রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া’

news-image

ফয়সাল আহমেদ
২০২০ সালে ২৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। আটটি পুরস্কার জিতেছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। ছবি দুটি যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছে। সেরা অভিনেতা ও অভিনেত্রীও নির্বাচিত হয়েছেন এই দুই চলচ্চিত্র থেকে।

গত মঙ্গলবার তালিকাটি প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সব মিলিয়ে এবার মোট ২৮ জনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান জানানো হচ্ছে। বিজয়ীদের প্রতিক্রিয়া নিয়ে আজকের আয়োজন। লিখেছেন- ফয়সাল আহমেদ

রাইসুল ইসলাম আসাদ

(আজীবন সম্মাননা)

দেখতে দেখতে অভিনয় জীবনের পথচলায় ৫০ বছর হয়ে গেল। দর্শকের ভালোবাসাকেই সব সময় অনুপ্রেরণা হিসেবে নিয়ে অভিনয় করেছি, নিজেকে প্রতিনিয়ত ভাঙার চেষ্টা করেছি। জীবদ্দশায় সুস্থ থাকাবস্থায় এই সম্মাননা পেতে যাচ্ছি, এটাই সবচেয়ে ভালো লাগার। রাষ্ট্রের পক্ষ থেকে যারা আমাকে চূড়ান্তভাবে মনোনীত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।

 

আনোয়ারা

(আজীবন সম্মাননা)

এর আগে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আনোয়ারা তার এবারের আজীবন সম্মাননা পুরস্কার নিয়ে জানান, একজন শিল্পী জাতীয় পুরস্কার পান তার অভিনীত চরিত্রটি সঠিকভাবে পর্দায় উপস্থাপন করার জন্য। সেই চরিত্রটি ভালোভাবে আত্মস্থ করতে পারলেই শিল্পী সফল হন। জুরি বোর্ডের নজর কাড়েন এবং কাঙ্ক্ষিত পুরস্কার পান। আর একজন শিল্পী আজীবন সম্মাননা পান অভিনয় ক্ষেত্রে তার অবদান রাখার জন্য। এটা একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। প্রত্যেক শিল্পীর মতো আমারও স্বপ্ন ছিল। একটা সময় তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনিয়মিত হয়ে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে নিয়মিত করেছেন। হয়তো পুরস্কার নিয়মিত না হলে জীবদ্দশায় আমি এই সম্মাননা পেতাম না।

তিনি জানান, আমি আজীবন সম্মাননা পেয়ে খুব গর্ববোধ করছি। এখন মাথা উঁচু করে বলতে পারব- না, চলচ্চিত্রে অবদান রাখতে পেরেছি আমি। সরকারও আমাকে মূল্যায়ন করেছে।

 

গাজী রাকায়েত

(সেরা চলচ্চিত্র পরিচালক কাহিনিকার ও চিত্রনাট্যকার)

এই স্বীকৃতি আমাকে আনন্দিত করেছে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার। এই স্বীকৃতির পর অনেক মানুষ আমার ছবিটি দেখবে। যাদের হয়তো দেখার কথা ছিল না। স্বাভাবিকভাবেই আমার ভালো লাগছে। আরও দায়িত্ব বেড়ে গেল। এই পুরস্কারটি আমি উৎসর্গ করলাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জানা-অজানা মুক্তিযোদ্ধাদের প্রতি।

 

ফজলুর রহমান বাবু

(সেরা পার্শ্ব অভিনেতা)

যত স্বীকৃতি পাচ্ছি, কাজের প্রতি তত দায়িত্ব বেড়ে যাচ্ছে। পুরস্কারগুলো আমাকে মনে করিয়ে দেয় কাজের প্রতি আরও দায়িত্ববান হওয়া উচিত। ‘বিশ্বসুন্দরী’ ছবির সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। যারা আমাকে বিবেচিত করেছেন পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে সেই জুরিবোর্ডের প্রতি কৃতজ্ঞতা। এবার যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে আমার অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

সিয়াম আহমেদ

(সেরা অভিনেতা)

টিমের প্রতিটা সদস্যকে ধন্যবাদ। আমাদের টিম মেম্বার কোরিওগ্রাফার সুমন ভাইকে (সহিদুর রহমান) এ পুরস্কার উৎসর্গ করতে চাই। তিনি শুটিংয়ের সময় বারবার বলতেন- জাতীয় পুরস্কার অনেক বড় বিষয়, এটি দায়িত্ব বাড়িয়ে দেয়। এ মানুষটিও এবার পুরস্কার পেয়েছেন। কিন্তু দেখে যেতে পারলেন না। খুব মিস করছি তাকে। এত কম সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি আসলে প্রত্যাশা করিনি। আমার জন্য যতটুকু ভালো লাগছে তার চেয়ে ভালো লাগছে আমার পরিবারের মানুষগুলোর জন্য। তারা আসলেই আনন্দিত এবং গর্বিত। তাদের জন্যই আমার এই অর্জন। এই স্বীকৃতি তাদের বলার জায়গাটা করে দেয় এবং গর্বের জায়গাটা করে দেয়। আমাদের সন্তান কিছু করছে। আমার কাছে সামনের কাজগুলোর প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল। সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না।

দীপান্বিতা মার্টিন

(সেরা অভিনেত্রী)

আমার বিশ্বাসই হচ্ছে না, পুরস্কারটি আসলে আমিই পেয়েছি কিনা! প্রথমে বিশ্বাস হয়নি। কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। এটি আমার প্রত্যাশার অনেক বাইরের প্রাপ্তি। অভিনয়ের সময়ে মনে হয়নি এটি আমি পুরস্কারের জন্য করছি। আমি কখনই পুরস্কার পাওয়ার জন্য অভিনয় করি না। ভালো লাগা থেকেই আমার অভিনয় করা। কিন্তু মজার জিনিসটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় আমার কাছের মানুষরা আমার চেয়ে বেশি খুশি হয়েছে। এই বিষয়টা আমাকে অন্যরকম ভালো লাগার অনুভ‚তি দিচ্ছে। আমার অর্জনে যখন আমার কাছের মানুষরা খুশি হয় তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ‘গোর’ সিনেমার সঙ্গে যারা জড়িত ছিল তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং জুরিবোর্ডের প্রতি কৃতজ্ঞতা তারা আমাকে যোগ্য মনে করেছেন।

মিশা সওদাগর

(সেরা খল অভিনেতা)

এর আগেও আমি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে এ পুরস্কারটি আমার জন্য স্পেশাল। কারণ এটি আমি পেয়েছি কাজী হায়াত সাহেবের ছবিতে অভিনয় করে। আমার সব সময়ের ইচ্ছা ছিল কাজী হায়াত সাহেবের সিনেমা দিয়ে একটি পুরস্কার যেন পাই। কারণ তিনি আমাদের সিনেমার সবচেয়ে বড় একটি সিগনেচার। কমার্শিয়াল হিট সিনেমার নির্মাতা হিসেবে তিনি একজন মহীরুহ। তার সঙ্গে কাজ করেছি অনেক। কিন্তু এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। আমি কাজী হায়াত সাহেবের কাছে কৃতজ্ঞ।