কাল আদালতে হাজির করা হতে পারে সম্রাটকে
আদালত প্রতিবেদক : ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আগামীকাল মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে। দুর্নীতি দমন কমিশনের জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তার বিরুদ্ধে এদিন অভিযোগপত্র আমলে গ্রহণের দিন ধার্য্য রয়েছে।
২০১৯ সালের ৬ অক্টোবর থেকে কারাগারে রয়েছেন সম্রাট। তার বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়।
মামলায় ওই বছর ১৭ নভেম্বর আদালত সম্রাটের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি তদন্তের পর ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার বাদী চার্জশিট দেন। কিন্তু সম্রাট ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে কারা নিয়ন্ত্রণাধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির না করায় মামলা এগোয়নি।
জানা গেছে, মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। সম্রাটের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী শুনানি করবেন। এদিন সম্রাটের পক্ষে জামিন আবেদনেরও শুনানি হবে। বিচারক কেএম ইমরুল কায়েশ এ শুনানি গ্রহণ করবেন।২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় সম্রাট ঢাকা থেকে কুমিল্লা পালিয়ে যান। এরপর ওই বছর ৬ অক্টোবর কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।











