রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

নতুন কারিকুলামের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবি সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, গত চার বছর ধরে নতুন কারিকুলাম প্রণয়নের কাজ করছিলাম। আজ তা আলোর মুখ দেখলো।

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া সংযুক্ত ছিল দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। এনসিটিবি মিলনায়তন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্ত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষক ও শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

এর আগে গতকাল সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পাইলটিং শুরু হচ্ছে। মার্চে প্রাথমিকের প্রথম শ্রেণিতে পাইলটিং শুরু হবে। নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে সেটা হবে আনন্দময়। শিক্ষার্থীরা সমাজ ও শিক্ষকদের প্রশ্ন করার মাধ্যমে শিখবে। তবে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠলেই চলবে না, পাশাপাশি তাদের ভালো মানুষ হতে হবে।