রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ পালিত
রাবি প্রতিনিধি : নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শিক্ষক দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ও উপাচার্যভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল, শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, অফিসার সমিতিসহ অন্যান্য পেশাজীবী সংগঠন শহীদ জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এদিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক শাহ আজম শান্তনুও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে সকাল ১০টায় রসায়ন বিভাগে শহীদ ড. জোহা স্মরণে আলোচনা সভা হয়। বিভাগের সভাপতি অধ্যাপক হাসান আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য। এ ছাড়া উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক মু. ফায়েক উজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
দিবসের কর্মসূচিতে বাদ জুম’আ কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত, বিকেলে শহীদ শামসুজ্জোহা হলে দোয়া মাহ্ফিল, প্রদীপ প্রজ্বালন ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। এ ছাড়াও সন্ধ্যা ৭টায় শিক্ষক সমিতি ড. জোহা স্মরণে জুবেরী ভবনে আলোচনা সভা করে। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে।
ঊনসত্তরের গণঅভ্যুত্থানকালে এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন রিডার ড. সৈয়দ মহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সৈন্যদের গুলিতে নিহত হন। তাই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। তিনিই দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী।











