রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যমন্ত্রী বললেন- ‘লালফিতার দৌরাত্ম্যে আমি নিজেও কাবু’

news-image

রংপুর ব্যুরো : লালফিতার দৌরাত্ম্যের কাছে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘লালফিতার দৌরাত্ম্য বড় বেশি। আমি নিজেও কিছুটা কাবু হয়ে গেছি। আমি নিজেও খুব খুশি না। কারণ, সারাটা জীবন কাজ করে বেড়িয়েছি। সরকারের এই চেয়ারে (মন্ত্রিত্ব) বসে মনে হয় এটা কবে বদলাবে? তবে চেষ্টা করা হচ্ছে, আমরা চেষ্টা করছি।‘

আজ শনিবার দুপুরে রংপুরে এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও সুশাসনের জন্য নাগরিক সুজন এবং ইউএনডিইএফের যৌথ আয়োজনে আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার : শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়।

কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় রংপুর অঞ্চল পিছিয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রংপুর অঞ্চলে ভারী শিল্প কলকারখানা নেই। বড় বড় কোম্পানিগুলো এখানে আসতে চায় না। কারণ, উৎপাদন খরচ বেশি পড়বে। এর পেছনে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন খরচ, গ্যাস সংযোগ না থাকাসহ বিভিন্ন কারণ রয়েছে। তবে এ অঞ্চলের শ্রমিকরা অনেক পরিশ্রমী ও সুশৃঙ্খল। জাতীয় পর্যায়েও এর সুনাম রয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময় সৈয়দপুর বিমানবন্দরে অর্ধেক মানুষও আসত না। যাতায়াতে অনেক কষ্ট হতো, যাত্রী পাওয়া যেত না। কিন্তু এখন সৈয়দপুর বিমানবন্দরে দিনে ১৩-১৭টি ফ্লাইট ওঠানামা করছে। আগামী এক বছরের মধ্যে সেখান থেকে প্রতিদিন অন্তত ৩০টি ফ্লাইট ওঠানামা করবে। ইতোমধ্যে সাড়ে ৬শ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিমানবন্দরের মূলভবনটা হয়ে গেছে। লাউন্স, ব্যাংক বুথসহ অন্যান্য সুযোগ সুবিধাও বেড়েছে। এখন এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। তবে নেপাল ও ভুটানের ফ্লাইট নিয়ে কথা চলছে, এটিও চালু করা সম্ভব হবে।

টিপু মুনশি আরও বলেন, ‘সব দলই নির্বাচনী ইশতেহার দেয়। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার রয়েছে। সেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। তবে সবগুলো হয়তো এখনো করতে পারিনি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি।’

চিনিকল প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি চিনিকলও লাভজনক নয়। এই দেশে যে আখ হয়, তা দিয়ে চিনিকল চালু রাখা সম্ভব নয়। এই খাতে শুধু লোকসান হচ্ছে। এ অবস্থায় চিনিকল শ্রমিকদের বাঁচাতে বিকল্প পথ বেছে নিতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চিনিকলগুলোকে প্রয়োজনে বেসরকারিখাতে চিনি ছাড়া অন্যকিছু উৎপাদন নিয়ে ভাবতে হবে। এতে শ্রমিকরা বেকার থাকবে না, লোকসান বন্ধ হবে। কিন্তু লালফিতার দৌরাত্ম্যে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না।’

তিস্তা নদীর দুপাশে সাড়ে ৮ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে রংপুর অঞ্চলের মানুষকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী খুব সিরিয়াস। আন্তর্জাতিক একটা ছোট ঝামেলা আছে, এ কারণে বিলম্ব হচ্ছে। তবে এটা হলে নদীর দুপারে বিশাল অর্থনৈতিক জোন গড়ে তোলা সম্ভব হবে। এজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।’

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার প্রমুখ।