রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবাদতে ৯ বছর পর বাংলাদেশি পেসারদের ‘ফাইফার’

news-image

স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গাইনুয়ে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটে তিন ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। ​প্রথম ইনিংসে ১৩০ রানের লিড আর নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট করে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রান। সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুমিনুল-মুশফিকরা।

এর ফলে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্টে প্রথম জয়তো বটেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পেল প্রথম জয় আর মাউন্ট মঙ্গানুইনুয়ে স্বগর্বে উড়লো লাল-সবুজের পতাকা। এর সাথে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ব্ল্যাক ক্যাপসরা। ২০১৭ সালের পর স্বাগতিকরা টানা ৮ টেস্ট সিরিজে জিতেছে। সেই ধারাবাহিকতায় ছেদ ঘটালো টাইগাররা।

মাউন্ট মঙ্গাইনুতে বাংলাদেশের জয়ের নায়ক এবাদত হোসেন চৌধুরী। আগের দিন ৪ উইকেট পেয়েছিলেন এবাদত। তার বলে আউট হন- উইল ইয়াং, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। আজ প্রথম ওভারের দ্বিতীয় বলে রস টেলরকে বোল্ড করেন। এরপর নেন কাইল জেমিসনের উইকেট। সব মিলিয়ে ৪৬ রানে তার শিকার ৬ উইকেট। তার হাত ধরে প্রায় ৯ বছর ও ৪৭ ম্যাচ পর টেস্টে ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোনো পেসার। শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের পর চতুর্থ পেসার হিসেবে টেস্টে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই পেসার।

এবাদতের ক্যারিয়ারসেরা বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতেই। টম লাথামের দলকে ৮ উইকেটে হারাল মুমিনুল বাহিনী। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ম্যাচ অব দ্য ম্যাচ এবাদত হোসেন।

দেশে ও দেশের বাইরে মিলিয়ে বাংলাদেশের পেসাররা টেস্টে ৫ উইকেট পেয়েছেন ৯বার। শাহাদাত একাই এমন কীর্তি গড়েছেন চারবার। এছাড়া রবিউল দুইবার এবং মঞ্জুরুল ও রুবেল হোসেন পেয়েছেন একবার করে। এবাদত এই ক্লাবের নবম সংযোজন।