভর্তুকির বিপুল পরিমাণ এ টিএসপি সার নকল সন্দেহে যশোরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামে ঢুকতে না দিয়ে পাঁচটি ট্রাকসহ জব্দ করা হয়। পথে আসল সার বিক্রি করে নকল সার গুদামে পাঠানোর অভিযোগে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি জব্দ সারের নমুনা পরীক্ষা করে ‘ভেজাল’ পেয়েছে। ফলে ভেজালকারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের দায়ে মামলা করবে বিসিআইসি। এ ছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্স
ও সিকিউরিটি বাজেয়াপ্ত করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
এ প্রসঙ্গে বিসিআইসির চেয়ারম্যান (গ্রেড-১) শাহ মো. ইমদাদুল হক আমাদের সময়কে বলেন, আমরা বিষয়টি নিয়ে বিশেষ একটি সভা করেছি। সিদ্ধান্ত নিয়েছি সৈয়দ এন্টারপ্রাইজের সিকিউরিটি বাতিল করে তাদের নামে ফৌজদারি অপরাধে মামলা করব। কারণ তাদের জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে যেন আর কেউ এমন দুর্নীতি করতে না পারে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, টিএসপি কমপ্লেক্স লিমিটেডের কারখানা থেকে নেওয়া আসল সার বিক্রি করে দিয়ে বস্তায় ভেজাল সার ঢোকানো হয়। ভেজালকারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের ২ কোটি ৫৬ লাখ টাকা সিকিউরিটি হিসেবে বিসিআইসির কাছে জমা রয়েছে। ৭০ মেট্রিক টন সারের মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। এই টাকার দ্বিগুণ অর্থাৎ ৮৮ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে সিকিউরিটি থেকে কেটে রাখবে বিসিআইসি।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষালব্ধ ফল টিএসপিএলের উৎপাদিত টিএসপি সারের গুণগত মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, যা সম্পূর্ণ ভেজাল। গত ফেব্রুয়ারিতে টিএসপি সারের গড় আর্দ্রতা (ময়েশ্চার) ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। মার্চের ২২ তারিখ পর্যন্ত গড় আর্দ্রতা ৫ দশমিক ৯০ শতাংশ। এ ছাড়া টোটাল ফসফেটের গড়মান ফেব্রুয়ারি ও মার্চে ৪৪ দশমিক ৮০ শতাংশ ছিল; যা আদর্শমান ৪৬ শতাংশের খুব কাছাকাছি। অথচ জব্দ করা সারের ১০টি নমুনার মধ্যে ৯টিতে প্রাপ্ত টোটাল ফসফেট মাত্র ২৬ দশমিক ৮৬ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৭ দশমিক ৮৭ শতাংশ পাওয়া গেছে; যা আদর্শ মান থেকে খুবই কম। এই মানের টিএসপি সার দিয়ে কৃষকের ফসলের কোনো উপকারই হবে না।
প্রতিবেদনে বলা হয়, টিএসপিএলের ফসফেটিক সার তৈরির দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় সংগৃহীত নমুনার টোটাল ফসফেট কম পাওয়ার পরিপ্রেক্ষিতে তার পরিবর্তে অন্য কোনো কম্পোনেন্ট বেশি থাকতে পারে সে চিন্তাভাবনা করে সালফেট এনালাইসিস করা হয়। তাতে দেখা যায়, অধিকাংশ নমুনায় সালফেটের পরিমাণ কারখানায় উৎপাদিত টিএসপি সারে বিদ্যমান সালফেটের (৪-৬ শতাংশ) চেয়ে অনেক বেশি।
তদন্ত কমিটি তাদের মতামতে বলেছে, জব্দ করা ৫টি ট্রাকের টিএসপি সারের ব্যাগের ভিন্নতা, ব্যাগের মুখের সেলাইয়ের অসঙ্গতি এবং সংগৃহীত ১০টি নমুনার ল্যাব টেস্ট রিপোর্ট অনুযায়ী স্পষ্টই প্রমাণ হয় যে, জব্দ করা টিএসপি সারগুলো পুরোপুরি ভেজাল। পরিবহন ঠিকাদার উৎপাদিত সারে ভেজাল মিশিয়ে কার্যাদেশ লঙ্ঘনের পাশাপাশি ফৌজদারি অপরাধ করেছে। ফলে ক্রয়াদেশের শর্ত অনুযায়ী পরিবহন ঠিকাদারকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। সৈয়দ এন্টারপ্রাইজ টিএসপিএলের উৎপাদিত সারে ভেজাল মিশিয়ে টিএসপি সার উৎপাদনকারী একমাত্র রাষ্ট্রীয় সারকারখানার দীর্ঘদিনের সুনাম ক্ষুণেœর অপচেষ্টা করেছে। পরিবহন ঠিকাদার ভেজাল সার সরবরাহের মাধ্যমে কৃষকদের ঠকানোর পাশাপাশি দেশের কৃষি উৎপাদন বিপন্ন করার অপচেষ্টা করেছে। এ জন্য সৈয়দ এন্টারপ্রাইজকে দোষী সাব্যস্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
প্রতিবেদনে বলা হয়, টিএসপিএলের উৎপাদিত সারের বস্তার সঙ্গে ৫টি ট্রাক থেকে সংগৃহীত টিএসপি সারের বস্তা এবং বস্তার মুখের সেলাই সঙ্গতিপূর্ণ আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখা হয়। যাচাই করা অধিকাংশ বস্তার মুখের সেলাই টিএসপিএলের ইনটেক বস্তার মতো পাওয়া যায়নি। অধিকাংশ পলিব্যাগে টিএসপিএলের প্রথম সেলাই খোলার চিহ্ন (ট্রেস) বিদ্যমান ছিল, যা টিএসপিএলের প্রথম সেলাই খুলে দ্বিতীয়বার সেলাই করার প্রমাণ। ট্রাকে রক্ষিত বস্তার অবস্থা সামঞ্জস্যপূর্ণ মনে না হওয়ায় যশোর বাফার গুদামের ইনচার্জ এবং গুদামে কর্মরত উপস্থিত কর্মকর্তা, ঠিকাদারের লোকাল প্রতিনিধি ও ট্রাক ড্রাইভারের উপস্থিতিতে উল্লিখিত ৫টি ট্রাকের মধ্যে প্রতি ট্রাক থেকে দুটি করে মোট ১০টি বস্তা থেকে সারের নমুনা সংগ্রহ করে তদন্ত কমিটি। নমুনাগুলো ২১ মার্চ টিএসপিসিএলের কারখানার ল্যাবরেটরিতে পরীক্ষার পর ভেজাল সার প্রমাণ হয়। ল্যাব রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের অনুলিপি দৈনিক আমাদের সময়ের হাতে পৌঁছেছে।
বিসিআইসির কর্মকর্তারা জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রামের মাঝিরঘাটের পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এন্টারপ্রাইজকে যশোরে বাফার গুদামে সরকারি ভর্তুকির সার পরিবহনের কার্যাদেশ দেয় চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স। প্রতিষ্ঠানটি তার পর থেকে সার পরিবহন করে আসছিল। গত ১৭ মার্চ টিএসপি কমপ্লেক্স থেকে ৭০ মেট্রিক টন (১৪০০ বস্তা) সার ৫টি ট্রাকে যশোরে বাফার গুদামে নেয় সৈয়দ এন্টারপ্রাইজ। কিন্তু সার দেখে বাফার গুদাম কর্তৃপক্ষের সন্দেহ হয়। ১৮ মার্চ সার খালাস বন্ধ করে টিএসপি কমপ্লেক্সে লিখিত অভিযোগ জানায় তারা। পরে ট্রাকসহ সারগুলো জব্দ করার নির্দেশ দেওয়া হয়। ১৯ মার্চ টিএসপি কমপ্লেক্সের উপপ্রধান রসায়নবিদ রেজাউল হক, ব্যবস্থাপক (উৎপাদন) শফিকুল কবীর এবং বিসিআইসির উপপ্রধান হিসাবরক্ষক নির্মল কুমার দত্তকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি করা হয়। তারা ২০ মার্চ যশোর সফর করে জব্দ করা সারের নমুনা সংগ্রহ করে। ২১ মার্চ টিএসপিসিএলের কারখানার ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়। ২৩ মার্চ তারা সারগুলো ভেজাল প্রমাণ করে তদন্ত প্রতিবেদন জমা দেন।
চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমানকে একাধিকবার ফোন করা হয়েছে। তিনি ফোন ধরেননি। এ প্রতিবেদক তার পরিচয় দিয়ে খুদেবার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।
পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আহসান হাবীবের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সার জব্দ হওয়ার পর তিনি গণমাধ্যমের কাছে দাবি করেন, ওই সার নকল নয়। সার পাল্টে যাওয়া কিংবা তাদের কাছ থেকে ভেজাল হয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
প্রসঙ্গত, যশোরের বাহাদুরপুরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসির) বাফার গুদাম রয়েছে। ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থেকে যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্যে সার বিক্রি করে সরকার।











