এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষের অপেক্ষায় বসে আছে রেল!
নিউজ ডেস্ক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বহু বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে নির্মাণকাজ চলা এই উড়াল সড়ক নিয়ে আগ্রহ আছে যানজটে নাকাল রাজধানীবাসীর। এটির কাজ কবে শেষ হবে তা নিয়েও আছে আলোচনা-সমালোচনা। নাগরিকদের মতোই উড়াল সড়কটির নির্মাণ কবে শেষ হয় সেই অপেক্ষায় বসে আছে রেলওয়ে কর্তৃপক্ষও! নাহ, কার-বাসের মতো ওই উড়াল সড়কে ট্রেন চলবে না। আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের কারণে থমকে আছে গুরুত্বপূর্ণ প্রকল্প ঢাকা-টঙ্গী রেলপথ সম্প্রসারণকাজ। উড়ালসড়ক শেষ হলে তবেই শুরু হবে রেলের কর্মযজ্ঞ।
সংশ্লিষ্টরা জানান, রেললাইনের পথ ধরেই নির্মাণ হচ্ছে এই উড়াল সড়ক। এর কাজ শেষ না হলে শুরু হবে না ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইনের কাজ। ততদিন কাক্সিক্ষত মাত্রায় বাড়বে না ট্রেনের সংখ্যাও। তবে বাড়বে রেলের ওই প্রকল্পের নির্মাণকাল ও খরচ। অবশ্য অন্য সংস্থার সঙ্গেও এ নিয়ে জটিলতা আছে। তাই রেলপথটির সম্প্রসারণকাজ বাধামুক্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সহজ করা জরুরি। বর্তমানে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ডাবল লাইন রয়েছে। এখন টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লাইন করা খুবই জরুরি হয়ে পড়ছে। বর্তমানে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রমের সুযোগ দিতে থেমে থাকে।
বিমানবন্দর-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পিপিপির মাধ্যমে ৮ হাজার ৯৪০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি ২০১১ সালের জুলাই থেকে ২০১৪ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের কথা ছিল। কিন্তু এখনো কাজ চলছে। কবে শেষ হবে বলা মুশকিল। বনানী থেকে কমলাপুর পর্যন্ত রেললাইনের ওপর দিয়ে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলছে।
এ নিয়ে ‘ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডবল লাইন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া বলেন, উড়াল সড়কসহ বেশ কয়েকটি কারণে রেলের প্রকল্পের কাজে দেরি হচ্ছে। উড়াল সড়কের কাজ শেষ না হলে ওই অংশে রেলপথের কাজ সম্ভব নয়। একই কথা বলেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম আকতার। তিনি বলেন, কাজ করতে প্রকল্প এলাকায় ফাঁকা জায়গা দরকার। উড়াল সড়কের কাজের সঙ্গে রেলের কাজ একসঙ্গে চলতে পারবে না। তাই আমাদের কাজের পর তাদের করতে হবে।
রেল সূত্র জানায়, বর্তমানে যমুনা নদীতে বঙ্গবন্ধু রেলসেতু করা হচ্ছে ডবল লাইনের। জয়দেবপুর থেকে ঈশ্বরদী ডবল লাইন না করলে এবং ঢাকা থেকে জয়দেবপুর তৃতীয় ও চতুর্থ লাইন না করলে ওই সেতু নির্মাণের সুফল মিলবে না। তাছাড়া সারাদেশের যে কোনো গন্তব্য থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত ট্রেন ভ্রমণ নির্বিঘœ করতে ওই রেলপথ সম্প্রসারণের বিকল্প নেই। এখন নির্মাণকাজের বিলম্বের কারণে নতুন করে মেয়াদ বাড়াতে হচ্ছে। আরেক দফা সংশোধন করতে হচ্ছে প্রকল্পের ডিপিপি।
জানা গেছে, টঙ্গী থেকে জয়দেবপুর অংশের কাজ গত ডিসেম্বরেই শেষ করার কথা। কিন্তু সাইটে মালামাল পৌঁছাতে দেরি, পাথর ও সিøপারসহ অন্যান্য নির্মাণসামগ্রী সময়মতো সরবরাহ করতে না পারায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তাছাড়া করোনায় আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ ছিল; ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল ও পণ্য সময়মতো আসতে পারেনি। প্রকল্পটি ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন।
এ প্রকল্পের বিমানবন্দর স্টেশন এলাকায় রেলপথ সম্প্রসারণ করা যাচ্ছে না। সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) রেকর্ডভুক্ত জমি দরকার। বিমানবন্দরে মাল্টিমোডাল হাব করা হবে। এ নিয়ে বেবিচকের সঙ্গে জমিসংক্রান্ত জটিলতা রয়েছে। বহুদিন ধরে চিঠি চালাচালি করেও সমাধান হয়নি। একই অবস্থা মহাখালী ডিওএইচএস এলাকায়। সেখান থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত অংশে রেলের তৃতীয় লাইন করতে পর্যাপ্ত জমি নেই। ক্যান্টনমেন্টের বাউন্ডারি ওয়ালের এক থেকে দেড় মিটার ভেতরে নিতে হবে। এজন্য সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমি ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে রেল। ওই অংশের জমি ব্যবহারে অনুমতি না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ ঝুলে আছে।
তাছাড়া ঢাকা থেকে বিমানবন্দর সেকশনে বিদ্যমান রেললাইনের উভয় পাশে অবৈধ স্থাপনা, অন্যান্য সংস্থার পরিষেবা সংযোগ রয়েছে। ড্রেন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদির কারণেও কাজে সমস্যা হচ্ছে। খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলক্রসিং পর্যন্ত অংশে সমস্যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্মিত রাস্তা। রেলপথটির সমান্তরালে ওই রাস্তা। এ রকম নানা সমস্যায় রেলপথ সম্প্রসারণ কাজ করতে পারছে না প্রকল্প কর্তৃপক্ষ। এ নিয়ে রেল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়কে সম্পৃক্ত করে এগুলোর দ্রুত সমাধান করতে হবে।
15
Shares
facebook sharing buttontwitter sharing button











