রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালট পেপারে ভোট চান আমির খসরু

news-image

নিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোটের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘আমাদের এবারের স্লোগান শেখ হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএমের বদলে ব্যালট পেপার।’

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে ‘নির্বাচন কমিশন গঠনের তামাশা এবং নিরপেক্ষ নির্বাচনের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এ সভা হয়।

আমির খসরু বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে নতুন নতুন আইন হচ্ছে। সেখানে দুর্নীতিবাজ, মানবাধিকার লঙ্ঘনই শুধু নয়, ভোট চোর ও তাদের সহযোগী এবং ভোট চুরি দেখেও না দেখার ভান করেছে তাদের সবার বিরুদ্ধেও আইন হচ্ছে। বাংলাদেশেও এটির কাজ হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টর না। এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন হচ্ছে ভোট চোর আওয়ামী লীগের সহযোগী সংগঠন। সহযোগী সংগঠন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। আপনাকে আগে চোরকে ধরতে হবে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভোট চোর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, তারা হচ্ছে প্রধান চোর। সময় এসে গেছে, এই চোরদের ধরতে হবে। প্রধান চোরকে ধরতে পারলে সহযোগী চোররা এমনিতেই ধরা পড়বে। নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে সবচেয়ে দেশের জন্য বেশি প্রয়োজন আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের ওপর বাংলাদেশের সব জনগণকে জোর দেওয়া উচিত।’

আমির খসরু আরও বলেন, ‘দেশে দুইটা জিনিস পরিবর্তন করতে হবে। শেখ হাসিনার বদলে কেয়ারটেকার সরকার, ইভিএমের বদলে ব্যালট পেপার। এটাই এখন স্লোগান। কারণ এই দুটোই পরিবর্তন করতে পারলে সব কিছুর সমাধান হবে।’

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির ও কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর প্রমুখ।