রাজধানীতে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। নিহতের মধ্যে একজন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত আরেকজনের নাম সামিয়া আরেফিন প্রীতি (২৪)। তিনি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুন্না। তিনি নিহত টিপুর গাড়িচালক বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, শাহজাহানপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষ মারা গেছেন। গুলিবিদ্ধ আরেকজনের চিকিৎসা চলছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানতে পারিনি।











