বিনিয়োগের তিনগুণ বেশি মার্জিন ঋণ
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে মার্চেন্ট ব্যাংকগুলো পুঁজিবাজারে যথাযথ ভূমিকা রাখছে না। তারা মূল কার্যক্রমের বাইরে মার্জিন ঋণের কারবারে বেশি ঝুঁকে পড়েছে। প্রাপ্ত তথ্য বলছে, মার্চেন্ট ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগের তিনগুণের বেশি মার্জিন ঋণ দিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের চেয়ে ঋণ দিতেই বেশি ব্যস্ত। তাদের এই আচরণ পুঁজিবাজারের ক্ষতিই বেশি করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মার্চেন্ট ব্যাংকের মূল কাজ হলো- পুঁজিবাজারে নতুন কোম্পানি আনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং আন্ডাররাইটিং। অন্য কাজের মধ্যে রয়েছে করপোরেট পরামর্শ দেওয়া, ঋণ সিন্ডিকেশন করা, চলতি মূলধনের অর্থায়নের ব্যবস্থা, বিল ডিসকাউন্ট করা, ইজারা অর্থায়নের ব্যবস্থা করা, ভেঞ্চার ক্যাপিটালের ব্যবস্থা করা ইত্যাদি। দেশে মার্চেন্ট ব্যাংকের সংখ্যা প্রায় ৬৬টি। এর মধ্যে ব্যাংকগুলোর সহযোগী মার্চেন্ট প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি। এসব মার্চেন্ট ব্যাংক পুঁঁজিবাজারে বিনিয়োগ করেছে তিন হাজার কোটি টাকা, যার আর্থিকমূল্য বেড়ে এখন হয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা। অন্যদিকে প্রতিষ্ঠানগুলো এ পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের মার্জিন ঋণ হিসেবে দিয়েছে প্রায় ৯ হাজার ৮০০ কোটি টাকা। এর মধ্যে গত চার বছরেই মার্জিন ঋণ বেড়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা।
সূত্রগুলো বলছে, পুঁজিবাজারে যখন পতনের মুখে পড়ে, তখন যেসব হিসাব মার্জিন ঋণে পরিচালিত হয়, সেগুলোতে ফোর্স সেল বেশি হয়। মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ার কিনে বাজার স্থিতিশীলতার পরিবর্তে ফোর্স সেলেই বেশি মনোযোগী হয়ে পড়ে। এর মাধ্যমে মার্চেন্ট ব্যাংকগুলো মুনাফাসহ তাদের পুঁজি ঠিকই তুলে নেয়। কিন্তু ক্ষতির মুখে পড়ে সাধারণ বিনিয়োগকারী। যদি মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ না দিয়ে নিজেরা বিনিয়োগ করত, তা হলে লোকসানে তারা শেয়ার বিক্রি করত না। ফলে বাজারে ফোর্স সেলও তৈরি হতো না। তাদের ফোর্স সেলের কারণে সাধারণ বিনিয়োগকারীরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, বাজারের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ মার্চেন্ট ব্যাংকের মুনাফালোভী আচরণ। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনের সময় তারা শেয়ার কেনার কাজটি করছে না। এর পরিবর্তে মার্জিন ঋণ দেওয়াটাকেই প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ বিনিয়োগের পরিবর্তে ঋণ দেওয়াই মূল কাজ মনে করছে মার্চেন্ট ব্যাংক।
মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান আমাদের সময়কে বলেন, মার্জিন ঋণ মূল ফাংশনের মধ্যে পড়ে কি পড়ে না সেই বিতর্কে আমি যেতে চাই না। তবে ব্যবসার অংশ হিসেবে এটি করছি। বাজার স্থিতিশীলতায় মার্চেন্ট ব্যাংক ভূমিকা রাখবে- এটি কোথাও লেখা নেই। আবার বাজারের খারাপ সময়ে শুধু আমরা কিনব- এটি মার্চেন্ট ব্যাংকের অ্যাসাইনমেন্টের মধ্যে নেই। বাজারে সবাই বিনিয়োগকারী। যে যখন মনে করবে, সে বিনিয়োগে যাবে, যে যখন মনে করবে সে বিরত থাকবে। এ ক্ষেত্রে প্রত্যেকেই স্বাধীন। তিনি বলেন, আমরা মার্জিন ঋণ দিতে চাই না। এটি আমাদের ঝুঁকি বাড়ায়। কিন্তু মার্জিন ঋণ না দিলে বিনিয়োগকারীরা তাদের কাছে যায় না। ফলে বাধ্য হয়েই মার্জিন ঋণ দিতে হয়।
সংশ্লিষ্টরা জানান, পুঁজিবাজারের বিদ্যমান শেয়ারের বেশিরভাগ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে। তারাই বাজার নিয়ন্ত্রণ করে। তাদের হাতেই রয়েছে মূলধনের বড় অংশ। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা সংখ্যায় বেশি হলেও তাদের হাতে মূলধন একেবারেই কম, মার্জিন ঋণ বেশি।
২০১০ সালে বাজারে অস্থিরতার পেছনে বেশ কয়েকটি মার্চেন্ট ব্যাংকের ভূমিকা ছিল বলেও অভিযোগ রয়েছে। ধারাবাহিক দরপতনের ওই সময় ৫-৬টি বড় মার্চেন্ট ব্যাংক শেয়ার কেনা থেকে বিরত ছিল।











