পুতিনের যুদ্ধ ঘোষণায় রেকর্ড ছাড়ালো তেলের দাম
অনলাইন ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববাজারে ব্যারেলপ্রতি তেলের দাম ছাড়িয়ে গেছে ১০০ ডলার। যা ২০১৪ সালের পরে এই প্রথম।
আজ বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডোনবাসে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লন্ডনে তেলের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে গেছে। বৈশ্বিক তেল বাণিজ্যে রাশিয়া একটি মুখ্য উৎস। ইউরোপের চার ভাগের এক ভাগ জ্বালানি তেলের জোগান মূলত রাশিয়া থেকেই পূরণ করা হয়। অন্যদিকে ইউরোপে তিন ভাগের এক ভাগ গ্যাসের জোগানও রাশিয়া থেকে আসে।
এর আগে, গতকাল বুধবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম বেড়ে ৯৯ ডলারে ওঠে। এ ব্যাপারে ফিডেলিটি ইন্টারন্যাশনালের বিনিয়োগ পরিচালক মাইক কুরি বলেন, ইউক্রেন সংকট, যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়া, বিনিয়োগের অভাবে জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়িয়ে যাবে।
গত মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের ব্যারেলপ্রতি দাম ৯৮ দশমিক ২১ মার্কিন ডলারে উঠেছিল। একই দিনে ডব্লিউটিআই ক্রুড অয়েল ৯৬ দশমিক ৮২ ডলারে উন্নীত হয়েছিল।
এ ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সরবরাহ সংকট সৃষ্টি হতে পারে খাদ্যপণ্যের বিশ্ববাজারে। কৃষ্ণসাগরের বিভিন্ন বন্দর দিয়ে খাদ্যপণ্য রফতানি করে থাকে বিশ্বের প্রধান খাদ্য উৎপাদনকারী দেশ রাশিয়া, ইউক্রেন, কাজাখস্তান ও রোমানিয়া। মূলত বৈশ্বিক গম রপ্তানির ২৯ শতাংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। এ ছাড়া বৈশ্বিক ভুট্টা রপ্তানির ১৯ শতাংশ ও সূর্যমুখী তেল রফতানির ৮০ শতাংশই করে এ দুই দেশ।
ব্যবসায়ীদের উদ্বেগ, যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ খাদ্যশস্যের রপ্তানিপ্রবাহকে ভয়াবহভাবে বাধাগ্রস্ত করতে পারে। সংকটকালে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কৃষ্ণ সাগরীয় দেশগুলোর বিকল্প খুঁজে পেতে মরিয়া শীর্ষ ভোক্তা দেশগুলো।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে খাদ্যশস্যের চাহিদা বাড়ছে লাফিয়ে। কিন্তু সে অনুপাতে উৎপাদন নেই। তার ওপর রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।











