রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিট থাকতে শরীর ফিট

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের আগে রিহার্সাল ও নাচের জন্য শরীরকে ফিট রাখার চাপ থাকে তারকাদের ওপর। এই পরিস্থিতিতে একাধিক বলিউড তারকা নিজেকে ফিট রাখতে বহু ধরনের ডায়েট চার্ট মেনে চলেন। কারণ বলিউডে শরীর ফিট মানেই অভিনয়ে হিট, এমনটাই বলা হয়। একনজরে দেখা যাক বলিউড তারকাদের ডায়েট চার্ট

শাহরুখ খান

খাবার খাওয়ার ব্যাপারে সব সময়ই কড়া নিয়ম মেনে চলেন শাহরুখ খান। এই যেমন ডুবো তেলে ভাজা ও মসলাযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলেন। নিজের শরীরকে ফিট রাখার জন্য দুপুর আর রাতের খাবারে বেশি গুরুত্ব দেন সালাদকে। থাকে স্যুপ। তবে মাংস খাওয়ার ব্যাপারে রয়েছে আপত্তি। পার্টিতে অবশ্যই যান, তবে সেখানে সাধারণত কোনো খাবার বা পানীয় ছুঁয়ে দেখেন না।

আমির খান

প্রতিটি ছবিতে আমির খানকে দেখা যায় একদম ভিন্ন লুকে। কখনো ওজন বাড়ান, কখনো কমান। এজন্য কঠোর পরিশ্রম করেন তিনি। ডা. নিখিল ধুরন্ধরের পরামর্শ অনুযায়ী কড়া নিয়ম মেনে ডায়েট চার্ট অনুসরণ করেন। ইন্ডিয়া টুডেকে এক সূত্র জানিয়েছে, আমির খান প্রতিদিন সবজি ও রুটি খান। আর পরিমাণমতো প্রোটিন।

অক্ষয় কুমার

নিজের ফিটনেসের জোর বাড়াতে নিজের মতো করে কসরত করে যান অক্ষয় কুমার। তিনি হাই প্রোটিনের ডায়েটের সঙ্গে সবজি খাওয়ায় বিশ্বাসী। তার খাদ্য তালিকায় থাকে পরোটা, দুধ, হালকা তেলে সেদ্ধ করা সবজি। এ ছাড়া সকালে ডিমের সাদা অংশ থেকে তৈরি অমলেট খেতে পছন্দ করেন অক্ষয়।

জন আব্রাহাম

তার শরীর নিয়ে বডি বিল্ডিং করা অনেকেই বেশ ঈর্ষান্বিত! তবে বহু বছর ধরে নিজের শরীরকে একইভাবে সুঠাম রেখেছেন। প্রচুর ফল নিজের ডায়েটে রাখেন জন। এ ছাড়া ডিমের সাদা অংশ তিনি নিজের ডায়েটে রাখতে পছন্দ করেন।

মালাইকা অরোরা

ফিটনেসের নিখুঁত ধারায় কার্যত মাত করে দিচ্ছেন মালাইকা অরোরা। বহু বছর ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী সকাল শুরু করেন দেশী ডায়েট দিয়ে। নাস্তায় তিনি পোহা, ইডলি, আর মৌসুমি ফল খান। পরবর্তীকালে দিনের বাকি অংশে বিভিন্ন ধরনের বাদাম খেয়ে থাকেন তিনি। এর সঙ্গে চলে তার জিম সেশন।

কারিনা কাপুর

মা হওয়ায় কারিনা আলাদা করে বেবিফ্যাট শরীরে জমতে দেননি। মাতৃত্বের সময়ও তিনি ব্যায়ামে বিশ্বাসী ছিলেন, মাতৃত্বের পর তিনি জিমে যেতেন ফিটনেসের জন্য। এর সঙ্গে ডায়েটে ভাত রাখতেন। অনেকেই মেদ হওয়ার ভয়ে ভাত খেতে চান না, তবে কারিনা খেয়ে থাকেন খিচুড়ি।

ঋত্বিক রোশন

‘ওয়ার’ ছবির জন্য বেশ ঘাম ঝরিয়েছেন। জিমে চিরকালই সময় কাটাতে ভালোবাসেন। আর জিমে ঘাম ঝরানোর পাশাপাশি ডিমের সাদা অংশ, মাছ, ব্রকোলি, চিকেন, আর হালকা তেলে ভাপে হওয়া সবজি খেয়ে থাকেন। দুটি খাবারের সময়ের মাঝে ২ ঘণ্টার ফারাক রাখেন এই তারকা।

দীপিকা পাড়ুুকোন

নিজের ফিটনেস ধরে রাখার জন্য একাধিক অভ্যাস পালন করেন। তার ডায়েট চার্টে থাকে ডিমের সাদা অংশ, গ্রিলড ফিশ, কম ফ্যাটের দুধ, আর প্রচুর সবজি। সাধারণত দক্ষিণ ভারতীয় খাবারে ভাত বা চালের তৈরি খাবার খাওয়ার অভ্যাস বেশি থাকে। তবে দীপিকা সেদিকে পা বাড়ান না।

রাধিকা আপ্তে
আমি খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কখনই কঠোর হতে পারি না। মনে হয়, পেটের সঙ্গে, মনের সঙ্গে এ মহা অন্যায়। আমি সব খাই। কিন্তু গাণিতিকভাবে এই সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রাখি। বিশেষ করে ছুটিতে বাড়ি থাকলে তো আমি চুটিয়ে খাই। ডায়েটিশিয়ানের ফোন ধরতেও ইচ্ছা করে না।’ রাধিকা আরও যোগ করেন, ‘তবে হ্যাঁ, পরের সপ্তাহে আমি ঠিকই স্বাস্থ্যকর খাবার খাই। নাচের প্র্যাকটিস বাড়িয়ে দিই। হাঁটি, সাঁতার কাটি, সাইক্লিং করি। মাঝে মাঝে সফট মিউজিক ছেড়ে ইয়োগা করি। জিমে গিয়ে ব্যায়াম করা আমার পোষায় না। আমি বিশ্বাস করি, আমরা যদি একটু বুঝে ব্যালান্স করে খাই, তা হলে কখনই কঠোর ডায়েটের দরকার পড়বে না।’ তবে খাবারের তালিকা থেকে আলু আর চিনিকে বিদায় করেছেন রাধিকা। খান না তেলে ভাজা কিছুই। তবে হ্যাঁ, কলা দিয়ে বানানো চিপস খান।