রাশিয়া কি ইউক্রেনে সামরিক আক্রমণ চালাবে
জাহাঙ্গীর সুর : মানুষেরই হাতে তবু মানুষ হতেছে নাজেহাল’- সৃষ্টির তীরে যে ছবি ফুটে উঠেছিল কবি জীবনানন্দ দাশের কলমে, সেই প্রতিচ্ছবি আজও আমরা দেখতে পাই পৃথিবীর সংঘাত-কবলিত জনপদে। যেমন ইউক্রেন। প্রাকৃতিক সম্পদে প্রাচুর্যময় এ দেশে রাশিয়া যদি সত্যিই সামরিক আক্রমণ করে, যেমনটা আশঙ্কা করছে পশ্চিমা দেশসমূহ ও তাদের গণমাধ্যমগুলো, তা হলে কী বিপর্যয় নেমে আসবে? এ নিয়ে দৈনিক আমাদের সময় কথা বলেছে ইউক্রেন বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ অ্যানা ন্যাগারনির সঙ্গে। চৌদ্দর ক্রিমিয়া অধিগ্রহণের থেকেও মস্কোর এই ইউক্রেন আগ্রাসন কেন গোটা ইউরোপ ও গণতান্ত্রিক বিশ্বের জন্য মাথাব্যথার বড় কারণ হতে পারে, সেই প্রসঙ্গ উঠে এসেছে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের অধ্যাপকের এই সাক্ষাৎকারে। ইমেইলে আলাপ করেছেন আমাদের সময়ের সিনিয়র সাব-এডিটর জাহাঙ্গীর সুর
আমাদের সময় : শুভেচ্ছা জানবেন। আশা করি, ভালো আছেন।
অ্যানা ন্যাগারনি : আমাকে খোঁজার জন্য অনেক ধন্যবাদ।
আমাদের সময় : পশ্চিমা গণমাধ্যমগুলো লাগাতার প্রতিবেদন প্রকাশ করছে এই বলে যে, সম্ভাব্য রুশ আগ্রাসনের আশঙ্কা করছে ইউক্রেন। অবশ্য মস্কো এমন অভিপ্রায়ের কথা বারবার অস্বীকার করছে। আপনার কি মনে হয়, দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষের সত্যিকারের ঝুঁকি রয়েছে?
অ্যানা ন্যাগারনি : হ্যাঁ, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আমিও মনে করি, নানা কারণে এ দুটো দেশের মধ্যে নতুন করে সংঘর্ষের বাস্তবিক ঝুঁঁকি রয়েছে। মস্কোতে এমন কিছু মানুষ আছে, সোভিয়েত ইউনিয়নের পতনে যাদের মনে অসন্তোষের আগুন লেগেছিল। এখনো এর আঁচ পাওয়া যাচ্ছে : তারা এমনকি ৩০ বছর পরও সেই সোভিয়েত ইউনিয়নের মতো রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছেন। এবং এ বছর সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠার শততম বার্ষিকী। এ কারণে, তাদের অধৈর্য ও হতাশা আরও প্রকট হচ্ছে। রাশিয়ার চেয়ে ইউক্রেনের আলাদা সংস্কৃতি, ভাষা ও জাতীয় পরিচয় থাকা সত্তে¡ও মস্কোয় এমন কিছু মানুষ আছে যারা মনে করে, ইউক্রেনের রাশিয়ারই অংশ হওয়া উচিত।
আমাদের সময় : ঠিক কী কারণে আপনার মনে হচ্ছে যে, ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া?
অ্যানা ন্যাগারনি : প্রথমত ইউক্রেন প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ দেশ। ইউক্রেনকে বলা হয় ‘ইউরোপের শস্যভাÐার’ (ব্রেডবাস্কেট অব ইউরোপ)। রাশিয়ায় কিছু মানুষ আছে, যারা এই প্রাকৃতিক সম্পদে ভাগ বসাতে চায়। দ্বিতীয়ত রাশিয়ায় কিছু লোক আছে, যারা ভীতসন্ত্রস্ত আর অস্থির, কেননা ইউক্রেনের ক্ষমতাসীন সরকার পথনির্দেশনা, সমর্থন, তহবিল ইত্যাদির আশায় কথায় কথায় পশ্চিমের পানে মন বাড়ায়। উপরন্তু, ইউক্রেন ও বেলারুশ সীমান্তে থাকা দেশটি এমন এক স্বৈরশাসক (ভøাদিমির পুতিন) দ্বারা নিয়ন্ত্রিত, যিনি রাশিয়ার রক্ষণশীল গোত্রের সঙ্গে সম্পর্ক পোক্ত করছেন। এবং যে আগ্রাসনের আশঙ্কা করা হচ্ছে, এতে তিনি ‘সামরিক জ্বালানি’ সরবরাহ করার জন্য মুখিয়ে আছেন।
আমাদের সময় : মস্কো যদি ইউক্রেন আক্রমণ করেই বসে, তা হলে বিপর্যয়ের বহুমাত্রিকতা কেমন হতে পারে?
অ্যানা ন্যাগারনি : এ রকম অতিগুরুত্বপূর্ণ প্রশ্ন তোলার জন্য আপনাকে ধন্যবাদ।
বেশ কিছু আন্তঃসম্পর্কিত বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা করছি। প্রথমটি হলো সামরিক বিপর্যয় : উভয় পক্ষের সৈন্যরা বলি হবে, অনেক সাধারণ মানুষ জখম হবে, অনেকে প্রাণ হারাবে। এ সামরিক বিপর্যয় অর্থনীতি ও সমাজে প্রভাব ফেলবে; শুধু আঞ্চলিক ও জাতীয়ভাবে নয়, গোটা ইউরোপ ও এর বাইরে এক বিশাল অনিশ্চয়তার সৃষ্টি করবে।
দ্বিতীয় বিপর্যয়টি আরও বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। এটা হলো মানবিক বিপর্যয়। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে এবং খাদ্য নিরাপত্তাহীনতা ও প্রয়োজনীয় সরবরাহের ঘাটতির মুখে পড়বে। পশ্চিমমুখে শরণার্থীর উপচেপড়া স্র্রোত শুরু হবে। নিরাপত্তা-সন্ধানী ওই মানব-বন্যা শুধু যে অভ্যন্তরীণ উদ্বাস্তুদের জন্য সংকট সৃষ্টি করবে তা নয়, ইউরোপে শরণার্থী সংকটও গভীরতর হবে এমন এক সময় যখন বিশ^ করোনা ভাইরাস মহামারীর সঙ্গে লড়াই করছে।
কিছু দেশ আছে; যেমন ধরুন : পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ¯েøাভাকিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি ও পর্তুগাল, যারা ইউক্রেনের শরণার্থীদের নিজেদের দেশে আশ্রয় দিতে পারে।
ইউক্রেনের উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণ সীমান্তবর্তী বেশিরভাগ দেশই ইঙ্গিত দিয়েছে যে, ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য যা-কিছু হুমকি, তা স্বাধীন দেশ হিসেবে তাদের নিজস্ব অস্তিত্বের জন্যও হুমকি। কিন্তু যদি সত্যিই রুশ আগ্রাসন শুরু হয়, কী নিশ্চয়তা আছে যে, ওই সব দেশ সামরিক সংঘাতে [প্রতিরোধ গড়তে] অংশগ্রহণ করবে বা তারা মানবিক কার্যক্রমে সহায়তা করবে?
আমাদের সময় : রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণ করেছে। এর পর ইউক্রেন সংঘাতে ১৪ হাজারের মতো মানুষের প্রাণ ঝরেছে। ইউক্রেনে এমন প্রাণবিনাশী সংঘাত এড়াতে আন্তর্জাতিক পক্ষগুলোর কী করা উচিত?
অ্যানা ন্যাগারনি : ক্রিমিয়া উপদ্বীপ সংকটটি বেশ জটিল। একটি সম্মেলনের জন্য আমি সেখানে কিছুদিন ছিলাম। এর অপরূপ সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করেছে। রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণকে ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবেই দেখা হয়। কিন্তু সেই সময় রুশ আগ্রাসকদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পশ্চিমা সরকারগুলোর সত্যিকারের ইচ্ছা ছিল, এ কথা জোরগলায় বলা যায় না। কেউই মস্কোর ওই আগ্রাসনকে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেনি, যদিও এটা ছিল বিশ্বব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন। কোনো দেশ কি পারে আরেক দেশের ভ‚খÐ দখল করতে?
অন্যদিকে ইউক্রেনে আগ্রাসন ওই দেশটির সীমান্তবর্তী সব দেশের জন্য এবং বৃহত্তর অর্থে গণতান্ত্রিক বিশ্বের সব রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। এ আগ্রাসন হবে সুশীল সমাজের বিরুদ্ধে আগ্রাসন। এ আগ্রাসনকে দেখা হবে শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে।
আমরা পূর্ব ইউক্রেনের ডনবাসে যুদ্ধের কথা যেন ভুলে না যাই। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর পরই সে যুদ্ধ শুরু হয়েছিল। এতে হাজার হাজার মানুষ মারা গেছে। আর এখন তো শয়তান শাসকরা কখনো কখনো সংকর হুমকি (যেমন সাইবার নিরাপত্তা) পুঁজি করে পথ চলেন। ইউক্রেনের বিভিন্ন ক্ষেত্রই আগ্রাসনের নিশানায়। ধরুন, শুধু শক্তি খাতই যদি নিশানার শিকার হয়, তা হলে অনেক অর্থনৈতিক কার্যকলাপ ধসে পড়বে।
এজন্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে আরও সক্রিয় হতে হবে। ইউক্রেনের স্বাধীন জনগণ ও তাদের নির্বাচিত সরকারকে সংহতি জানিয়ে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলতে হবে। অন্যথায়, আসন্ন ও দীর্ঘমেয়াদি প্রভাব হবে ভয়াবহ।
আমরা জানি, তিন ধরনের বিপর্যয় রয়েছে : মানবসৃষ্ট, প্রাকৃতিক ও প্রযুক্তিগত বিপর্যয়। কিছু বিপর্যয় আকস্মিক নেমে আসে, কিছু বিপর্যয় ধীরে ধীরে শুরু হয়।
ইউক্রেন হোক আর অন্যখানে হোক, আগ্রাসকদের হুমকি রুখে দিতে হবে, পররাষ্ট্রের ভ‚খÐ দখলকারী বা দখলের চেষ্টাকারী শাসকদের সমুচিত শাস্তি নিশ্চিত করতে হবে। এই প্রতিরোধ ও বিচারের দায়িত্ব গণতান্ত্রিক বিশে^র।
আমরা কিছুতেই এ যুদ্ধ হতে দিতে পারি না যা ইউক্রেনকে পঙ্গু বানিয়ে ছাড়বে। আমাদের এই পৃথিবী যথেষ্ট বড়, যেখাবে প্রতিটি দেশ উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করতে পারে এবং তাদের নাগরিকরা স্বাধীনভাবে জীবনকে উপভোগ করতে পারে।
আমাদের সময় : গুছিয়ে সবিস্তারে আপনার চিন্তা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা। সংকটের গভীরে দৃষ্টি ফেলে বিপর্যয়ের চিত্র এঁকেছেন আপনি। তথাপি ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাবে- এ যেন সত্য না হয়। আবার কথা হবে।
অ্যানা ন্যাগারনি : আপনাকে ধন্যবাদ। এ নিয়ে দরকার পড়লে যে কোনো সময় কথা হতে পারে। ভালো থাকবেন।











