২১ টাইব্রেকারের বারুদে ঠাসা ফাইনালে লিগ কাপ শিরোপা লিভারপুলের
স্পোর্টস ডেস্ক : এই ম্যাচ টাইব্রেকারে কিভাবে গড়ায় সেটিই হয়তো এখন পর্যন্ত বোধগম্য নয় দর্শকদের কাছে। আবার টাইব্রেকারেও যা হলো সেটিও হয়তো এখনও হজম করতে পারছেন না অনেকেই। অবিশ্বাস্য এই ফাইনালে নীলের সমুদ্র ছাপিয়ে লাল আগুনের শিখাই জ্বলে উঠলো উত্তেজনার চরম মাত্রায় গিয়ে।
ইংলিশ লিগ কাপের ফাইনালে চেলসি-লিভারপুল দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় পুরো ৯০ মিনিট জুড়ে উত্তেজনা ছড়ালো বেশ। কেউ যেন কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। শেষমেশ ২২ টাইব্রেকারের এই ফাইনাল জিতে শিরোপাটা নিজেদের ঘরেই নিয়ে গেলো লিভারপুল।
উত্তেজনায় ঠাসা এই ম্যাচে শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেছিলো দুই দল। মাঠের দুই দলের লড়াইটা এদিন ছড়িয়ে পরলো ডাগআউটেও। লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ আর চেলসির টমাস টুখেল। ইংলিশ লিগের সবচেয়ে টেকনিক্যাল দুই কোচের লড়াই। সেখানে শেষমেশ জয়ী ইয়ুর্গেন ক্লপই।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। পুরো ম্যাচে উত্তেজনার পারদ ছড়িয়ে মূল ম্যাচ ও অতিরিক্ত সময়ে ম্যাচের স্কোরলাইন ছিল গোলশূন্য।
যেই টাইব্রেকারে এসে শিরোপার নিষ্পত্তি সেখানেও হলো সমানে সমানে লড়াই। দুই দলের ১১ জনকেই আসতে হলো শট নিতে। প্রথম ২১ শটের প্রতিটিই গেছে প্রতিপক্ষের জালে। সাডেন ডেথের ১১ নাম্বার শটটি মিস করে বসলেন চেলসির গোলরক্ষক কেপা আরিজেবালাগা। আর তাতেই যেন লিগ কাপ চ্যাম্পিয়ন হওয়ার বাধভাঙ্গা উচ্ছ্বাসে ভেঙে পড়লো সালাহ-মানেদের লিভারপুল।
নির্ধারিত সময়ের খেলায় ৫৫ শতাংশের বেশি বল দখলে রেখে ২০ টি শট নেয় লিভারপুল, যার ছয়টিই ছিলো লক্ষ্যে। চেলসির ১১ শটের চারটিই লক্ষ্যে। তবে গোল আসেনি কারোর কপালেই। নির্দাহ্রিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের খেলাতেও চিত্রটা পাল্টায়নি আর।
টাইব্রেকারের শুরুতেই জেমস মিলনারের গোলে এগিয়ে যায় লিভারপুল। প্রথম শট নিতে এসে চেলসির মার্কো আলোনসোও গোল করেন। লিভারপুলের ফ্যাবিনহো, ভ্যান ডাইক, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নোল্ড, মোহাম্মদ সালাহ একের পর এক গোল করেই চলেন।
চেলসিও কম কিসে! আলোনসোর পর লুকাকু, হাভার্টজ, জেমস আর জর্জিনহোও লক্ষ্যভেদ করেন। এক পর্যায়ে গিয়ে দুই দলের ১০ টি করে শটই জড়িয়ে যায় জালে। শট নিতে বাকি শুধু দুই দলের গোলরক্ষক। সেখানেই বাজিমাত লিভারপুলের কোয়েমিন কেলেহারের। নিজের শটে নিয়ে চেলসির কেপাকে বোকা বানিয়ে বল জালে জড়ান আই আইরিশ।
চেলসির হয়ে শেষ শট নিতে এসেই গড়মিল পাকিয়ে ফেলেন টাইব্রেকারের ঠিক আগ মুহুর্তে বদলি হয়ে নামা কেপা। স্নায়ু ধরে রাখতে না পেরে গড়বড় করে বসলেন শট নিতে এসে। শটটা রাখতে পারলেন না পোস্টের ভেতরেই। উড়িয়ে মারলেন বারের উপর দিয়ে।
রুদ্ধশ্বাস এই ফাইনাল শেষে শিরোপা জিতে বাধভাঙ্গা উল্লাসে মাতেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আর এবার চ্যাম্পিয়ন হয়েই ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে ইংলিশ লিগ কাপের সবচেয়ে বেশিবার (৯ বার) চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও করে ফেললো লিভারপুল।











