রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাথা নোয়াবে না কিয়েভ

news-image

কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন ‘জ্বলে-পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়’… ইউক্রেনের রাজধানী কিয়েভের হয়েছে সেই দশা। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, বোমার শব্দ, রাস্তায় সাঁজোয়া যান… তবু দেশ রক্ষায় লড়ে যাচ্ছে ইউক্রেনের সেনাসহ আপামর জনতা। অন্তত গতকাল রুশ হামলার তৃতীয় দিনে এই চিত্রই উঠে এসেছে।

বিবিসির খবরে বলা হয়, গতকাল শনিবার স্থানীয় সময় সকাল থেকেই কিয়েভে আক্রমণ শুরু করেছে রুশবাহিনী। বেশ কয়েকটি ভবন ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে। কিন্তু কিয়েভের পক্ষ থেকে শক্ত প্রতিরোধ তৈরি করা হয়েছে বলে ইউক্রেনের সেনারা দাবি করেছে। শনিবার সকালে ইউক্রেনের সেনা ফেসবুকে পোস্টে জানিয়েছেন, তাদের ঘাঁটির কাছে রুশবাহিনীকে শক্ত জবাব দেওয়া হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিওবার্তায় বলেছেন, দখলদার বাহিনী আমাদের রাষ্ট্রের কেন্দ্রকে কব্জা করতে চেয়েছিল… কিন্তু আমারা তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছি। শুধু রাজধানী কিয়েভ নয়, বেশ কয়েকটি বড় শহরেই হানা দিয়েছে রুশবাহিনী। কয়েকটি শহরে বড় ধরনের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিকতোর লেশকো বলেছেন, রুশ আগ্রাসনে গত তিন দিনে ১৯৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

ধারাবাহিক উত্তেজনার জের ধরে গত বৃহস্পতিবার ভোর থেকে রুশবাহিনী ইউক্রেনে সর্বাত্মক হামলা চালায়। গতকাল হামলার তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র ৩০ কিমি দূরে রুশবাহিনী অবস্থান করছে। রুশবাহিনী প্রথম দফায় প্রতিরোধের মুখে পড়ায় তারা পুনরায় আক্রমণের পরিকল্পনা করছে বলে মনে করছেন সমর-বিশ্লেষকরা। এ ছাড়া পূর্বাঞ্চলের শহর খারকিভে রুশবাহিনী আক্রমণ করছে। ওই শহরের কর্তৃপক্ষ বিপদসংকেত বাজিয়ে চলছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের শহর

ওদিসায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়া বলছে, তারা দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর ম্যালিটোপোল দখল করেছে। তবে যুক্তরাজ্য এতে সন্দেহ প্রকাশ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পশ্চিমাঞ্চলের শহর লভিভে রুশবাহিনীর পরবর্তী টার্গেট হতে পারে।

ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, কিয়েভ কর্তৃপক্ষ এক বিবৃতিতে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছেন এবং তারা যদি বাড়িতে অবস্থান করেন সেক্ষেত্রে জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ওলেকসি ডেনিলোভ সংবাদমাধ্যমকে বলেছেন, পরিস্থিতি আমাদের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। তার কথায়, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আগ্রাসন রুখে যাচ্ছি। সেনা ও নাগরিকদের নিয়ন্ত্রণে রয়েছে কিয়েভ। গতকাল পর্যন্ত কিয়েভে বিদ্যুৎ, ইন্টারনেট ও মোবাইল সংযোগ অটুট ছিল।

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি গতকাল শনিবার এক ভিডিওবার্তায় দেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আগের ভিডিওগুলো আবদ্ধ কক্ষে ধারণ করা থাকলেও গতকাল তাকে খোলা স্থানে কথা বলতে দেখা গেছে। এ সময় তিনি বলে, আমি এখানেই আছি। আমরা অস্ত্র সমর্পণ করব না। আমরা আমাদের দেশকে রক্ষা করব। ভিডিওবার্তায় তিনি আরও বলেন, আমরা আমাদের সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য লড়াই করব। কিয়েভসহ বড় বড় শহর আমাদের সেনারাই নিয়ন্ত্রণ করছে। দখলদার বাহিনী আমাদের দেশের কেন্দ্রস্থল দখল করতে চেয়েছিল কিন্তু আমরা তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছি।

কিয়েভ থেকে সাংবাদিক ওরলা গুইরিন জানিয়েছেন, প্রকৃতপক্ষে এখানে কোনোই নিরাপদ স্থান নেই। সর্বত্র শ্বাসরুদ্ধ পরিস্থিতি। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবন দেখে মনে হতে পরে এটি আসলে কোনো চলচ্চিত্রের দৃশ্য। তবে ওই হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু এতে অবাক হওয়ার কিছু নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বেশিরভাগ লোক শহর ছেড়ে চলে গেছে।

রুশ সেনাবাহী যুদ্ধবিমান ভূপাতিত

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, রুশ সেনাবাহী একটি যুদ্ধবিমান রাজধানী কিয়েভের কাছে ভূপাতিত করা হয়েছে। ওই বিমানে রাশিয়ার অনেক প্যারামিলিটারি সদস্য ছিলেন বলেও দাবি করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী ফেসবুকে পোস্টে এ দাবি করেন। যে বিমানটি বিধ্বস্তের দাবি করা হয়েছে সেটিতে সর্বোচ্চ ১৬৭ জন সেনা ও ৬-৭ জন ক্রু থাকতে পারে।

এদিকে রুশ আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যেগুলো বেশিরভাগই রুশ অর্থনীতিকে কাবু করার কৌশল। গতকাল রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র এস্তোনিয়া জানিয়েছে, তাদের আকাশসীমা রাশিয়ার জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর আগে পোল্যান্ড, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র একই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া বাল্টিক দেশগুলোর মধ্যে লিথুয়ানিয়া ও লাটভিয়া এই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আলোচনার দরজা খোলা নাকি বন্ধ

ইউক্রেনে রুশ আগ্রাসনের আগে কূটনীতিকভাবে সংকটের সমাধান তাগিদ ছিল। গত বৃহস্পতিবার সর্বাত্মক আক্রমণের পর সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়েছে। তবে উভয়পক্ষের পাল্টাপাল্টি দাবি করছে যে, তারা আলোচনা চায়। গতকাল শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকোভ বলেন, আলোচনার উদ্দেশ্যে পুতিন অভিযান থামাতে নির্দেশ দিয়েছিলেন কিন্তু ইউক্রেন তা খারিজ করেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে হামলা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন।

উল্লেখ্য, পশ্চিমাদের হুমকি উপেক্ষা করে ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো বলছে, ইউক্রেনকে নিরস্ত্র করাই তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য, ইউক্রেন দখল করা তাদের পরিকল্পনায় নেই। ইতোমধ্যে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। এমন যুদ্ধ পরিস্থতির মুখে ইউক্রেনকে ‘একলা ফেলে’ দিয়ে পশ্চিমারা দূর থেকে তা দেখছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। তবে ইউরোপের দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিতে সম্মত হয়েছে। কিন্তু এই অস্ত্র রুশ আগ্রাসনের সামনে কতটা কাজে দেবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।