পুলিশ হেফাজতে নির্যাতন, তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
আদালত প্রতিবেদক : পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে রাজধানীর কোতয়ালী থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছে এক স্বর্ণ ব্যবসায়ী। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাজিব কর রাজু নামে ওই ব্যক্তি এ মামলা করেন।
বিচারক কেএম ইমরুল কায়েশ বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানান। তবে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এ বিষয়ে আদেশ দেননি বলে জানান সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
মামলার আসামিরা হলেন- কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান ও জলিল এবং এএসআই ফরিদ ভূঁইয়া।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে কোনো অভিযোগ ছাড়াই এসআই মিজান ও এএসআই ফরিদ ভূঁইয়া সাদা পোশাকে ভুক্তভোগীর ৬৯ নম্বর গোয়ালনগর কোতয়ালীর বাসায় সিলিং ভেঙ্গে প্রবেশ করে। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ভুক্তভোগী রাজুকে হাতকড়া পরিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে। এসময় বাসা তল্লাশি করে ১১ লাখ ৫৮ হাজার ৩৩৮ টাকার স্বর্ণ এবং তার মায়ের চোখ অপারেশন করার ৪১ হাজার ৩০০ টাকা ছাড়াও বাসা থেকে মোবাইল, ল্যাপটপ থানায় নিয়ে যায়। সেখানে নিয়ে তার ওপর নির্যাতন চালায়। নির্যাতনে রাজু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে তাকে আবার থানায় নিয়ে তাকে পাঁচ লাখ টাকা দিতে বলে। না হলে অস্ত্র, মাদক মামলার আসামি বানিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আবারও নির্যাতন করা হয়। পরবর্তীতে রাজুর পরিবার দুই দফায় দুই লাখ টাকা দেয় তাদের। নির্যাতনে অসুস্থ হয়ে ভুক্তভোগী প্রায় এক বছর হাসপাতালে চিকিৎসা নেন। এবিষয়ে রাজু থানায় মামলা করেন।











