রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স্কদের গ্লুকোমা বোঝার উপায়

news-image

ডা. মো. ছায়েদুল হক
গ্লুকোমা চোখের এমন একটি অবস্থা, যেখানে চোখের প্রেসার বা চাপ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে। ফলে চোখের স্নায়ু বা রেটিনাল নার্ভ ফাইবার ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধত্ব ডেকে আনে। রক্তচাপের মতোই চোখেরও চাপ আছে। এর নাম ইন্ট্রাঅকুলার প্রেসার বা আইওপি।

গ্লুকোমার কারণ : সাধারণত পারিবারিক প্রভাব এবং অনেক ক্ষেত্রে এক ধরনের জিনের ত্রুটি বা মিউটেশন গ্লুকোমার জন্য দায়ী।

গ্লুকোমার রিস্ক ফ্যাক্টর : রিস্ক ফ্যাক্টর মানে সরাসরি কারণ না হলেও কিছু কিছু বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে কোনো কোনো রোগের প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হয়। মনে করা হয়, বিদ্যমান অবস্থার সঙ্গে রোগের একটা পরোক্ষ সম্পর্ক থাকতে পারে। ফলে এগুলো পরিহার করে চললে রোগটির প্রাদুর্ভাব কমে যাবে। বিদ্যমান অবস্থাগুলোই হলো রোগটির রিস্ক ফ্যাক্টর। গ্লুকোমার ক্ষেত্রে এমন কিছু রিস্ক ফ্যাক্টর শনাক্ত করা হয়েছে। যেমন- চল্লিশোর্ধ্ব বয়স, পারিবারিক প্রভাব, রেস বা গোত্র-বর্ণ ইত্যাদি; কিছু মেডিক্যাল কন্ডিশন, যেমন- ডায়াবেটিস, মায়োপিয়া বা দূরদৃষ্টির সমস্যা, স্টেরয়েড ড্রপ ব্যবহার, জন্মনিরোধক বড়ি সেবন ইত্যাদি।

বয়স্কদের গ্লুকোমা : সাধারণত চল্লিশোর্ধ্ব বয়সে পরিলক্ষিত হয়। প্রাথমিকভাবে গ্লুকোমা দুইভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রাইমারি ও সেকেন্ডারি। প্রাইমারি হলো, চোখের অন্য কোনো অসুস্থতা ব্যতিরেখেই সমস্যাটি দেখা দিতে পারে। আর সেকেন্ডারি হলো প্রাথমিক কোনো অসুস্থতার জটিলতা হিসেবে চোখের প্রেসার বেড়ে গ্লুকোমা দেখা দেয়। এছাড়াও গ্লুকোমাকে চোখের নিজস্ব গড়নের ওপর ভিত্তি করে দুইভাগে আলোচনা করা যায়। একটি হলো ওপেন এঙ্গেল গ্লুকোমা এবং দ্বিতীয়টি হলো ন্যারো এঙ্গেল গ্লুকোমা।

উপসর্গ : ওপেন এঙ্গেল গ্লুকোমার তেমন একটা উপসর্গ থাকে না। প্রাথমিক অবস্থায় বড়জোর একটু চোখ জ্বালাপোড়া বা পানি পরার মতো সমস্যা থাকে, যেটি খুব একটা গুরুত্ব বহন করে না। শেষ ধাপে এসে দৃষ্টিসমস্যা দেখা দেয়। আমরা এ সমস্যাগুলোই উপসর্গবিহীন গ্লুকোমা বলার চেষ্টা করি।

ন্যারো এঙ্গেল গ্লুকোমায় তীব্র উপসর্গ থাকে। যেমন- হঠাৎ কুয়াশার মতো বা রঙধনু দেখা, চোখে প্রচ- ব্যথা, চোখ লাল, চোখে পানি ঝরা, দৃষ্টি কমে যাওয়া, মাথাব্যথা, অনেক সময় পেট ব্যথা ও বমিরভাব কিংবা বমিও হতে পারে। ন্যারো এঙ্গেল গ্লুকোমার উপসর্গ সবসময় থাকে না। স্বাভাবিক সময়ে চোখের প্রেসার স্বাভাবিক থাকে। ফলে কোনো উপসর্গ থাকে না। বিশেষ অবস্থার প্রেক্ষিতে কোনো সময় হঠাৎ চোখের প্রেসার বেড়ে যায়। চোখের প্রেসার বেড়ে যাওয়ার এ সময়টি প্রথম দিকে স্বল্পস্থায়ী হয়। এটিকে বলা হয় একিউট এ্যাটাক। বারবার এ্যাটাক হলে চোখের প্রেসার বৃদ্ধির বিষয়টি স্থায়ীরূপ লাভ করতে পারে। কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর, যেমন- অন্ধকার কক্ষে টিভি দেখা, উপুড় হয়ে শুয়ে পড়া বা স্ক্রিনে কাজ করা, চোখে মাইড্রিয়েটিক জাতীয় ড্রপ প্রয়োগ করা, ইমোশনাল স্ট্রেস, টপিরামেট জাতীয় ওষুধ সেবন একিউট এ্যাটাক তরান্বিত করে।

গ্লুকোমা শনাক্তকরণ : গ্লুকোমার দুটি নিয়ামক হলো চোখের প্রেসার ও রেটিনার স্নায়ুর পরিমাপ।

চোখের প্রেসার : গ্লুকোমা শনাক্তে প্রাথমিক কাজ হলো চোখের প্রেসার বা আইওপি পরিমাপ করা। আইওপি-র স্বাভাবিক মাত্রা ধরা হয় ২১ মিমি অব মার্কারি। কারও কারও বেলায় আইওপির স্বাভাবিক মাত্রা কিছুটা কমবেশি হতে পারে। তাই কেবল আইওপির ওপর ভিত্তি করে গ্লুকোমা শনাক্ত করতে গেলে কিছুটা ফাঁক থেকে যায়।

রেটিনাল নার্ভ ফাইবার : রেটিনার স্নায়ু বা নার্ভ ফাইবার পরিমাপের পদ্বতির নাম ভিজ্যুয়াল ফিল্ড। পরিমাপের প্রত্যক্ষ বা সরাসরি পরিমাপটি হলো ওসিটি এবং অপ্রত্যক্ষ বা ইনডাইরেক্ট পদ্বতি হলো ভিজ্যুয়াল ফিল্ড এনালাইসিস। এতে কি পরিমাণ নার্ভ ফাইবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা আভাস পাওয়া যায়। চোখের উচ্চচাপ এবং ক্ষতিগ্রস্ত নার্ভ এই দুয়ে মিলে বলে দেয় কারো গ্লুকোমা আছে, কি নেই। গ্লুকোমার উপসর্গ থাকুক বা না থাকুক, এটি সর্বসময় অন্ধত্বের কারণ। তাই গ্লুকোমা কোনোভাবেই অবহেলা করা যাাবে না।

লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন

প্রাক্তন সহযোগী অধ্যাপক

জাতীয় চক্ষুবিজ্ঞান প্রতিষ্ঠান ও হাসপাতাল

চেম্বার : কনসালট্যান্ট, আইডিয়াল, আই কেয়ার সেন্টার, ৩৮/৩-৪ রিং রোড, শ্যামলী, আদাবর, ঢাকা। ০১৯২০৯৬২৫১২