রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার দেশকে বিরাজনীতিকরণের নীল নকশা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সরকারের লোকজন নানা অপকর্মের মাধ্যমে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন।

নাটোরের বিএনপি নেতা আব্দুল আজিজের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানাতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নাটোরের গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের ওপর আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেছে। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার দেশকে রাজনীতিহীন করার নীলনকশার অংশ হিসেবে সরকারের লালিত সন্ত্রাসীরা খুন, জখম, হত্যা, গুম, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো অপকর্মের মাধ্যমে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। সরকারদলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে।’

ফখরুল বলেন, ‘গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আর এসব দুর্বিষহ অবস্থা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে। আব্দুল আজিজের ওপর আওয়ামী সন্ত্রাসীদের পৈশাচিক হামলা সেটিরই নিরবচ্ছিন্ন অংশ। বর্তমান সরকারের চলমান ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পেতে দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’