মেজর মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল
আদালত প্রতিবেদক : বহুল আলোচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৬ মে দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষগ্রহণের দিন ঠিক ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহার আকন্দ এদিন সাক্ষ্য দিতে আসেননি।
এর আগে মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ দুজন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দিয়েছেন আদালত। মৃত্যুর কারণে অব্যাহতি পাওয়া আরেকজন হলেন- মেজর জেনারেল (অব.) আব্দুল লতিফ। মামলার অপর আসামিরা হলেন- লেফন্টেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান শামস, মেজর (অব.) কাজী এমদাদুল হক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্রগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার সময় মন্জুরকে আটক করে পুলিশ। এরপর ওই বছরের ২ জুন তাকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন এবং মৃত্যুর সনদপত্র পেতে দেরি হওয়ায় ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই অ্যাডভোকেট আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।
১৯৯৫ সালের ২৭ জুন এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
দীর্ঘ ১৯ বছর মামলাটি বিভিন্ন কারণে ঝুলেছিল। বিচার চলাকালে পর্যায়ক্রমে ২২ বিচারক বিচারিক কার্যক্রমে নিয়োজিত ছিলেন। বিভিন্ন কারণে তারা সবাই বদলি হন। ২০১৪ সালের ২২ জানুয়ারি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। কিন্তু ওই ধার্য তারিখের আগেই বিচারক বদলি হওয়ায় নতুন বিচারক রায় থেকে পুনঃযুক্তিতর্ক শুনানির জন্য ওই বছর ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এরপর ২৭ ফেব্রুয়ারি পুনঃযুক্তিতর্কের ধার্য দিনে রাষ্ট্রপক্ষ মামলাটির তদন্তে কিছু ত্রুটি উল্লেখ করে অধিকতর তদন্তের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ওই অধিকতর তদন্ত শেষে গত বছর ১২ জানুয়ারি পুলিশ সম্পূরক অভিযোগপত্র দেয়।











