সবার আস্থা ফেরানোই চ্যালেঞ্জ
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে আজ। সদ্য বিদায়ী হুদা কমিশনের মেয়াদে ‘রাতের ভোট’ গ্রহণসহ নানা সমালোচনায় মুখোমুখি হতে হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে।
বিএনপিসহ অনেক রাজনৈতিক দল তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। তৈরি হয়েছিল আস্থা সংকট। নতুন কমিশনের দায়িত্বগ্রহণের পর বড় চ্যালেঞ্জ হবে ইসির প্রতি সবার আস্থা ফেরানো। এমনটিই মনে করেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, যারা কমিশনে যুক্ত হয়েছেন, তারা সবাই দায়িত্বশীল পদে ছিলেন। দেশ তাদের অনেক কিছু দিয়েছে। এবার তাদের দেওয়ার পালা। মুখ দেখে নয়, জাতীয় স্বার্থ বিবেচনা করে তারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। বিতর্কের ঊর্ধ্বে থেকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কাজ করবেন। প্রজ্ঞাপন জারির পর পরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার অবস্থানের কথা স্পষ্ট করেছেন। এর আগেও তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেছিলেন। এখন তিনি সেই পদে আসিন। ফলে চ্যালেঞ্জটা তার জন্য অনেক বড়। নিজেও এমন উপলব্ধি করেন।
গতকাল সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেছেন, সব রাজনৈতিক দলকে নিয়ে একটি স্বচ্ছ নির্বাচন করা তার কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।
নতুন গঠিত ইসি নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও বাম জোট তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম হাফিজউদ্দিন খান আমাদের সময়কে বলেন, কমিশন দায়িত্বগ্রহণের পর তাদের ক্ষমতা সম্পর্কে জানতে হবে। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তাদের ভালো কাজ করার সুযোগ আছে। তাদের ক্ষমতা বুঝে, নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে গেলে চ্যালেঞ্জ আসবে। সেটি তাদের মোকাবিলা করতে হবে। আস্থা সংকট ফেরাতে সবাইকে নিয়ে কাজ করতে হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার একজন সচিব ছিলেন। তিনি অত্যন্ত সজ্জন মানুষ। উনি দেশের মানুষের মাঝে এবং রাজনৈতিক দলের কাছে আস্থা অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস। এ বিশ্বাস থেকেই আমি তার নাম প্রস্তাব করেছি। উনি দায়িত্ব পালন করলে নির্বাচনটা ভালো হবে। লোকে ভোট দিতে পারবে। আমি উনার সফলতা কামনা করছি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুুর রহমান বলেন, নতুন নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে- এটিই জনগণের প্রত্যাশা। একই সঙ্গে তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে, দেশবাসী যেন তাদের ওপর আস্থা রাখতে পারে। দেশবাসীর প্রত্যাশাই হলো- তাদের অধীনে যে নির্বাচন হবে; সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। মানুষ যেন তাদের ভোটাধিকার প্রদানের নিশ্চয়তা পায় তা নিশ্চিত করা। বাংলাদেশের মানুষ যেন ভোটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করবে এই কমিশন- বলেন আওয়ামী লীগের এ নেতা।
নতুন গঠিত নির্বাচন কমিশন জাতির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘নতুন ইসিতে যারা দায়িত্ব পেয়েছেন, কর্মজীবনে প্রত্যেকেই অত্যন্ত দক্ষতা, সততা এবং যোগ্যতার ভিত্তিতে কাজ করেছেন। আমাদের প্রত্যাশা- তারা অতীতে যে যোগ্যতা-দক্ষতা দেখিয়েছেন, ঠিক সেইভাবে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবেন।’
হানিফ বলেন, ‘ইসি নিয়ে যেন কোনো বিতর্ক না হয়, আমার মনে হয় সেটি থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। সব রাজনৈতিক দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, শুধু রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই কমিশনকে নিয়ে অযৌক্তিক কথাবার্তা বলে বিতর্কিত করার চেষ্টা না করা হয়, সেটিই জাতির প্রত্যাশা।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশনের সদস্যরা সরকারের পছন্দের লোক। তারা সবাই সরকারের অনুগত, সুবিধাভোগী ও তোষামোদকারী। এদের অধীনে নির্বাচনে যাবেন না তারা। নির্বাচন কমিশন গঠনের পর গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে তার দলের কোনো আগ্রহ নেই। তাদের কাছে এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশন কাজ করতে পারবে না। এটি জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচনে প্রমাণ হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট- সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ওই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে তাতে আমরাসহ সব দল অংশগ্রহণ করবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের যেমন আশঙ্কা ছিল, সরকারের অনুগত এবং আস্থাভাজন ব্যক্তিদের নিয়েই নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। ফলে এই নির্বাচন কমিশন সামগ্রিক নির্বাচনকেন্দ্রিক যে সংকট তা সমাধান করবে না; বরং আরও ঘনীভূত করার আশঙ্কা থেকে যায়। নির্বাচনকালীন নিরপেক্ষ তদারক সরকার ছাড়া বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।











