রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর প্রস্র্রাবজনিত সমস্যায় যা করবেন

news-image

ডা. সুদেশ রক্ষিত
মায়েরা তাদের সন্তানের এমন কিছু অসুস্থতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন, যার চিকিৎসা অনেকাংশে নির্ভর করে রোগের সঠিক ইতিহাস নেওয়া ও শারীরিক লক্ষণের ওপর।

শীত জেঁকে বসেছে। মায়েরা শিশুর প্রস্রাবজনিত সমস্যা, বিশেষ করে রাতে বিছানায় প্রস্রাব করা নিয়ে উদ্বিগ্ন থাকেন। ইতোমধ্যে হয়তো মেয়ের বয়স সাড়ে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু জন্মের পর থেকে এখন পর্যন্ত রাতে বিছানা ভিজিয়ে ফেলে। এ নিয়ে নিজেরা যেমন বিব্রত বোধ করেন, তেমনি শিশুটিও। কিছু চিকিৎসা হয়তো নিয়েছেন, উন্নতি হয়নি। রোগটির নাম নকচারনাল এনিউরেসিস।

এ ছাড়া প্রস্রাবের ইনফেকশনেও অজ্ঞাতসারে বিছানায় প্রস্রাব করা আরেকটি অন্যতম কারণ। নকচারনাল এনিউরেসিস হলো- ৫ বছর বয়সের পরও রাতে অজ্ঞাতসারে মাসে কমপক্ষে দুবার বিছানায় প্রস্রাব করা। সাধারণত রাতে বিছানা শুকনো রাখার বয়স ৩ থেকে ৪ বছর। ৫ বছর বয়সে আনুমানিক ২০ শতাংশ শিশুর প্রাইমারি নকচারনাল এনিউরেসিস থাকে। এদের মধ্যে পরবর্তীকালে বছরপ্রতি আনুমানিক ১৫ শতাংশ শিশুর স্বাভাবিক নিয়মেই উপসর্গের উন্নতি হয়। নকচারনাল এনিউরেসিস মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে ২-৩ গুণ বেশি। বাবা-মায়ের এনিউরেটিক হলে শিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৪ শতাংশ। উভয়ে এনিউরেটিক হলে তা বেড়ে হয় ৭৭ শতাংশে।

নকচারনাল এনেউরেসিস দুই ধরনের- জন্মের পর থেকে বর্তমান বয়স পর্যন্ত কখনোই বিছানা শুকনো রাখেনি (প্রাইমারি)। এর হার ৭৫-৯০ শতাংশ। ৬ মাস শুকনো রাখার পর আবার রাতে বিছানায় প্রস্রাব শুরু করা (সেকেন্ডারি)। এর হার থাকে ১০-২৫ শতাংশ। ৭৫ শতাংশ এনিউরেটিক শিশু শুধু রাতে বিছানা ভেজায়। ২৫ শতাংশ শিশু দিন ও রাতে বিছানা ভেজায়। দারিদ্র্যতা, উদ্বাস্তু, ভাইবোনের জন্মসহ পরিবারের কোনো সদস্যের মৃত্যুতে অতিরিক্ত মানসিক চাপ (সেকেন্ডারি এনিউরেটিক) থেকেও এ সমস্যা দেখা দিতে পারে।

রোগ নির্ণয় : মা-বাবা, শিশুর সেবাদানকারী এমনকি শিশুর স্কুল-সংশ্লিষ্টদের কাছ থেকে রোগের সম্পূর্ণ ইতিহাস নেওয়া আবশ্যক। শারীরিক লক্ষণ দেখে নকচারনাল এনেউরেসিসের অন্য কোনো কারণ আছে কিনা, তা খুঁজে বের করতে হবে।

ল্যাব পরীক্ষা : সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। বিশেষ ক্ষেত্রে প্রস্রাবের রুটিন, কালচার পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাফি (কটই) প্রয়োজন হতে পারে।

চিকিৎসা : এ জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়। স্বাভাবিক নিয়মেই সর্বোচ্চ ১৫ বছর বয়সের মধ্যে এনিউরেসিসের উপসর্গের উন্নতি হয়, অর্থাৎ যখন মূত্রথলির ওপর মস্তিষ্কের নিয়ন্ত্রণ ধীরে হলেও প্রতিষ্ঠিত হয়। প্রাপ্তবয়স্কদের মধ্যে এনিউরেসিস হার ১ শতাংশেরও কম। অভিভাবকদের আশ্বস্ত করতে হবে, শিশু ইচ্ছাকৃতভাবে রাতে বিছানা ভেজায় না। শিশুটির পানি পানের অভ্যাস দেখতে হবে। রাত ৭টার পর ২ আউন্সের বেশি পানীয় পান করতে না দেওয়া এবং ৪টার পর চিনি, চা, কফি খেতে না দেওয়া। ঘুমানোর আগে প্রস্রাব করানো ভালো। শিশুর বয়স ৬ বছরের বেশি হলে নির্দিষ্ট চিকিৎসা দিতে হবে।

এ ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো- শিশুকে রাতে শুকনো থাকতে উদ্বুদ্ধ করা, বিছানা শুকনো রাখার জন্য স্টার চার্ট রাখা ও পুরস্কৃত করা। বিছানা ভেজানোর জন্য তিরস্কার না করা। এতে হিতে বিপরীত হতে পারে। শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। এনিয়োরেসিস এলার্মের (কন্ডিশনিং থেরাপি) উচ্চ শব্দে বিছানা ভেজানোর শুরুতেই শিশুকে জাগিয়ে তোলে। সফলতার হার শতকরা ৩০-৬০ ভাগ। উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ট্যাবলেট ডেসমোপ্রেসিন ০.২-০.৬ মি. গ্রাম ঘুমাতে যাওয়ার আগে খাওয়াতে হবে ৩ থেকে ৬ মাস।

পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য এখন ডেসমোপ্রেসিন নাকের স্প্রে আর ব্যবহৃত হয় না। সফলতার হার শতকরা ৪০ ভাগ। কিছু রোগীকে ট্যাবলেট অক্সিবিউটাইনিন দেওয়ার প্রয়োজন হতে পারে। ওষুধে উপসর্গের উন্নতি ঘটায় কিন্তু নির্মূল করে না। থেরাপি শেষে রিলাপস হওয়ার আশঙ্কা থাকে। এতেও উন্নতি না হলে এবং শিশুর বয়স ৭-এর ওপর হলে তৃতীয় ধাপে ট্যাবলেট ইমিপ্রামিন ২৫ মি.গ্রা ঘুমাতে যাওয়ার আগে খাওয়াতে হবে ২-৩ মাস। সফলতার হার ৩০- ৬০ ভাগ। দুই ধরনের থেরাপি একযোগে ব্যবহারে আরও ভালো ফল পাওয়া যায়।

লেখক : অধ্যাপক (এক্স) শিশুরোগ বিভাগ

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা

চেম্বার : সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল লি., হাটখোলা রোড, টিকাটুলী, ওয়ারী, ঢাকা