তাহসান-মিথিলা-ফারিয়াকে অব্যাহতির আবেদন
আদালত প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ পাঁচজনের অব্যাহতির আবেদন করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর রাজিব হাসান সম্পতি এই প্রতিবেদন দাখিল করেছেন। আজ বুধবার ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ইশারত আলী জানান, আগামী ২৭ মার্চ এ প্রতিবেদনের ওপর শুনানি হবে।
অব্যাহতির সুপারিশ করা অপর দুই আসামি হলেন-প্রতিষ্ঠানটির প্রধান বিপনণ কর্মকর্তা এস এম আরিফ রেজা হোসাইন ও এক্সিকিউটিভ অপারেশন আবু কায়েস। আবু কায়েসের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলেও পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। নাম-ঠিকানা পেলে পরবর্তীতে তার বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমন্ডি থানায় মামলাটি করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়।











